ক্রাইস্টচার্চ: গত ম্যাচে অর্ধশতরান হাঁকিয়েছিলেন, ভারতের প্রয়োজনের সময় ফের একবার ব্যাট হাতে জ্বলে উঠলেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel)। লোয়ার অর্ডার ব্যাটারদের সঙ্গে নিয়েই ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের (NZ vs IND 2nd Test) প্রথম ইনিংসে ভারতীয় দল দু’শোর গণ্ডি পার করে। ৮৮ রানের ইনিংস খেলেন জুড়েল।

তাঁর এই ইনিংসে ভারতীয় তরুণের পরিপক্কতা, ধৈর্য্য যতটা নজর কেড়েছে, ততটাই নজর কাড়ে অর্ধশতরানের পরে তাঁর সেলিব্রেশনও। প্রতিবারই অর্ধশতরান বা শতরান হাঁকিয়ে জুড়েল স্যালুট করে তা উদযাপন করে। রবিবার ক্রাইস্টচার্চেও তাঁর অন্যথা হল না। এই সেলিব্রেশনের পিছনে রয়েছে তাঁর পরিবারের, আরও ভাল করে বলতে গেলে তাঁর বাবার সঙ্গে জড়িত ইতিহাস।             

আরও পড়ুন:- ‘অস্থিরতা তৈরি হচ্ছে’, নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন 

১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ধ্রুবের বাবা নীম চাঁদ জুড়েল অংশগ্রহণ করেছিলেন। তিনি অষ্টম জাট রেজিমেন্টের অংশ ছিলেন। সেই যুদ্ধে অংশগ্রহণ করা যে তাঁর জীবন চিরতরে বদলে দেবে, তা ভালভাবেই জানতেন নীম। সেই কারণেই না ফিরলে কীভাবে সংসার চালাবেন, সেই বৃত্তান্ত জানিয়ে কোথায় কী টাকা রয়েছে, তার সবটাই তিনি এক চিঠিতে লিখে জানিয়েছিলেন। সেই যুদ্ধের নয় বছর পরে ২০০৮ সালে সেনাবাহিনী থেকে ভলেনটারি অবসর নেন নীম। তবে সেই যুদ্ধের স্মৃতি আজও অমিলন।      

সেই যুদ্ধের সময় ধ্রুবের জন্মও হয়নি। তবে তাঁর বাবার বদিলান, লড়াইকে সম্মান জানাতেই জুড়েল বারংবার কোনও মাইলফলক স্পর্শ করে সেনাবাহিনীর মতো করে স্যালুট করে তা উদযাপন করেন। রবিবারও তাঁর বাবার উপস্থিতিতে তাঁর দিকে ফিরেই অর্ধশতরান করার পর স্যালুট করে তা উদযাপন করতে দেখা যায় জুড়েলকে।

এদিন নবম উইকেটে ব্রারের সঙ্গে মিলে ১২৩ বলে ৬৪ রানের পার্টনারশিপ গড়েন জুড়েল। ২৭ বছর আগে, অর্থাৎ ১৯৯৯ সালে নিউজ়িল্যান্ডের মাটিতে খেলা টেস্টে ভারতের রাহুল দ্রাবিড় ও বেঙ্কটেশ প্রসাদ নবম উইকেটে ৬১ রানের জুটি গড়েছিলেন। জুড়েল ও ব্রার তাঁদের ছাপিয়ে গেলেন। নিউজ়িল্যান্ডের মাটিতে ভারতের হয়ে নবম বা দশম উইকেটের জন্য এটি তৃতীয় সর্বোচ্চ জুটি। তালিকায় শীর্ষে রয়েছেন সৈয়দ কিরমানি ও শিবলাল যাদব। যাঁরা ১৯৮১ সালে ১০৫ রানের পার্টনারশিপ করেছিলেন। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *