কলকাতা: টলিউডে শুরু হচ্ছে নতুন সিনেমার শ্যুটিং। তবে মর্ত্যে নয়, এবার শ্যুটিং সেট বসবে যমলোকে! যেখানে চিত্রগুপ্ত ব্যস্ত পাপ-পুণ্যের হিসাব মেলাতে, সেখানে হঠাৎ ‘লাইট, ক্যামেরা, অ্যাকশন’-এর শোরগোল! এমনই এক অভিনব কল্পনাকে কেন্দ্র করে, বাংলা চলচ্চিত্রের দর্শকদের জন্য আসছে নতুন কমেডি ‘যমলোকে সিনেমা’। গ্রুফার মুভিজের ব্যানারে সমীরণ সাহার প্রযোজনায় ছবিটির কাহিনি ও পরিচালনার দায়িত্বে রয়েছেন, প্রকাশ দাস। পৌরাণিক আবহ, সমসাময়িক জীবনের নানা মজার পরিস্থিতি এবং চলচ্চিত্র নির্মাণের নেপথ্যের অজানা দিকগুলিকে এক সুতোয় বেঁধে দর্শকদের ভিন্ন স্বাদের বিনোদন উপহার দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা। খুব তাড়াতাড়ি শুরু হবে এই সিনেমার শ্যুটিং।

অভিনয়ে কে কে? কী নিয়ে এগোবে সিনেমার গল্প?

ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik), রূপসা মুখোপাধ্যায় (Rupsha Mukhopadhyay), প্রদীপ ভট্টাচার্য, রাজু মজুমদার, দেবাশিস গঙ্গোপাধ্যায় ও ক্যান্ডি। ছবিটির চরিত্রে যেমন বৈশিষ্ট্য রয়েছে, তেমনই রয়েছে হাস্যরসের উপস্থিতিও। পরিচিত পৌরাণিক চরিত্রদের একেবারে অন্যরকম প্রেক্ষাপটে দেখার সুযোগও পাবেন দর্শকরা। গল্পের কেন্দ্রে রয়েছে শুভম মুখোপাধ্যায় নামে এক তরুণ, যে স্বপ্ন দেখতে ভালবাসে। তার স্বপ্ন, পরিচালক হয়ে ওঠা। কিন্তু স্বপ্নপূরণের পথে এক অপ্রত্যাশিত ঘটনা তাকে পৌঁছে দেয় এমন এক জগতে, যেখানে বাস্তবের সমস্ত হিসাব যেন ওলটপালট হয়ে যায়। আর সেখান থেকেই শুরু হয় এক অদ্ভুত সিনেমা তৈরির আয়োজন। যমরাজ ও চিত্রগুপ্তের চিরপরিচিত জগতে আধুনিক সিনেমার প্রবেশ ঘিরে তৈরি হয় একের পর এক হাস্যকর পরিস্থিতি। তবে এই অভিনব উদ্যোগের নেপথ্যে কী রয়েছে এবং শেষ পর্যন্ত কী ঘটবে, সেই রহস্যই দর্শকদের জন্য তুলে রাখা হচ্ছে।

কী বলছেন পরিচালক?

ছবিটি নিয়ে পরিচালক বলছেন, ‘সিনেমা মানেই শুধু গল্প বলা নয়, দর্শকদের এক নতুন অভিজ্ঞতার জগতে নিয়ে যাওয়া। ‘যমলোকে সিনেমা’ আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি প্রজেক্ট, কারণ এই ছবির গল্পভাবনা প্রচলিত কমেডির থেকে অনেকটাই আলাদা। যমরাজ ও চিত্রগুপ্তের মতো পৌরাণিক চরিত্রদের সঙ্গে আধুনিক চলচ্চিত্র জগতের নানা মজার পরিস্থিতিকে মিলিয়ে আমরা এক অন্যরকম বিনোদনের অভিজ্ঞতা তৈরি করতে চাইছি। ছবিতে হাস্যরসের পাশাপাশি রয়েছে আবেগ, সম্পর্কের নানা দিক এবং একাধিক অপ্রত্যাশিত চমক। ইতিমধ্যেই আমাদের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে এবং খুব শীঘ্রই আমরা ‘যমলোকে সিনেমা’র শুটিংয়ে যাচ্ছি। পুরো টিম এই কাজটি নিয়ে অত্যন্ত উৎসাহী। আমার বিশ্বাস, ছবির অভিনব গল্পভাবনা ও চরিত্রগুলির মজাদার রসায়ন বাংলা ছবির দর্শকদের কাছে নতুন স্বাদের বিনোদন পৌঁছে দেবে।’

 

আরও পড়ুন: Shah Rukh Khan: ফের বিতর্কে দীপিকার গেরুয়া পোশাক! ‘কিংগ’ শাহরুখকে বিঁধলেন বিজেপি বিধায়ক

 



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed