Yogi Adityanath: জনসভায় ভাষণ দেওয়ার সময় এল দুঃসংবাদ, সবথেকে কাছের মানুষকে হারালেন যোগী আদিত্যনাথ

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।Image Credit: PTI

দেহরাদুন: জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষকে হারালেন যোগী আদিত্যনাথ। মাতৃহারা হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রয়াত যোগী আদিত্যনাথের মা, সাবিত্রী দেবী। ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। যোগী আদিত্যনাথের মহেন্দ্র এবং পৌরি থানার এসএসপি সর্বেশ কুমার এই খবর নিশ্চিত করেছেন।

উত্তরাখণ্ডের পৌরি গারওয়ালে পঞ্চুর গ্রামে থাকতেন যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী। নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি যোগী আদিত্যনাথ তাঁকে দেখতে হাসপাতালেও গিয়েছিলেন।

আজ, শুক্রবার উত্তর প্রদেশের গোরক্ষপুরে একটি জনসভায় যখন ভাষণ দিচ্ছিলেন যোগী আদিত্যনাথ, সেই সময়ে এই দুঃসংবাদ আসে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর। তবে তিনি মায়ের শেষকৃত্যে যাবেন বলেই খবর।

উল্লেখ্য, যোগী আদিত্যনাথের বাবা আনন্দ সিং বিষ্ট ২০২০ সালের এপ্রিলে ৮৯ বছর বয়সে মারা যান। কোভিড প্রোটোকলের কারণে সেই সময় বাবার শেষকৃত্যে অংশ নিতে পারেননি যোগী আদিত্যনাথ।

যোগী আদিত্যনাথের মায়ের পরিচয়-

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মায়ের নাম সাবিত্রী দেবী। তিনি পৌরি গাড়ওয়াল জেলার পঞ্চুর গ্রামে থাকতেন, এখানেই যোগী আদিত্যনাথের জন্ম হয়েছিল। তিনি একজন গৃহিণী ছিলেন। আদিত্যনাথের বাবা আনন্দ সিং বিষ্ট বন বিভাগে কর্মরত ছিলেন। ২০২০ সালে তিনি প্রয়াত হন।

প্রসঙ্গত, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আসল নাম অজয় ​​সিং বিষ্ট। ১৯৭২ সালের ৫ জুন উত্তরাখণ্ডের পৌরি গাড়ওয়াল জেলার পঞ্চুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁরা ছয় ভাই-বোন, মনেন্দ্র সিং, মহেন্দ্র সিং ও শৈলেন্দ্র মোহন এবং বোন পুষ্পা দেবী, কৌশল্যা ও শশী দেবী।

১৯৯৪ সালে আদিত্যনাথ সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। এরপর তিনি গোরক্ষপুরের গোরক্ষপীঠে যোগ দেন এবং মহন্ত অবৈদ্যনাথের শিষ্য হন। সন্ন্যাস গ্রহণের পর পরিবারের সঙ্গে যোগী আদিত্যনাথের যোগাযোগ কমে গেলেও, তাঁর মায়ের সঙ্গে সম্পর্ক অটুট ছিল। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তিনি সময়ে সময়ে তাঁর পৈতৃক গ্রাম ও পরিবারের সঙ্গে দেখা করতে যেতেন।

২০২২ সালের মে মাসে, যোগী আদিত্যনাথ প্রায় পাঁচ বছর পর তাঁর পৈতৃক গ্রাম পাঞ্চুরে গিয়েছিলেন। তিনি তাঁর মা সাবিত্রী দেবী এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করেন। যোগী তাঁর বাড়িতে রাতও কাটান।

এরপর ২০২৪ সালের জুন মাসে যোগী আদিত্যনাথ ঋষিকেশের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (AIIMS)-এ তাঁর মাকে দেখতে গিয়েছিলেন। সেই সময় বার্ধক্যজনিত অসুস্থতার কারণে সাবিত্রী দেবীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed