মুম্বই: মহেন্দ্র সিংহ ধোনির আইপিএল থেকে অবসর নেওয়ার ঘটনা ক্রিকেটপ্রেমীদের একটু হলেও মন খারাপ করে দিয়েছে। তাঁর এই সিদ্ধান্তের পর থেকেই দেশ বিদেশের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা ধোনিকে নিয়ে নানারকম প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর ভারতীয় ক্রিকেটে অবদানের কথা উল্লেখ করেছেন। সেই তালিকায় চেন্নাই সুপার কিংসের বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড, প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা থেকে ধোনির সময়ের জাতীয় দলের সতীর্থ রায়না, পাঠানরাও রয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক কে কী মন্তব্য করেছেন —
চেন্নাই সুপার কিংস অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন ২০১৯ সালে। ধোনিই তখন দলের নেতৃত্বে। ক্যাপ্টেন কুলের সারল্যতাই মন ছুঁয়ে গিয়েছিল গায়কোয়াডের। তিনি জানান, ‘সরলতা। ২০১৯ সালে যখন আমি প্রথম সিএসকেতে যোগ দিই, তখন আপনাকে খুব কাছ থেকে দেখে এই শব্দটির প্রকৃত অর্থ শিখেছিলাম। বছরের পর বছর ধরে আপনি যা কিছু অর্জন করেছেন, তা সত্ত্বেও এটিই ছিল আমার শেখা সবচেয়ে বড় শিক্ষা। আপনার সঙ্গে ড্রেসিংরুম, মাঠ, ২২ গজ ভাগ করে নেওয়া ও ম্যাচ ফিনিশ করা স্বপ্নের মত। আপনি আমাদের অধিনায়ক ও আমাদের নেতা যা সবসময় থাকবেন। সবকিছুর জন্য ধন্যবাদ, মাহি ভাই।’
রোহিত শর্মা তাঁর কেরিয়ারের পুরোটাই মূলত খেলেছেন মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। তিনি লিখেছেন, ‘একটি অবিশ্বাস্য আইপিএল কেরিয়ারের জন্য অভিনন্দন, ধোনি ভাই। বছরের পর বছর ধরে আপনার সঙ্গে মাঠ ও অনেক স্মৃতি ভাগ করে নেওয়া দারুণ আনন্দের ছিল। অনেক শ্রদ্ধা!’
ভারতীয় দল ও সিএসকের জার্সিতে দীর্ঘ সময়ে একসঙ্গে সময় কাটিয়েছেন ধোনি ও রায়না। ধোনির নেতৃত্বে চেন্নাই যে আইপিএল শিরোপা জিতেছে, তার অন্য়তম অংশ ছিলেন রায়না। তিনি লিখেছেন, ‘কিছু জুটি ক্রিকেটের ঊর্ধ্বে চলে যায়। কিছু বন্ধন সীমানার বাইরেও থেকে যায়। আর কিছু কিংবদন্তি কখনও সত্যিকার অর্থে অবসর নেন না। ৭ নম্বর জার্সি হয়ত আর মাঠে নামবে না, কিন্তু আপনার উত্তরাধিকার চিরকাল চিপকের হৃদস্পন্দন হয়ে থাকবে।’
প্রাক্তন ভারত অধিনায়ক শিখর ধবন বলেন, ‘কী অবিশ্বাস্য এক যাত্রা ছিল, ধোনি ভাই। আপনার নেতৃত্ব, শান্ত স্বভাব ও খেলার ওপর প্রভাব প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। খেলোয়াড় হিসেবে একধাপ পিছিয়ে এসেছেন, কিন্তু ক্রিকেটে আপনার প্রভাব অব্যাহত থাকবে। সিএসকের সঙ্গে এই নতুন ভূমিকায় আপনার জন্য রইল শুভকামনা।’
