নয়াদিল্লি : সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে নেপালের ভয়াবহ পরিণতির ছবি আমরা দেখেছি। হড়পাবানে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে পড়শি দেশের। সেইসব ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য এবার নেপালকে আর্থিক সহায়তার ঘোষণা করল ভারত। ১৫ হাজার কোটি টাকা (ভারতীয় মুদ্রায়) নেপালকে সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ প্রসঙ্গে তিনি বলেন, “নেপালে সম্প্রতি হড়পাবানে যেসব প্রাণহানি হয়েছে তারজন্য আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। ভারত নেপালের জন্য ২৪,০০০ কোটি (নেপালি মুদ্রার) একটি উন্নয়ন প্যাকেজ ঘোষণা করেছে।” এই ঘোষণার পাশাপাশি নেপালের উন্নয়নের জন্য তাদের প্রধানমন্ত্রী বালেন্দ্র শা-র দূরদৃষ্টিতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদি। 

উভয়ের বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি বলেন, “নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শা-কে ভারতে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত, দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম দ্বিপাক্ষিক সফর। কয়েক মাস আগে, বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে যখন তিনি রাষ্ট্রসংঘে ভাষণ দিয়েছিলেন, তখনই আমরা তাঁর দূরদৃষ্টি ও সুদূরপ্রসারী চিন্তাভাবনার স্পষ্ট পরিচয় পেয়েছিলাম। গত কয়েক ঘণ্টার আলোচনায় আমি নেপালের ভবিষ্যৎ এবং ভারত-নেপাল সম্পর্কের বিষয়ে তাঁর সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার লক্ষ্য করেছি।” প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে, ভারত ও নেপাল কেবল প্রতিবেশীই নয়, বরং এই দুই দেশ বিশ্বাস ও বন্ধুত্বের গভীর বন্ধনে আবদ্ধ। তাঁর কথায়, “আমাদের আকাঙ্খা ও চ্যালেঞ্জগুলি একই রকম এবং কঠিন সময়ে আমরা একে অপরের পাশে দাঁড়াই। নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। নেপালের পুনর্গঠন ও উন্নয়নে সাহায্য করার জন্য, আমরা ২৪,০০০ কোটি (নেপালি মুদ্রার মূল্যে) একটি উন্নয়নমূলক সহযোগিতা প্যাকেজ ঘোষণা করছি।”

প্রধানমন্ত্রী মোদি বলেছেন, এই সহায়তা পরিকাঠামোগত পুনরুদ্ধার, জনবসতি পুনর্নির্মাণ এবং ঘরবাড়ি ও জীবিকা হারানো মানুষদের সহায়তা করতে সাহায্য করবে।

প্রসঙ্গত, ২৬ অগাস্ট হড়পাবানে ১,৫০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং ৫,২০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *