ওয়েলিংটন: ইংল্যান্ড সফরে তিনি অনবদ্য বোলিং করেছিলেন। তবে এক বছরেরও বেশি সময় চোটের কারণে তিনি জাতীয় দলের বাইরে ছিলেন। কড়া রিহ্যাব করে কিউয়ি সফরে জাতীয় দলে ফিরেই কিন্তু ফের একবার আকাশ দীপকে (Akash Deep) স্বমহিমায় দেখা গিয়েছে। এই বছর খানেকের বেশি সময় দলের বাইরে থাকার সময়েও কীভাবে ভারতীয় কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) তাঁকে উদ্বুদ্ধ করতেন, সবসময় তাঁর খোঁজখবর নিতেন, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলাশেষে সেই নিয়েই মুখ খুললেন আকাশ দীপ।
কিউয়িদের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় দিনে দুরন্ত বোলিং করেন আকাশ। বাংলার ফাস্ট বোলার নিউজ়িল্যান্ডের হয়ে ২২ গজে কার্যত তাঁবু গেঁথে দেওয়া হেনরি নিকোলস এবং গ্লেন ফিলিপ্সের পার্টনারশিপ ভাঙেন। শতরানের গণ্ডি পার করে দুরন্ত ছন্দে ব্যাট করা ফিলিপ্সকে এক স্বপ্নের বলে সাজঘরে ফেরান তিনি, ভেঙে দেন কিউয়ি অলরাউন্ডারের উইকেট।
ফিলিপ্সের উইকেট নেওয়ার আগে তাঁকে কী ভাবে সেট করেন সেই বিষয়ে কথা বলতে গিয়ে আকাশ জানান, ‘আমি একটু বাইরের দিকেই বলটা রেখে ব্যাটারদের খেলার জন্য লোভ দিচ্ছিলাম। একটু বাইরে থেকে পাঁচ ছয়টা বল করার পর ব্যাটার আমার বল খেলতে শুরু। তার আগে তো ও বল ছেড়ে দিচ্ছিল। ও ব্যাটে বলে করার চেষ্টা শুরু করতেই আমি স্টাম্পের কাছ থেকে বল করা শুরু এবং দ্বিতীয় বলেই ওকে আউট করি। ওর মাথার সঙ্গে খেলার চেষ্টা করি, যাতে ও এগিয়ে এসে বলটা খেলতে যায় এবং আমার বলের জন্য এক সুন্দর কোণ তৈরি হয়।’
আরও পড়ুন:- সাক্ষাৎকারের পরেই বদলেছে ভাগ্য! মুস্তাক আলিতে রানে ফিরে প্রধামন্ত্রীকে ‘লাকি’ দাবি সূর্যকুমার যাদবের
তবে চোট সারিয়ে জাতীয় দলে ফেরার সফরটা তো সহজ ছিল না। ঘরোয়া ক্রিকেটে রঞ্জিতে বাংলার হয়ে ছয় ম্যাচে ২২ উইকেট, দলীপ ট্রফিতে ছয় উইকেট এবং ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলে নিজের ফিটনেস প্রমাণ করে তারপরে জাতীয় দলে ফিরেছেন আকাশ দীপ। এই লম্বা সফরে ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে সবসময় তিনি পাশে পেয়েছেন বলেই জানান আকাশ।
‘ফাস্ট বোলার হিসাবে পিঠের চোট সারিয়ে কামব্যাক করাটা সহজ নয়। গোটা প্রক্রিয়াটা খুব চ্যালেঞ্জিং। তবে আমার ক্ষেত্রে একটা জিনিস ভাল ছিল যে ওই সময়েও আমাদের কোচ জিজি সবসময় আমার খোঁজখবর নিতেন, মেসেজ করতেন, সবসময় বলতেন আমায় আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে। গোটাটা আমায় মানসিকভাবে প্রেরণা জুগিয়েছে এবং সেটা আমার জন্য অত্যন্ত ইতিবাচক ছিল। চোটের সময় আমি নিজের উপর আরও বেশি খেটেছি, নিজের শক্তি, দক্ষতা আরও বাড়ানোর চেষ্টা করেছি। আজ দেড় বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছি, সেটা কিন্তু কোনওসময় মনে হয়নি। তাই আমি খুব খুশি’, রিপোর্টারদের জানান তিনি।
