সুপ্রিম কোর্ট (ফাইল ফোটো)
নয়া দিল্লি: এসআইআর সংক্রান্ত মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। রাজ্যে পুরভোটের আগে এই নির্দেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ট্রাইবুনালের (Tribunal) দীর্ঘ প্রক্রিয়ার ক্ষেত্রে এবার সময় বেঁধে দিল শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলে একাধিক মামলা হয়েছে। সোমবার সেই সব মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে।
পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) সংক্রান্ত আপিল নিয়েও বিশেষ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ট্রাইব্যুনালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে দায়ের হওয়া আবেদনগুলির শুনানি আপাতত স্থগিত রাখা হয়। ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের আবেদনগুলিকে অগ্রাধিকার দিয়ে শুনানির নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।
রাজ্যকে নোটিস ইস্যু করেছে সুপ্রিম কোর্ট
যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা সরকারি পরিষেবা পাচ্ছেন না বলে এদিন আদালতে অভিযোগ তোলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। প্রশান্ত ভূষণের এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারকে নোটিস ইস্যু করেছে সুপ্রিম কোর্ট। যাদের এই বিষয়ে অভিযোগ রয়েছে, তাদের অবিলম্বে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রশান্ত ভূষণ আরও বলেন, “যাদের নাম ভুল করে বাদ গিয়েছিল, তাদের মধ্যে ৯৩ শতাংশের নাম ফের অন্তর্ভুক্ত হয়েছে। ফলে এই সংখ্যা বিরাট। এখনও ২২ লক্ষের বিচার বাকি রয়েছে। এরা গত নির্বাচনে ভোট দিতে পারেননি। এদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হোক।”
ট্রাইবুনালগুলিকে বিশেষ নির্দেশ
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সুপারিশ ও পরামর্শ অনুযায়ী অ্যাপেলেট ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এছাড়া, ট্রাইবুনালগুলিকে বলা হয়েছে যে আপিলগুলি দুটি পৃথক ভাগে ভাগ করতে হবে।
প্রথমত, ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের আপিল আগে শুনতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। আর ভোটার তালিকায় অন্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে আপত্তি জানিয়ে যে আপিল জমা পড়েছে, তার ক্ষেত্রে এখনই কোনও জরুরি পদক্ষেপের প্রয়োজন নেই বলে উল্লেখ করেছে শীর্ষ আদালতের।
একমাস সময় দিল শীর্ষ আদালত
দ্রুত আপিলের নিষ্পত্তির স্বার্থে বিভিন্ন এলাকায় ট্রাইবুনালের জন্য উপযুক্ত পরিকাঠামো ও স্থান চিহ্নিত করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা পুরসভা এলাকাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এক মাসের মধ্যে যাবতীয় প্রক্রিয়া কমিশনকে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
