ভয়ঙ্কর ঘটনা ধরা পড়ল সিসিটিভি-তে। ব্যাঙ্কে ঢুকে হঠাৎ ব্যাঙ্ককর্মীদের লক্ষ্য করে লাল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে লুটের ঘটনা ঘটল এসবিআইয়ের শাখায়। অভিযুক্ত ব্যক্তি প্রায় ৪ লক্ষ টাকা লুঠ করে পালায় বলে অভিযোগ ওঠে। যদিও শেষ রক্ষা হয়নি। শেষমেশ ধরা পড়ে যায় সে। অতর্কিতে এই ঘটনার জেরে ব্যাঙ্ককর্মীরা কিছু দেখতে না পেয়ে নিরাপত্তার সন্ধানে ছোটাছুটি করতে শুরু করে দেন। ব্যাঙ্ককর্মীরা যখন বিশৃঙ্খলার মধ্যে হিমশিম খাচ্ছিলেন, তখন ওই ব্যক্তি কাউন্টার থেকে নগদ ৪ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। তবে পুলিশ ৩০ মিনিটের মধ্যেই তাকে খুঁজে বের করে এবং পুরো টাকা উদ্ধার করতে সফল হয় বলে জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা নাগাদ SBI-এর ওই শাখায় ঘটে। পুলিশের মতে, ওই ব্যক্তি গ্রাহকের পরিচয় দিয়ে ব্যাঙ্কে ঢোকার সময় সবকিছু স্বাভাবিকই ছিল। পরে ঘটনার একটি CCTV ফুটেজ X-এ শেয়ার করা হয়, যা ব্যাপক নজর কেড়েছে। ফুটেজে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি ক্যাশ কাউন্টারের কাছে গিয়ে আচমকাই এক ব্যাঙ্ককর্মীর দিকে লাল লঙ্কার গুঁড়ো ছুড়ে দেয়। আচমকা এই হামলায় কর্মীরা চোখে দেখতে সমস্যায় পড়েন এবং ব্রাঞ্চের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হয়।

চোর চুরি করল ৪ লক্ষ টাকা:

কমলা রঙের কুর্তা এবং কালো প্যান্ট পরা ওই ব্যক্তি রুমাল দিয়ে মুখ ঢেকে একে একে ব্যাঙ্ককর্মীদের দিকে লঙ্কার গুঁড়ো ছুড়তে থাকে। অভিযুক্তের ধাওয়ায় কর্মীদের দৌড়ে পালাতে দেখা যায়। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সে ক্যাশ কাউন্টার থেকে ৪ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।

কয়েকজন ব্যাঙ্ককর্মী এবং ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী তাকে ধাওয়া করার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। কিন্তু ভিড়ে ঠাসা এলাকার সুযোগ নিয়ে সে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ব্যাঙ্কের ভিতরে ও বাইরে লাগানো CCTV ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করে এবং সে কোন দিকে পালিয়েছে, সেই দিকও খতিয়ে দেখে।

পুলিশ ৩০ মিনিটের মধ্যে তাকে গ্রেফতার করে:

এরপর পুলিশ বিভিন্ন জায়গায় ‘নাকা চেকিং’ শুরু করে এবং এলাকার টহলদারি দলগুলিকে সতর্ক করে দেয়। ঘটনার ৩০ মিনিটের মধ্যেই পুলিশ অভিযুক্তের সন্ধান পেয়ে তাকে আটক করে। তার পরিচয় ২৮ বছর বয়সি সূরজ ভোজরাজ বোরকর হিসেবে জানা যায়। তিনি B.Sc. পাশ করেছেন এবং বর্তমানে বেকার। পুলিশ আধিকারিকরা ব্যাঙ্ক থেকে চুরি যাওয়া পুরো চার লক্ষ টাকাই উদ্ধার করেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷

নেটিজেনরা বলছেন, “একেবারেই পরিকল্পনা ছিল না”:

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ডাকাতির ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে এক ইউজার লিখেছেন, “এখানে সবকিছুই ভুল… ওর পোশাকটা দেখুন…  পরিকল্পনা।”

অন্য একজন লিখেছেন, “লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাঙ্ক ডাকাতি করা সত্যিই অবাক করার মতো ব্যাপার।”

আর এক ব্যক্তি মন্তব্য করেছেন, “লোকটা টাকা লুট করার চেয়ে লঙ্কার গুঁড়ো ছোড়ার দিকেই বেশি মনোযোগী।”

অন্য একজন মন্তব্য করেছেন, “ওই মহিলাটি কাউন্টার থেকে একটুও নড়ছেন না এবং সম্ভবত বলছেন, ‘লাঞ্চের পর আসুন।’”



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *