নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ালেন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর সঙ্গে মুখোমুখি পাবলিক ডিবেটে বসার জন্য ফের একবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রাহুল গান্ধী। তিনি দাবি করলেন, তাঁর মুখোমুখি হওয়ার পর প্রধানমন্ত্রী আর অফিসে থাকতে পারবেন না। 

শুক্রবার এই ইস্যুতে ভিডিও প্রকাশ করে কংগ্রেস। সেখানে রাহুল গান্ধীকে বলতে শোনা যায়, “আমি বারবার এটা বলছি : প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন- আমার কথা লিখে রাখুন – তিনি যদি আমার সঙ্গে বিতর্কে আসেন, তবে তাঁর রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে। তিনি তা জানেন, আমিও জানি। তিনি আমাকে বারবার ‘দেশবিরোধী’ বলে অভিহিত করছেন। আমি দেশবাসীকে দেখাতে চাই, আসলে কে দেশবিরোধী। কে কার দ্বারা নিয়ন্ত্রিত এবং কতদিন ধরে – আমি তা স্পষ্ট করতে চাই। আর তিনি নিজেও এই সত্যটি জানেন।” রাহুল বলেন, তিনি এমন কোনও বিতর্ক চান না যেখানে দুই পক্ষ কেবল বক্তৃতা দেবে। রাহুলের কথায়, “আমি চাই নরেন্দ্র মোদি আমার বিরুদ্ধে অভিযোগ আনুন এবং আমিও তাঁর বিরুদ্ধে অভিযোগ আনতে চাই।” অপর একটি ক্লিপে, কংগ্রেস নেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাঁর অভিযোগের পক্ষে কোনও প্রমাণ আছে কি না। নিজের মোবাইল ফোনের দিকে ইঙ্গিত করে তিনি বললেন, “প্রমাণ এখানেই রয়েছে। এই ফোনেই সব আছে। প্রধানমন্ত্রী তা জানেন, কারণ তিনিই আমার ফোন আড়ি পেতে শোনেন। যখন মুখোমুখি বিতর্কের প্রসঙ্গ আসবে, তখন সবাই জানতে পারবে – কে বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত, কে দেশবিরোধী, কতদিন ধরে তিনি দেশবিরোধী কর্মকাণ্ডে যুক্ত আছেন – এমন আরও অনেক তথ্য, যা আমার জানা আছে এবং আমার ফোনে সংরক্ষিত রয়েছে।”

পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, সংসদে কথা বলার পরিবর্তে কেন তিনি প্রকাশ্য বিতর্কের দাবি করছেন, এমন প্রশ্নের জবাবে রাহুল বলেন যে, তাঁকে সংসদে কথা বলতে দেওয়া হয়নি বলেই তিনি প্রকাশ্যে বিতর্কের দাবি জানাতে বাধ্য হয়েছেন। ইনস্টাগ্রামে ‘আস্ক মি’ সেশনে এক প্রশ্নের উত্তরে কংগ্রেস নেতা বলেন, “আপনারা আমাকে কৃষি বিল, ভোট চুরি, এসআইআর (SIR), চিন, জেনারেল নারাভানের বই এবং এপস্টিন- এসব বিষয়ে কথা বলতে দেননি। আমি মুখোমুখি বিতর্ক চাই। আমি এমন কোনও বিতর্ক চাই না যেখানে দীর্ঘ বক্তৃতা দিতে হয়।” Rahul Gandhi



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *