অভিষেকের হুইপ 'অমান্য' করে কি বিপদে পড়তে পারেন NCPI সাংসদরা?

অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদImage Credit: TV9 Bangla

নয়াদিল্লি: লোকসভার আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলে তৃণমূলের সাংসদরা কোথায় ভোট দেবেন? গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় AITC সাংসদদের উদ্দেশে তিন লাইনের হুইপ জারি করেছেন। কিন্তু, NCPI সাংসদরা কি সেই হুইপ মানতে বাধ্য? কারণ NCPI সাংসদরা এখনও লোকসভায় AITC চিহ্নিত রয়েছেন। তারপরও কি তাঁরা বিলের পক্ষে ভোট দিতে পারেন? যদি দেন, তাহলে কী কী নতুন পরিস্থিতি তৈরি হতে পারে?

অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হুইপ জারি করেছেন, তাতে বলা হয়েছে:

৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত লোকসভার প্রতিটি অধিবেশনে উপস্থিত থাকতে হবে।

দলের অবস্থানকে সমর্থন করতে হবে।

গুরুত্বপূর্ণ বিলের ভোটাভুটিতে দলের নির্দেশ মেনে চলতে হবে।

এই হুইপটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি এমন এক সময়ে জারি হয়েছে যখন ২০ জন সাংসদ নিজেদের NCPI-এর সঙ্গে যুক্ত বলে দাবি করছেন এবং ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা বিশেষ অধিবেশনে গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংশোধনী ও অন্যান্য বিল নিয়ে ভোটাভুটির সম্ভাবনা রয়েছে।

 ২০ জন সাংসদের ক্ষেত্রে কী হতে পারে?
মূল আইনি জটিলতা

এই ২০ জন সাংসদ ২০২৬ সালের জুন মাসে NCPI-তে যোগ দেওয়ার বা সংযুক্তির কথা ঘোষণা করেছিলেন। কিন্তু AITC চলতি বছরের ১৯ জুন তাঁদের বিরুদ্ধে সংবিধানের দশম তফসিল অনুযায়ী দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী লোকসভার স্পিকারের কাছে ডিসকোয়ালিফিকেশন পিটিশন জমা দিয়েছে।

স্পিকারের কাছে আবেদনগুলো এখনও নিষ্পত্তি হয়নি, যদিও সাংসদরা তাঁদের বক্তব্য জমা দিয়েছেন। ফলে তাঁদের সাংসদ পদ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

এখন তাঁদের সামনে তিনটি সম্ভাব্য পরিস্থিতি রয়েছে:

পরিস্থিতি ১: তাঁরা AITC-র হুইপ মেনে চলেন তাঁরা লোকসভায় উপস্থিত থেকে AITC-র নির্দেশ অনুযায়ী ভোট দিলে আপাতত হুইপ অমান্য করার অভিযোগ উঠবে না। তবে NCPI-তে তাঁদের যোগদানের বৈধতা নিয়ে যে অযোগ্যতার আবেদন (ডিসকোয়ালিফিকেশন পিটিশন) বিচারাধীন রয়েছে, তার নিষ্পত্তি এর ফলে স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে না।

পরিস্থিতি ২: যদি তাঁরা হুইপ অমান্য করেন, সংবিধানের দশম তফসিল অনুযায়ী, কোনও সাংসদ তাঁর মূল রাজনৈতিক দলের নির্দেশ অমান্য করে ভোট দিলে বা ভোটদানে বিরত থাকলে দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিরুদ্ধে অযোগ্যতার পদক্ষেপ করা যেতে পারে। তবে দুটি বিষয় এখানে প্রযোজ্য:

দলের আগাম অনুমতি থাকলে বা নির্দেশ অমান্য করার ১৫ দিনের মধ্যে দল বিষয়টি ক্ষমা করে দিলে ব্যবস্থা এড়ানো সম্ভব। অন্যথায় সাংসদ পদ খারিজের আবেদন জোরালো হয়।

পরিস্থিতি ৩: তাঁরা দাবি করেন, তাঁরা ইতিমধ্যেই NCPI-র সাংসদ। এখানেই মূল আইনি লড়াই। দশম তফসিলের প্যারাগ্রাফ ৪ অনুযায়ী, বৈধ দলীয় সংযুক্তি বা মার্জারের ক্ষেত্রে বিশেষ সুরক্ষা রয়েছে। কিন্তু কেবল ২০ জন সাংসদ অন্য দলে যোগ দেওয়ার ঘোষণা করলেই সেই সুরক্ষা মেলে না, মূল রাজনৈতিক দলের সংযুক্তি এবং আইনগত শর্ত পূরণের প্রশ্ন থাকে। AITC-র বক্তব্য, মূল দল তৃণমূল কংগ্রেস NCPI-তে মিশে যায়নি, তাই ২০ জনের এই মার্জার দাবি আইনগতভাবে বৈধ নয়।

৩. অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন কী পদক্ষেপ করেছেন?

২৮ নভেম্বর ২০২৬ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। তাঁর চিঠির মূল দাবিগুলো হল:

ভোটদানে বিরত রাখা: ২০ জন সাংসদের বিরুদ্ধে দায়ের করা  ডিসকোয়ালিফিকেশন পিটিশনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের অধিবেশনে ভোটদানে অংশ নিতে দেওয়া উচিত নয় (বিশেষত সাংবিধানিক সংশোধনী বিলের মতো ক্ষেত্রে যেখানে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয়)।

আসন বণ্টন পুনর্বিবেচনা: লোকসভার সরকারি ওয়েবসাইটে এখনও ওই ২০ জনকে AITC-র সদস্য হিসেবেই দেখানো হচ্ছে,  তাই তাঁদের জন্য পৃথক আসনের যে ব্যবস্থা করা হয়েছে, তা অবিলম্বে পুনর্বিবেচনা করা হোক।

দ্রুত নিষ্পত্তি: ঝুলে থাকা অযোগ্যতার আবেদনগুলোর দ্রুত নিষ্পত্তি করা হোক।

যদিও অভিষেকের আনা এই হুইপ তাঁরা মানাতে বাধ্য নন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন NCPI সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আগামী ২৫ ডিসেম্বরের মধ্যেই কোনটা আসল তৃণমূল কংগ্রেস সেটা নির্বাচন কমিশন দিয়ে দেবে। আর এখন যেটা হুইপ দিচ্ছে তার মূল্য নেই। হুইপ দিতে হবে চিফ হুইপকে। আমরা গ্রাহ্যের মধ্যেই আনছি না। আমাদের বলা আছে অগ্রাহ্য করতে। আমার কাছে যদিও আসেনি।” তবে, হুইপ  অমান্য করলেই স্বয়ংক্রিয়ভাবে সাংসদ পদ খারিজ হয় না। সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক কর্তৃত্ব লোকসভার স্পিকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *