কিশোরীর মুখে মোট ৮১টি দাঁত পাওয়া যায়। এর মধ্যে ছিল ১৮টি দুধের দাঁত, ৩২টি স্থায়ী দাঁত এবং ৩১টি অতিরিক্ত বা সুপারনিউমেরারি দাঁত। এই অবস্থাকে হাইপারডনশিয়া (Hyperdontia) বলা হয়, যেখানে স্বাভাবিক সংখ্যার তুলনায় বেশি দাঁত তৈরি হয়। বেশিরভাগ ক্ষেত্রে এক বা দুটি অতিরিক্ত দাঁত পাওয়া যায়, কিন্তু ৩০টিরও বেশি অতিরিক্ত দাঁত থাকা অত্যন্ত বিরল। এই ঘটনাটি ২০১১ সালে American Journal of Orthodontics and Dentofacial Orthopedics-এ প্রকাশিত হয়েছিল এবং সাম্প্রতিক বছরগুলিতে সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হওয়ার পর এটি নতুন করে আলোচনার বিষয় হয়ে ওঠে।

কীভাবে সামনে এল এই ঘটনা?

১১ বছর ৮ মাস বয়সি এই কৃষ্ণাঙ্গ কিশোরী ব্রাজিলের মিনাস জেরাইস (Minas Gerais) রাজ্যের ফেডারেল ইউনিভার্সিটি অফ জুইজ দে ফোরা-র (Juiz de Fora Federal University) ডেন্টাল হাসপাতালে এসেছিল। তার প্রধান সমস্যা ছিল উপরের চোয়ালে দুধের দাঁতের রুটের কিছু অংশ বের করে দেওয়া।

ক্লিনিক্যাল পরীক্ষায় বিশেষ কোনও অস্বাভাবিকতা দেখা যায়নি। কেবল কয়েকটি স্থায়ী দাঁত বাইরে বেরিয়ে ছিল—চারটি প্রথম মোলার এবং একটি প্রিমোলার। বাকি বেশিরভাগ দাঁতই ছিল দুধের দাঁত।

চিকিৎসকরা প্যানোরামিক রেডিওগ্রাফ এবং ল্যাটারাল সেফালোমেট্রিক রেডিওগ্রাফ করান। ফলাফল দেখে তাঁরা হতবাক হয়ে যান। চোয়ালের ভিতরে দাঁতের যেন ছড়াছড়ি। আরও নির্ভুল তথ্যের জন্য কোন-বিম কম্পিউটেড টমোগ্রাফি (CBCT) করা হয়।

স্ক্যানে স্পষ্ট দেখা যায়, মোট ৮১টি দাঁত রয়েছে—১৮টি ডেসিডুয়াস (দুধের দাঁত), ৩২টি স্থায়ী দাঁত এবং ৩১টি সুপারনিউমেরারি বা অতিরিক্ত দাঁত। বেশ কয়েকটি দাঁত চোয়ালের হাড়ের ভিতরে আটকে ছিল (ইমপ্যাক্টেড) এবং আকারেও অস্বাভাবিক ছিল। ফলে স্বাভাবিক এবং অতিরিক্ত দাঁতের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়েছিল।

Hyperdontia কী?

Hyperdontia হল দাঁতের একটি বিকাশগত অস্বাভাবিকতা, যেখানে স্বাভাবিকের তুলনায় বেশি সংখ্যক দাঁত তৈরি হয়। সাধারণত শিশুদের ২০টি দুধের দাঁত এবং প্রাপ্তবয়স্কদের ৩২টি স্থায়ী দাঁত থাকে। অতিরিক্ত দাঁতগুলিকে সুপারনিউমেরারি টিথ বলা হয়। এই দাঁতগুলি মুখের যে কোনও জায়গায় হতে পারে—উপরের বা নীচের চোয়ালে, সামনের দিকে বা পিছনের দিকে। কখনও এগুলি বাইরে বেরিয়ে আসে, আবার কখনও চোয়ালের হাড়ের ভিতরেই থেকে যায়।

বেশিরভাগ ক্ষেত্রে এক বা দুটি অতিরিক্ত দাঁত থাকে। তিনটি বা তার বেশি অতিরিক্ত দাঁত থাকা বিরল বলে মনে করা হয় এবং ৩০টির বেশি হওয়া অত্যন্ত অস্বাভাবিক। এই কিশোরীর ক্ষেত্রে ৩১টি অতিরিক্ত দাঁত থাকা বিশ্বে নথিভুক্ত হওয়া সবচেয়ে চরম ঘটনাগুলির মধ্যে অন্যতম।

সাধারণ জনসংখ্যার মধ্যে Hyperdontia-র প্রকোপ প্রায় ০.১ থেকে ৩ শতাংশ বলে জানা যায়। পুরুষদের মধ্যে মহিলাদের তুলনায় এই সমস্যা সামান্য বেশি দেখা যায়।

কী কারণে হয়?

অতিরিক্ত দাঁত তৈরির সঠিক কারণ এখনও পুরোপুরি স্পষ্ট নয়। বিজ্ঞানীদের ধারণা, ডেন্টাল ল্যামিনা (দাঁত তৈরির টিস্যু)-র অতিরিক্ত সক্রিয়তা এর পিছনে থাকতে পারে। জেনেটিক কারণও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনেক সময় এটি ক্লিডোক্রেনিয়াল ডিসপ্লাসিয়া, গার্ডনার সিনড্রোম, ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেট-এর মতো সিনড্রোমজনিত অবস্থার সঙ্গে যুক্ত থাকে।

এই কিশোরীর ক্ষেত্রে চিকিৎসকরা জেনেটিক পরীক্ষা করিয়েছিলেন। জি-ব্যান্ডিং বিশ্লেষণে ক্রোমোজোম ৯-এ একটি পেরিসেন্ট্রিক ইনভার্সন পাওয়া যায়—46, XX, inv(9)(p13q21)। এটি একটি বিরল জেনেটিক পরিবর্তন। তবে গবেষকরা স্পষ্ট করেছেন যে এর সঙ্গে হাইপারডনশিয়ার সরাসরি সম্পর্ক এখনও প্রমাণিত হয়নি।

কিশোরীর মধ্যে কোনও সিনড্রোম পাওয়া যায়নি। তাই এটিকে নন-সিনড্রোমিক মাল্টিপল হাইপারডনশিয়ার হিসেবে বিবেচনা করা হয়। পরিবারের মধ্যেও এই ধরনের কোনও রোগের ইতিহাস ছিল না। তাঁর মা থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছিলেন, তবে এর সঙ্গে হাইপারডনশিয়ার কোনও সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়নি।



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed