Last Updated:
This Product Got First GI Tag of India:ভারতের কোন জিনিস সর্বপ্রথম জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেয়েছিল? এই প্রশ্ন কিন্তু অনেককেই চিন্তায় ফেলে দেয়। এ বাংলারই এক অমূল্য সম্পদ দেশের মধ্যে প্রথম জিআই ট্যাগ পেয়েছিল।
যেকোনো সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ‘জেনারেল নলেজ’ বা সাধারণ জ্ঞান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিকে শুধু পরীক্ষার্থীদের নম্বর বাড়াতেই সাহায্য করে না, বরং এর মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ঐতিহাসিক ও ভৌগোলিক তথ্য জানা সম্ভব হয়। সাধারণ জ্ঞানের এমন কিছু জানা-অজানা প্রশ্ন প্রায়শই প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখতে পাওয়া যায়।

জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন নিয়ে কথা উঠলেই অনেকের মনে রসগোল্লার কথা ভেসে ওঠে। রসগোল্লার জিআই ট্যাগ পাওয়ার লড়াইয়ে ওড়িশাকে হারিয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছিল বাংলাই। নিশ্চিত করা হয়েছিল যে রসগোল্লা বঙ্গেরই নিজস্ব সম্পদ। তবে রসগোল্লা নিয়ে চর্চা হলেও ভারতের প্রথম জিআই ট্যাগ পাওয়া বস্তু কোনটি, তা অনেকেরই অজানা।

ভারতের বুকে সর্বপ্রথম জিআই ট্যাগ পাওয়ার গৌরব অর্জন করেছিল আমাদের এই পশ্চিমবঙ্গেরই এক অমূল্য সম্পদ। বিশ্বের দরবারে খ্যাতি পাওয়া এই বিশেষ বস্তুটি হলো স্বাদে ও গন্ধে অতুলনীয় ‘দার্জিলিং চা’। ভৌগোলিক স্বকীয়তা ও অনন্য গুণমানের স্বীকৃতি হিসেবে এটি দেশের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে রয়েছে।

ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, ২০০৪ সালে দার্জিলিং চা ভারতের প্রথম নথিভুক্ত বস্তু হিসেবে আনুষ্ঠানিকভাবে জিআই রেজিস্ট্রেশন লাভ করে। এই স্বীকৃতি দার্জিলিং চাকে কেবল দেশীয় বাজারেই নয়, বরং আন্তর্জাতিক মঞ্চেও এক অনন্য মর্যাদা ও স্বকীয়তা এনে দিয়েছিল।


