ক্রাইস্টচার্চ: দ্বিতীয় দিন লাঞ্চ বিরতিতে নিউজ়িল্যান্ডের দুই অপরাজিত ব্যাটার টম ব্লান্ডেল এবং ম্যাট হেনরি যখন ড্রেসিংরুমের দিকে হাঁটছেন, টিভি ক্যামেরায় ধরা পড়ল গৌতম গম্ভীরের মুখ। ভারতীয় ড্রেসিংরুমে দাঁড়িয়ে। গম্ভীরকে বেশ নির্বিকার দেখাচ্ছিল। ভিতরের অসন্তোষ কি ঢাকার চেষ্টা করছিলেন ভারতীয় দলের হেড কোচ?

দ্বিতীয় দিন প্রথম সেশনে খেলা হল ২৪ ওভার। উঠল ৮৪ রান। নিউজ়িল্যান্ডকে অল আউট করা গেল না। পড়ল ৩ উইকেট। ভারতীয় কোচের চিন্তিত হওয়ারই কথা।

লাঞ্চের পর ৭.৩ ওভারের মধ্যে নিউজ়িল্যান্ডের বাকি দুই উইকেট তুলে নিয়ে ভারতীয় শিবিরে স্বস্তি দিলেন গুরনূর ব্রার ও আকাশ দীপ। ৩৫৬ রানে শেষ হল নিউজ়িল্যান্ডের প্রথম ইনিংস। ১১৬.৩ ওভার ব্যাট করে। তার চেয়েও বড় কথা, শেষ ৪ উইকেটে ১০৯ রান যোগ করল নিউজ়িল্যান্ড! তাদের টেল এন্ডারদের ব্যাট হাতে রুখে দাঁড়ানো যেন অভ্যাসে পরিণত হয়েছে।

দিনের শুরুটা ভাল হয়েছিল ভারতের। দ্বিতীয় ওভারে অংশুল কম্বোজ গ্লেন ফিলিপ্সকে ফিরিয়ে দিয়েছিলেন। ৩৬ রান করে ফেরেন ফিলিপ্স। কিন্তু এরপরই তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় নিউজ়িল্যান্ডের লোয়ার অর্ডার। নাথান স্মিথ কিছু দুর্দান্ত শট খেলে বুঝিয়ে দেন, আট নম্বরে ব্যাট হাতেও তিনি যথেষ্ট কার্যকর হতে পারেন। অন্যদিকে, কাইল জেমিসনও হাত খুলে ব্যাট চালিয়ে দলের স্কোরবোর্ডে কিছু গুরুত্বপূর্ণ রান যোগ করেন।

শেষ পর্যন্ত দু’জনকেই আউট করেন আকাশ দীপ, যিনি এই টেস্টে এখনও পর্যন্ত ভারতের সেরা বোলার। তাঁর বলে দুটি ক্যাচ ফেলেন দেবদত্ত পাড়িক্কল। প্রথম বলেই ম্যাট হেনরিকে জীবন দেন পাড়িক্কল। একটি সহজ ক্যাচ ফেলেন। এরপর একই ব্যাটারের একটি তুলনামূলক কঠিন ক্যাচও ধরতে পারেননি তিনি। শেষ পর্যন্ত অবশ্য আকাশ দীপই ফেরান হেনরিকে। তার আগে গুরুত্বপূর্ণ ১৯ রান করেছেন কিউয়ি পেসার।

পিচ এখনও সবুজ রয়েছে এবং নতুন বল হাতে পেসারদের জন্য বল কিছুটা স্যুইং ও সিম মুভমেন্ট করছে। মধ্যাহ্নভোজের বিরতির পর ভারত দ্রুত শেষ দুটি উইকেট তুলে নিয়েছে। ব্যাট হাতে লড়াই চালালেন টম ব্লান্ডেল। নিউজ়িল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছেন। তাড়াহুড়ো না করে ক্রিজে সময় কাটাতেই স্বচ্ছন্দ বোধ করেছেন। শেষ পর্যন্ত ৮৯ রান করে গুরনূর ব্রারের বলে ফেরেন তিনি।

পরীক্ষা এবার ভারতীয় ব্যাটিংয়ের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *