ফাইনাল ইয়ারে ক্যাম্পাস প্লেসমেন্ট চলছিল। সংস্থাটি ছিল ভারতের অন্যতম বড় আইটি সংস্থা, যাদের বাস আপনাকে প্রতিটি জাতীয় সড়কে দেখতে পাওয়া যায়। অফার লেটারে বার্ষিক ৩ লক্ষ ৬০ হাজার টাকার প্যাকেজ লেখা ছিল। হস্টেলের বাথরুমে নিজের ফোনে সেই চিঠি পড়েছিলাম। স্বস্তিতে কেঁদে ফেলেছিলাম। তারপর বাবুজিকে ফোন করলাম এবং নিজের মুখেই শুনলাম, ‘ছৌ লাখ’ (ছয় লক্ষ) বলতে।

ছয় লক্ষ। কেন বলেছিলাম, তা আমার জানা নেই। হয়তো বাবুজি ফোনটি লাউডস্পিকারে রেখেছিলেন। আর আমি পাশ থেকে মা, প্রতিবেশী চৌরসিয়া আঙ্কল এবং টিভির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সেই পুরো ঘরটাকে ভরিয়ে তোলার জন্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা আমার কাছে যথেষ্ট মনে হয়নি। বাবুজি বলেছিলেন, ‘বড় নীক, বড় নীক’ (খুব ভালো, খুব ভালো)। ঠিক যেভাবে তিনি তাঁর রোগীদের বলেন। এক সপ্তাহের মধ্যেই টাওয়ার চকের পিছনের পুরো গলিতে এই খবর ছড়িয়ে পড়েছিল। আমি হয়ে উঠেছিলাম ‘ছৌ লাখ ওয়ালি’। ছয় লক্ষ টাকার চাকরি পাওয়া মেয়ে। চৌরসিয়া আন্টি তাঁর ভাইপোর জন্মকুণ্ডলী পাঠাতে শুরু করেছিলেন।

বাবুজি একজন কম্পাউন্ডার। আপনি যদি কোনও ছোট শহরের বাসিন্দা না হন, তাহলে হয়তো এই শব্দের অর্থ জানেন না। এর অর্থ হল, কোনও বেসরকারি ক্লিনিকে কাজ করা সেই ব্যক্তি, যিনি ইঞ্জেকশন দেন, ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন, চিকিৎসকরা বিড়বিড় করে যে ওষুধের নাম বলেন, তা লিখে নেন। আর বিনিময়ে এমন বেতন পান, যা পুনের একটি পিজির (PG) মাসিক ভাড়ার সমান। লহেরিয়াসরাইয়ে ডক্টর সিনহার ক্লিনিকে কাজ করতে করতে তাঁর ৩১ বছর কেটে গিয়েছে। ক্লিনিকের দেওয়ালে মিথিলা চিত্রকলা রয়েছে, যেগুলি আমার মা এঁকেছেন। আর দ্বারভাঙার অর্ধেক মানুষ বাবুজিকেই চিকিৎসক বলে মনে করেন। তিনিও তাঁদের ভুল শুধরে দেন না। মিথ্যে বলার এই অভ্যাসটা আমি উত্তরাধিকার সূত্রেই পেয়েছি।

পুনে-হিঞ্জেওয়াড়ি ফেজ-১: একটি জেরক্সের দোকানের উপরে তৈরি পিজি। একটি ঘরে তিনজন মেয়ে। মাসে সাড়ে আট হাজার টাকা ভাড়া। এর মধ্যে প্রাতরাশে পাওয়া যেত দু’টুকরো পাউরুটি এবং একটি কলা, যেটি সব সময়ই একটু কালচে হয়ে থাকত। আমার রুমমেট ছিল কোলাপুরের প্রাচী এবং কটকের মেঘনা। প্রথম বছরে আমরা তিনজন রাতের খাবারে এতবার ম্যাগি খেয়েছিলাম যে প্রাচী একটি নতুন পদ আবিষ্কার করে ফেলেছিল। ম্যাগির উপরে কুরকুরে গুঁড়ো করে ছড়িয়ে দেওয়া।

প্রতি মাসের এক তারিখে বাড়িতে ১০ হাজার টাকা পাঠাতাম। প্রথম বেতন পাওয়ার দিনই এই নিয়ম তৈরি করেছিলাম এবং কখনও তা ভাঙিনি। ১০ হাজার টাকা দ্বারভাঙায়, সাড়ে আট হাজার পিজির আন্টিকে এবং বাকি যা থাকত, তা পুনের জন্য। পুনে ঠিক সেভাবেই টাকা গিলে খায়, যেভাবে বিহার সময়কে গিলে খায়। দ্বিতীয় মাসের পর থেকে হিসাব রাখা বন্ধ করে দিয়েছিলাম। কারণ হিসাব-নিকাশের সঙ্গে আমার বনিবনা ছিল না।

বাবুজি ফোনে জিজ্ঞাসা করেছিলেন, অফিসে আমার নিজের কেবিন আছে কি না। আমি হ্যাঁ বলেছিলাম। বলেছিলাম, কেবিনের দেওয়াল কাচের। বাস্তবে আমি চতুর্থ তলায় ৪০ জনের ভিড়ে ঠাসা একটি জায়গায় ‘হট ডেস্কে’ (সবার ব্যবহারের জন্য নির্দিষ্ট শেয়ার করা আসন) বসতাম। আর কাচের দেওয়াল ছিল রোহিত নামে এক ডেলিভারি ম্যানেজারের কেবিনে। একবার তিনি আমাকে ‘অফলাইন সিঙ্ক’ (আলাদা করে কথা বলা)-এর জন্য ডেকেছিলেন, তারপর আর কোনও দিন কথা বলেননি। কিন্তু যে মানুষটি ৩১ বছর ধরে একটি পর্দার আড়ালে কাঠের কাউন্টারে বসে কাটিয়েছেন, তাঁকে আপনি আর কী-ই বা বলবেন? আপনি তাঁকে কাচের দেওয়ালের কথাই বলবেন।

আমার প্রজেক্টটি ছিল আমেরিকার স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সহায়তার কাজ এবং আমার শিফট ছিল রাতের। রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত। যাতে আমেরিকার টেক্সাস যখন ঘুম থেকে উঠবে, তখন সেখানকার কোনও হাসপাতালের ক্লেম সিস্টেম ঠিকঠাক কাজ করতে পারে। আমার সংস্থার নিয়ম ছিল, যে মহিলার শিফট রাত ৮টার পরে শেষ হবে, তাঁকে নিরাপত্তারক্ষী বা এসকর্ট-সহ ক্যাব দেওয়া হবে। তাই সন্ধ্যা ৮টা ২০ মিনিটে ক্যাব আমাকে নিতে আসত এবং সকাল ৬টা ৪০ মিনিটে ফিরিয়ে দিয়ে যেত। সেই সময় হিঞ্জেওয়াড়ির রাস্তায় ডিভাইডারের উপরে দাঁড়িয়ে মানুষ যোগব্যায়াম করতেন।

বাবুজি মনে করতেন, আমার ডে শিফট। সকাল সাড়ে ৯টায় অফিসে যাই, সন্ধ্যা ৭টায় বাড়ি ফিরে আসি, খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়ি। টানা চার বছর ধরে আমি তাঁকে আমার এই দৈনন্দিন রুটিনের কথা বিস্তারিতভাবে শুনিয়েছি।

প্রতি সপ্তাহে তিনি জিজ্ঞাসা করতেন, ‘অহাঁ ঘর কখন আবৈ ছি?’ (তুমি কখন বাড়ি ফেরো?)

আর প্রতি সপ্তাহেই আমি সন্ধ্যা ৭টার কথা বলতাম। তিনি প্রায়ই সন্ধ্যা ৮টার দিকে ফোন করতেন। ঠিক সেই সময় আমি হিঞ্জেওয়াড়ি ফ্লাইওভারে সংস্থার ইনোভা গাড়ির পিছনের আসনে বসে উলটো দিকে যাচ্ছিলাম। আর ফোনে বলতাম, ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছি, এবার ঘুমোতে যাব। কারণ দ্বারভাঙায় সন্ধ্যা ৭টার পর বাড়ির বাইরে থাকা কোনও মেয়ে একটা ‘গল্প’ হয়ে যায়। আর ভোরবেলায় বাড়ি ফেরা কোনও মেয়ে হয়ে ওঠে ‘কলঙ্ক’।

আর যে মানুষটি কখনও এসকর্ট-সহ ক্যাব দেখেননি, তাঁকে আমি কীভাবে বোঝাতাম যে সেই এসকর্ট ছিল সন্দীপ নামে একটি ছেলে, যে গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে হাঁ করে ঘুমোত। আর সেই ইনোভার ভিতরে আমি টাওয়ার চকের তুলনায় অনেক বেশি নিরাপদ বোধ করতাম।

একদিন সকালে ক্যাব আসেনি। পরে তারা জানিয়েছিল, পরিবহণ ব্যবস্থায় কিছু সমস্যা হয়েছিল। আমি সকাল ৬টা থেকে ফেজ-২-এর গেটের বাইরে ৫০ মিনিট দাঁড়িয়ে ছিলাম। আকাশের রং ধূসর হতে দেখছিলাম। আর আমার মাথায় তখন একটাই স্পষ্ট চিন্তা ঘুরছিল—এই মুহূর্তে যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আমার বাবা সময়টা জানতে পেরে যাবেন। ভয়টা ছিল সেটাই। কোনও অঘটন ঘটার নয়, বরং সময়টা জেনে যাওয়ার।

কিছুই হয়নি। একটা ক্যাব চলে এসেছিল। এই সব কথা আপনাদের বলছি কারণ আমার রাতগুলো ঠিক এমনই ছিল। টানা চার বছর ধরে আমার রাতগুলো এভাবেই কেটেছে। অথচ বাড়ির কেউ একটি রাতের কথাও জানেন না।

২০২৫ সালের মার্চ মাসে আমেরিকার ক্লায়েন্ট চুক্তি বাতিল করে দেয়। আমাদের কাছে একটি ইমেল আসে, যার বিষয় ছিল ‘প্রজেক্ট রিলিজ – অ্যাকশন রিকোয়ার্ড’। আর সেই ‘অ্যাকশন’ বলতে শুধু এটুকুই ছিল যে, ইন্টারনাল পোর্টালে নিজেদের প্রোফাইল আপডেট করে অপেক্ষা করতে হবে। ভারতীয় আইটি ক্ষেত্রে অপেক্ষা করাটাই যেন একটি পূর্ণ সময়ের চাকরি।

গলায় নিজের আইডি কার্ড ঝুলিয়ে টানা সাত মাস প্রতিদিন অফিসে গিয়েছি। কোনও প্রজেক্ট ছিল না। যে ডেস্ক খালি পেতাম, সেখানেই বসে পড়তাম। আর Udemy-তে সেই সমস্ত বিষয়ের কোর্স করতাম, যেগুলি সম্পর্কে আমাকে বলা হয়েছিল, সেগুলি আমাকে ‘ডিপ্লয়েবল’ (কাজের উপযুক্ত) করে তুলবে।

প্রতি দু’সপ্তাহে একবার করে আরএমজি (রিসোর্স ম্যানেজমেন্ট গ্রুপ) থেকে ফোন আসত। প্রতিবারই নতুন কোনও ব্যক্তি একই গতানুগতিক প্রশ্ন করতেন। আপনি কি খালি পদগুলির জন্য আবেদন করেছেন? হ্যাঁ, ৪১টি জায়গায়। কোনও ইন্টারভিউ হয়েছে? দু’টি। কোনও অফার পেয়েছেন? নীরবতা। ঠিক আছে, আবেদন করতে থাকুন।

নিজের শরীর থেকেই যেন একটা অদ্ভুত গন্ধ বেরোতে শুরু করে। আপনি অফিসের করিডর দিয়ে হেঁটে যাচ্ছেন। চারপাশে প্রত্যেকের ল্যাপটপে আসল কাজ খোলা রয়েছে। আর আপনার ল্যাপটপে রয়েছে একটি সার্টিফিকেট।

প্রাচী ফেজ-৩-তে একটি প্রজেক্ট পেয়ে গিয়েছিল। মেঘনা চলে গিয়েছিল হায়দরাবাদে। আমি সেই জেরক্সের দোকানের উপরের পিজিতেই থেকে গিয়েছিলাম। আমার নতুন রুমমেটরা চলে এসেছিল। তাদের নামও আমি ঠিক করে মনে রাখিনি। কারণ আমি জানতাম, এবার আমার চলে যাওয়ার পালা।

২০২৫ সালের অক্টোবর মাসে সেই ইমেলটি এল। ‘লেঅফ’ (ছাঁটাই) নয়; এই শব্দ কেউ ব্যবহার করে না। এর নাম দেওয়া হয়েছিল ‘মিউচুয়াল সেপারেশন’ (পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদ)। একটি মিটিং হয়েছিল। সেখানে এইচআরের এক ভদ্র মহিলা আমাকে বুঝিয়ে বলেছিলেন, আমার বেঞ্চ পিরিয়ড কোম্পানির নীতিতে নির্ধারিত সময়সীমা অতিক্রম করে গিয়েছে। তাই বরখাস্ত হওয়ার চেয়ে আমার কেরিয়ারের পক্ষে ইস্তফা দেওয়াই ভালো হবে। এই নিন চিঠি, আর এই নিন কলম। আমি সই করে দিয়েছিলাম। দু’মাসের বেতন, একটি এক্সপেরিয়েন্স লেটার এবং বুকের ভিতর এমন এক শূন্যতা, যেন কেউ ভিতর থেকে একটা তাক খুলে নিয়ে গিয়েছে।

সেই রাতে বাবুজির ফোন এসেছিল। আমি তাঁকে বলেছিলাম, আমার পদোন্নতি হয়েছে। সিনিয়র সিস্টেমস ইঞ্জিনিয়ার হয়েছি। তিনি বলেছিলেন, ‘বড় নীক, বড় নীক।’ আমি তাঁকে মাকে খবরটা জানাতে শুনেছিলাম। আবার মাকে অন্য কাউকে সেই খবর জানাতে শুনেছিলাম।

১১ দিনের মধ্যে বানেরের একটি স্টার্টআপে চুক্তিভিত্তিক চাকরি পেয়ে গেলাম। মাসে ২৫ হাজার টাকা বেতন, কোনও পিএফ নেই, ছয় মাসের চুক্তিপত্র। প্রতি মাসের এক তারিখে বাড়িতে ১০ হাজার টাকা পাঠানোর নিয়মও চলতে থাকল। ম্যাগি আবার ফিরে এল।

আপনি যদি বিহারের বাসিন্দা না হন, তাহলে আমাদের কাছে ছটপুজোর গুরুত্ব কখনও বুঝতে পারবেন না। এটা দীপাবলি নয়। দীপাবলি একটা উৎসব। ছট হল সেই জায়গা, যেখান থেকে আপনার শিকড়ের শুরু। চার দিন ধরে নির্জলা উপবাস, জল, অস্তগামী সূর্যকে অর্ঘ্য দেওয়া এবং তারপর উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন। অক্টোবরের শীতের মধ্যে ভেজা শাড়ি পরে হরাহি পোখরে কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে থাকা মা, উঠোনে ছাঁকা হচ্ছে থেকুয়া। আর সেই একটি গান—‘কাঁচ হি বাঁস কে বহঙ্গিয়া’। পুনের কোনও ঘরে একা বসে যদি আপনি এই গান চালিয়ে দেন, তাহলে তা আপনাকে কাঁদিয়ে ছাড়বে। এমনকী আপনি যদি কান্নার মানুষ নাও হন। আমি তেমন মানুষ নই। কিন্তু সেদিন কেঁদেছিলাম।

আমি বাবুজিকে বলেছিলাম, ছটপুজোয় বাড়ি ফিরব। কিন্তু তারপর স্টার্টআপের তরফে জানিয়ে দেওয়া হল, প্রবেশন পিরিয়ডে কোনও ছুটি পাওয়া যাবে না। তখন আমি বাবুজিকে বলেছিলাম, একটি ‘রিলিজ’-এর কারণে বাড়ি ফিরতে পারব না। শব্দটির আসল অর্থ যদি আপনি জানেন, তাহলে বিষয়টি বেশ মজার মনে হবে। তিনি এক মুহূর্ত চুপ করে থেকে বলেছিলেন, ‘কোনো বাত নৈ’ (কোনও ব্যাপার নয়)। আর এত তাড়াতাড়ি তাঁর এই কথা বলাতেই আমি বুঝে গিয়েছিলাম, ব্যাপারটা মোটেই ছোট নয়।

তাই ২৭ অক্টোবর সন্ধ্যায়, যখন আমার মা অস্তগামী সূর্যের সামনে হরাহি পোখরে দাঁড়িয়ে ছিলেন, তখন আমি পিজির বিছানায় শুয়ে ফোন হাতে নিয়ে এক অপরিচিত ব্যক্তির ইনস্টাগ্রাম লাইভে দেখছিলাম, ওয়াকাডের একটি হাউজিং সোসাইটির সিমেন্টের ট্যাঙ্কে ৩০০ জন বিহারি অর্ঘ্য নিবেদন করছেন। আমার নিজের মানুষজন, আমার থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে। অথচ আমি সেখানে যেতে পারিনি। কারণ সেখানে কেউ না কেউ নিশ্চয়ই জিজ্ঞাসা করতেন, আমি কোন সংস্থায় কাজ করি। ৩০ অক্টোবর বাবুজি একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে বললেন, তিনি পুনে স্টেশনে রয়েছেন।

আমি আপনাদের বলতে চাই, খবরটা শুনে আমি ছুটে গিয়েছিলাম। কিন্তু যাইনি। ফোন হাতে পিজির রান্নাঘরে দাঁড়িয়ে ছিলাম। আর প্রথমেই আমার রাগ হয়েছিল। নিজের উপরে নয়, বাবুজির উপরে। ৫৭ বছর বয়স, ডায়াবেটিসের রোগী, কাউকে কিছু না জানিয়ে দ্বারভাঙা থেকে স্লিপার ক্লাসে ৩৮ ঘণ্টার সফর করে চলে এসেছেন। হিঞ্জেওয়াড়ি কোথায়, তার কোনও ধারণা নেই। আর এখন আমাকে তাঁকে জেরক্সের দোকানের উপরে তৈরি এই ঘরে নিয়ে যেতে হবে। তিনি সবকিছু দেখে ফেলবেন।

আমি বলেছিলাম, ‘কথি লেল অয়লहुँ?’ (কী নিয়ে এসেছেন?) ‘হ্যালো’ পর্যন্ত বলিনি। সরাসরি এই প্রশ্ন।

তিনি বললেন, ‘প্রসাদ ল’ ক’।’ (প্রসাদ নিতে এসেছি।)

আমাদের পরিবারে প্রসাদ কখনও একা সফর করে না। কেউ না কেউ তাকে সঙ্গে করে নিয়ে যায়। এই নিয়ম আমার থেকেও পুরনো।

আমি এমন একটি উবের বুক করেছিলাম, যার ভাড়া দেওয়ার সামর্থ্য আমার ছিল না। স্টেশনের বাইরে একটি বোর্ডের নীচে তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। হাতে একটি নীল কাপড়ের ব্যাগ, একটি স্টিলের কৌটো এবং হিন্দি সংবাদপত্রে মোড়ানো মায়ের হাতে তৈরি থেকুয়া। দ্বারভাঙায় তাঁকে কখনও এতটা ছোট মনে হয়নি। তখনও আমার রাগ হচ্ছিল। তবুও তাঁকে জড়িয়ে ধরেছিলাম। তাঁর শরীর থেকে সেই চেনা গন্ধ আসছিল, ট্রেন আর ডেটলের মিশ্র গন্ধ, যা আমার সারা জীবন ধরে পরিচিত।

গাড়িতে বসে তিনি কিছুই জিজ্ঞাসা করেননি। বাইরে ওয়াকাড ব্রিজ এবং বিশাল বিশাল আইটি বিল্ডিং দেখতে দেখতে শুধু বলেছিলেন, ‘বড পৈঘ’ (খুব বড়)। আমি ক্রমাগত অপেক্ষা করছিলাম, কখন তিনি জিজ্ঞাসা করবেন আমার কেবিন কোথায়।

পিজিতে পৌঁছনোর পর আমার নতুন রুমমেটরা একবার তাকিয়ে ‘হাঁটতে যাওয়ার’ অজুহাতে বাইরে চলে গেল। বাবুজি আমার বিছানায় বসে পড়লেন। তিনি ঘরটা দেখলেন। তাকের উপরে রাখা ম্যাগি, একমাত্র চেয়ারটি, সেই জানলা, যেটি জেরক্সের দোকানের এসি ইউনিটের দিকে খুলত। আমি দরজার কাছে এমনভাবে দাঁড়িয়ে ছিলাম, যেন কোনও অপরাধী শাস্তির অপেক্ষা করছে। তিনি স্টিলের কৌটোটি খুললেন। খরনার দিন মা যে থেকুয়া তৈরি করেছিলেন, সেটাই ছিল ভিতরে। তিনি একটি থেকুয়া ভেঙে অর্ধেক আমাকে দিলেন, বাকি অর্ধেক নিজে খেলেন। আর সেটাই ছিল আমাদের অর্ঘ্য নিবেদন।

তারপর তিনি মৈথিলী ভাষায় সেই কথাটি বললেন, যা গত ১১ দিন ধরে আমি বুকের ভিতর বয়ে বেড়াচ্ছি।

‘চৌরসিয়া দোসর মহিনা মে হামরা সব কিচ্ছু কহি দেনেই ছল।’

অর্থাৎ, বেতনের ব্যাপারে। চৌরসিয়া আঙ্কলের ছেলে মাইসুরের ইনফোসিসে কাজ করে। সে জানে, ফ্রেশাররা কত বেতন পায়।

দ্বিতীয় মাসেই সে বাবুজিকে হেসে হেসে, যেন কোনও ভুল শুধরে দিচ্ছে, বলে দিয়েছিল—তিন লক্ষ ৬০ হাজার টাকা। আর বাবুজি তার দিকে তাকিয়ে বলেছিলেন, আমি আমার বাবার কথাগুলোই হুবহু তুলে ধরছি—

‘যদি এই কথা এই ঘরের বাইরে যায়, তাহলে আপনার স্ত্রীকে বিনামূল্যে ইঞ্জেকশন দেওয়া বন্ধ করে দেব।’

সেই কথা আর কখনও ওই ঘরের বাইরে যায়নি। টানা চার বছর ধরে পুরো গলি আমাকে ‘ছৌ লাখ ওয়ালি’ বলে ডাকত। আর আমার বাবা তাঁদের তা বলতে দিতেন। চৌরসিয়া আন্টি বিয়ের জন্য জন্মকুণ্ডলী পাঠাতে থাকতেন। অনেকেই সত্যিটা জানতেন, তবুও তাঁরা আমার জন্য সেই গোপন কথাটি লুকিয়ে রেখেছিলেন।

পুরো একটা পাড়া আমার পক্ষ নিয়ে মিথ্যে বলছিল। এই অনুভূতি নিয়ে আমি কী করব, তা জানি না। এখনও জানি না।

‘আর কেবিন?’ আমি জিজ্ঞাসা করলাম।

তিনি হালকা করে মাথা নাড়লেন। যেন বলতে চাইছেন, থাক বাবা, ওসব ছাড়ো।

‘আর সন্ধ্যা সাতটার ব্যাপারটা?’

তিনি জানালেন, একবার ভিডিও কলে কথা বলার সময় কোনও অদ্ভুত সময়ে তিনি ক্যাবের হর্নের শব্দ শুনেছিলেন। আমি বলেছিলাম, ওটা প্রতিবেশীর গাড়ি। তিনি বলেছিলেন, পুনেতে আমার প্রতিবেশীদের ঘুমোনো এবং জেগে ওঠার সময় বেশ অদ্ভুত। আমার নাইট শিফটের ব্যাপারে তিনি দু’বছর ধরেই জানতেন।

‘পদোন্নতি,’ আমি বললাম। আমার গলা কেঁপে উঠেছিল।

তিনি বললেন, মা ওই কথাটা বিশ্বাস করেছিলেন। কিন্তু তিনি করেননি। তিনি বললেন, কোনও মেয়ে যখন ‘পদোন্নতি’র কথা বলে, অথচ তারপর টানা তিন সপ্তাহ ম্যাগি খেয়ে কাটায়, তখন যে বাবা ৩১ বছর ধরে রোগীদের নিজেদের সুগারের রিপোর্ট নিয়ে মিথ্যে বলতে দেখেছেন, তিনি মুখ দেখেই অনেক কিছু বুঝতে পারেন।

তারপর তিনি নিজের মিথ্যেটার কথা বললেন। তাঁর মিথ্যে ছিল মাত্র একটি। আর সেই মিথ্যেটা ছিল টানা চার বছরের।

প্রতি মাসে আমি ১০ হাজার টাকা পাঠাতাম। আর প্রতি মাসে তিনি বলতেন, ‘বড্ড কাজ আবৈ ছৈ’ (অনেক কাজে লাগছে)।

সেই টাকা কোনও কাজেই লাগেনি। তিনি সেই টাকা ছুঁয়েও দেখেননি। দ্বারভাঙার পোস্ট অফিসে আমার নামে একটি রেকারিং ডিপোজিট (RD) অ্যাকাউন্ট রয়েছে। প্রতি মাসের দুই তারিখে, আমার টাকা ট্রান্সফার করার ঠিক পরের দিন, তিনি হেঁটে টাওয়ার চকের কাছে থাকা পোস্ট অফিসে যেতেন। সেখানে ১০ হাজার টাকা জমা দিয়ে আবার বাড়ি ফিরে আসতেন। টানা চার বছর ধরে।

তিনি নীল কাপড়ের ব্যাগ থেকে পাসবুকটি বের করে আমাদের দু’জনের মাঝখানে বিছানার উপরে রাখলেন। এমনভাবে রাখলেন, যেন সেটি এমন একটি জিনিস, যা তিনি ৩৮ ঘণ্টা ধরে বয়ে নিয়ে এসেছেন। আর সত্যিই তো, তিনি সেটাই করেছিলেন।

আমি কৃতজ্ঞ হয়ে উঠিনি। আমি সত্যিটা বলতে চাই। আমার মুখ থেকে প্রথম যে কথাটা বেরিয়েছিল, তা হল—

‘আপনি আমাকে চার বছর ধরে ম্যাগি খেতে দিয়েছেন?’

জোরে কথাটা বলেছিলাম। সিঁড়ি থেকে আমার রুমমেটরাও হয়তো শুনে ফেলেছিল।

তিনি অত্যন্ত শান্ত গলায় বললেন, ‘হম হর মহিনা অহাঁ लेल মখানা পাঠবৈত ছলি। অহাঁ খেলहुँ?’

অর্থাৎ, আমি প্রতি মাসে তোমার জন্য মাখানা পাঠাতাম। তুমি খেয়েছ?

আমি খাইনি। আলমারির নীচের তাকে ছ’টি খোলা না হওয়া প্যাকেট পড়ে ছিল। কারণ মাখানা খেতে একঘেয়ে লাগে। আর আমার বয়স ২৬ বছর। তিনি সেটাও জানতেন। তবুও পাঠিয়ে যেতেন।

‘তাহলে টাকা নিতেন কেন?’ আমি বললাম। ‘আপনার যদি টাকার প্রয়োজন না-ই ছিল, তাহলে নিতেন কেন?’

তিনি ঠিক সেভাবেই বিষয়টা নিয়ে ভাবলেন, যেভাবে কোনও ওষুধের ডোজ ঠিক করার সময় ভাবেন।

তারপর বললেন, ‘আ এহন শহর মে, ভোর কে চারি বাজে, অসগর রহয় ওয়ালি লড়কি জই সোচয় লাগত, তা ম্যাগি খায় সেঁ বেছি খারাপ কাজ ক’ সকৈ ।’

অর্থাৎ, কারণ আমি যদি তোমাকে টাকা পাঠাতে না বলতাম, তাহলে তোমার মনে হত যে তোমার বাবার তোমাকে কোনও প্রয়োজন নেই। আর এমন একটা শহরে, ভোর চারটের সময় একা থাকা কোনও মেয়ে যদি এমনটা ভাবতে শুরু করে, তাহলে ম্যাগি খাওয়ার চেয়েও খারাপ কিছু করে বসতে পারে।

তিনি বললেন, প্রতি মাসের এক তারিখে আমার সঙ্গে ফোনে কথা বলার একটা অজুহাত তিনি চেয়েছিলেন। তিনি স্বীকার করলেন, তিনি যা করেছেন, তা পুরোপুরি ঠিক ছিল না। সেটা তিনি জানতেন। তবুও করেছেন। তিনি বললেন, বাবা হওয়ার বেশিরভাগটাই এমন।

তিনি তিন দিন ছিলেন। দ্বারভাঙা থেকে একটি স্ক্রু-ড্রাইভারও সঙ্গে করে নিয়ে এসেছিলেন। কারণ, স্পষ্টতই পুনের স্ক্রু-ড্রাইভারের উপরে তাঁর ভরসা ছিল না। সেই স্ক্রু-ড্রাইভার দিয়ে তিনি আমার বিছানার পাশের প্লাগ পয়েন্টটি ঠিক করে দিলেন। গত এক বছর ধরে যেখান থেকে মাঝে মাঝেই আগুনের ফুলকি বেরোত। জোম্যাটোর একটি বিলের পিছনে ছবি এঁকে পিজির আন্টিকে হিন্দিতে তাঁর রক্তচাপের ওষুধের ব্যাপারে বুঝিয়ে দিলেন।

তিনি একবারও আমার অফিস দেখতে যাওয়ার জন্য জেদ করেননি।

শেষ সন্ধ্যায় আমরা রিকশা নিয়ে ওয়াকাডের সেই হাউজিং সোসাইটিতে গেলাম, যেখানে সিমেন্টের ট্যাঙ্কটি ছিল। ট্যাঙ্কটি তখন খালি। ছটপুজো শেষ হয়ে গিয়েছে। শুধু জলের উপরে গাঁদা ফুলের শুকিয়ে যাওয়া পাপড়িগুলো ভাসছিল। তিনি ট্যাঙ্কের ধারে দাঁড়ালেন। তিন দিন দেরিতে, মহারাষ্ট্রের একটি হাউজিং সোসাইটির ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে ধীরস্বরে অর্ঘ্য নিবেদনের মন্ত্র পড়লেন। আমি তাঁর পিছনে দাঁড়িয়ে পুরো সময়টা কেঁদে চলেছিলাম। তিনি একবারও পিছন ফিরে তাকাননি। সেটাও ছিল তাঁর আর একটি মহানুভবতা।

স্টেশনে তিনি বললেন, ‘হম যা রহল ছি’ (আমি যাচ্ছি)। তারপর, যেহেতু তিনি বাবুজি, তাই জিজ্ঞাসা করলেন, ‘সব ঠিক ছৈ?’ (সব ঠিক আছে?)

সেই একই প্রশ্ন, যার উত্তরে আমি গত চার বছর ধরে মিথ্যে বলে এসেছি।

আমি বললাম, ‘নহি, বাবুজি। ঠিক নহি ছৈ।’ না, বাবুজি। কিছুই ঠিক নেই।

আমি এমন একটি ছয় মাসের চুক্তিভিত্তিক চাকরিতে রয়েছি, যেখানে কোনও পিএফ নেই। আমার কাছে রয়েছে ৪১টি প্রত্যাখ্যানের চিঠি এবং ক্লাউড ফান্ডামেন্টালসের একটি সার্টিফিকেট। আমার রুমমেটরা আমার নাম পর্যন্ত জানে না। আর ২৬ বছর বয়সে আমি একটি জেরক্সের দোকানের উপরে তৈরি ঘরে থাকি।

তিনি এমনভাবে মাথা নাড়লেন, যেন কোনও রোগী শেষ পর্যন্ত তাঁকে নিজের সুগারের আসল রিপোর্টটা জানিয়ে দিয়েছে।

তিনি বললেন, ‘‘ভালো এবার সব ঠিক হয়ে যাবে।’’

তারপর তিনি ট্রেনে উঠে পড়লেন।

পাসবুকটি আমার তাকের উপরে ম্যাগির পাশে রাখা রয়েছে। আমি সেই টাকায় হাত দিইনি। এখনও জানি না, কোনও দিন দেব কি না। আমার চুক্তির মেয়াদ ২০২৬ সালের এপ্রিলে শেষ হচ্ছে। আমি ফোনে সত্যি কথা বলতে শুরু করেছি। যা মিথ্যে বলার চেয়ে অনেক বেশি কঠিন। কারণ সত্যির কোনও নির্দিষ্ট আকার নেই, অথচ মিথ্যেগুলো বেশ নিখুঁতভাবে সাজানো থাকে।

মা এখনও মনে করেন, আমি কাচের কেবিনে বসা একজন সিনিয়র সিস্টেমস ইঞ্জিনিয়ার। আর বাবুজি ও আমি কিছু না বলেই ঠিক করে নিয়েছি, এই মিথ্যেটা থেকে যেতে পারে। কিছু কিছু মিথ্যে বাড়ির ভিত গেঁথে রাখে।

আপনি যদি কোনও ছোট শহরের বাসিন্দা হন এবং আজ রাতে কোনও বড় শহরে বসে বাবাকে ফোন করে বলছেন যে আপনি ভালো আছেন, তাহলে আমি আপনাকে মিথ্যে বলা বন্ধ করতে বলব না। শুধু এটুকুই বলব, হয়তো তিনি আগে থেকেই সব জানেন।

আমার বাবা চার বছর ধরেই সব জানতেন। তবুও তিনি আমাকে আমার ‘ছৌ লাখ’-এর সম্মান বজায় রাখতে দিয়েছিলেন। আর আমার ছটপুজো যাতে বাদ না যায়, তার জন্য ৩৮ ঘণ্টা ধরে থেকুয়া বয়ে নিয়ে এসেছিলেন।

আমি ভাবতাম, আমি তাঁকে আগলে রাখছি। কিন্তু শেষ পর্যন্ত সত্যিটা হল, আমরা দু’জনেই একে অপরকে আগলে রাখছিলাম। আর তাঁর পদ্ধতিটা আমার চেয়ে অনেক ভালো ছিল।

মাখানা খেয়ে নেবেন। খেতে অতটাও একঘেয়ে নয়।

সৌজন্যে: হর্ষ বর্ধন ত্রিপাঠীর ফেসবুক পোস্ট



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed