২৭ বছর ধরে ছিলেন ভাড়াটে, বাড়ি খালি হতেই দেখতে পৌঁছলেন মালিক, ভিতরের দৃশ্য দেখে চোখ কপালে উঠল তাঁর! | লেটেস্ট পাঁচমিশালি খবর
Last Updated:
বিশ্বের প্রতিটি প্রান্তেই ভাড়ায় বাড়ি পাওয়া যায়। অনেক সময় বাড়ির মালিক ও ভাড়াটের মধ্যে ভালো সম্পর্কও দেখা যায়। আবার অনেক সময় দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। কোনও ভাড়াটে একটানা ২৭ বছর কোনও বাড়িতে থাকছেন এবং প্রতি মাসে সময়মতো ভাড়া দিয়ে যাচ্ছেন, এমন ঘটনা খুব কমই শোনা যায়। আমেরিকার বিখ্যাত রিয়েল এস্টেট ব্যবসায়ী থ্যাচ গুয়েনের সঙ্গে ঠিক এমনটাই ঘটেছে। টানা ২৭ বছর ধরে এক ভাড়াটে তাঁর বাড়িতে ছিলেন। বাড়ি খালি হওয়ার পর সেটি দেখতে পৌঁছন থ্যাচ গুয়েন। বাড়ির ভিতরের দৃশ্য দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন তিনি।
নিউইয়র্ক: থ্যাচ গুয়েন আমেরিকার একজন বিখ্যাত রিয়েল এস্টেট ব্যবসায়ী। তিনি একজন ডেভেলপার এবং বিজনেস কোচও। একসময় তিনি আমেরিকায় শরণার্থী হিসেবে এসেছিলেন। এরপর হয়ে ওঠেন কোটিপতি। তিনি নিজের বাড়ি ভাড়া দেন। তাঁর একটি বাড়িতে টানা ২৭ বছর ধরে ভাড়াটে ছিলেন এক ব্যক্তি। একই ভাড়াটে এত দীর্ঘ সময় ধরে বাড়িতে থাকার কারণে থ্যাচ গুয়েনের মনে বাড়িটি ভিতর থেকে ঘুরে দেখার ইচ্ছা জাগে। তিনি নিজের বাড়িতে পৌঁছন। মূল দরজা খুলে ভিতরের দৃশ্য দেখতেই আনন্দে লাফিয়ে ওঠেন তিনি। থ্যাচ গুয়েন এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেন। নেটিজেনরাও সেই ভিডিওতে মজার মজার কমেন্ট করেছেন।
থ্যাচ গুয়েন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে লেখেন, ‘‘আমার ভাড়াটে টানা ২৭ বছর পর খুশি মনে বাড়িটি খালি করেছেন। এত বছর পর এই প্রথম আমি বাড়িটির ভিতরে ঢুকতে চলেছি। আশা করি, বাড়ির সবকিছুই ঠিকঠাক অবস্থায় থাকবে।’’
থ্যাচ গুয়েন যখন বাড়ির ভিতরে পৌঁছন, তখন দেখেন মেঝে আগের মতোই রয়েছে। বাড়ির রান্নাঘর, রেফ্রিজারেটর এবং বাথরুমের অবস্থা খুবই ভাল ছিল। তবে সামান্য কিছু মেরামতির প্রয়োজন রয়েছে বলে জানান থ্যাচ গুয়েন। তিনি জানান, ১৯৯৯ সালে বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল।
বাড়ির দেওয়াল, বাথরুম এবং সিঙ্কের অবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। সবশেষে থ্যাচ গুয়েন গ্যারাজটি দেখেন। গ্যারাজ দেখে তো তিনি আরও অবাক হয়ে যান। ভাড়াটে সেখানে একটিও আবর্জনা ফেলে রাখেননি। গ্যারাজটি ছিল একেবারে পরিষ্কার-পরিচ্ছন্ন।
থ্যাচ গুয়েনের ভিডিওতে নেটিজেনরা মজার মজার কমেন্ট করেছেন। তাঁর এই পোস্টে ৭,৬০০-এরও বেশি মন্তব্য এসেছে। এক ইউজার লিখেছেন, ‘‘ভাড়াটেকে তাঁর ডিপোজিট টাকা ফিরিয়ে দিন, তাও আবার দ্বিগুণ। শেষ পর্যন্ত তিনি তো ২৭ বছর সেখানে থেকেছেন। বাড়িটির দেখাশোনাও খুব ভালভাবে করেছেন।’’ অন্য একজন লিখেছেন, ‘‘প্রত্যেক বাড়িওয়ালারই ইচ্ছা থাকে, তাঁরাও যেন এমন ভাড়াটে পান।’’
অনেকে অবশ্য কিছুটা অসন্তোষও প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, ২৭ বছর ধরে ভাড়াটে থাকলেও বাড়িটি সঠিকভাবে সংস্কার বা আধুনিকীকরণ করা হয়নি। তবে বেশিরভাগ মানুষের কাছেই এই দৃশ্য আনন্দের ছিল। তাঁদের অনেকেই ভাবতেও পারেননি যে, কোনও ভাড়াটে টানা ২৭ বছর ধরে এভাবে বাড়িটির যত্ন নিতে পারেন।
থ্যাচ গুয়েন আমেরিকার একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। তাঁর আদি বাড়ি ভিয়েতনামে। একসময় তিনি শরণার্থী হিসেবে আমেরিকায় এসেছিলেন। এরপর নিজের পরিশ্রমে রিয়েল এস্টেটের ব্যবসা গড়ে তোলেন এবং মাত্র ২৭ বছর বয়সেই কোটিপতি হয়ে ওঠেন। থ্যাচ গুয়েন সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। ইনস্টাগ্রামে তাঁর ১৬ লক্ষ ফলোয়ার রয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের সাফল্যের যাত্রার কথাও জানিয়েছেন।
থ্যাচ গুয়েনের বক্তব্য, সাফল্যের কোনও শর্টকাট নেই। তিনি বলেন, ‘‘আমি সবসময় সম্পত্তি কিনতে থাকি। সম্পত্তিতে প্রতি ১০ বছরে মূলধন দ্বিগুণ হয়ে যায়। তাই কখনও সম্পত্তি কেনা বন্ধ করবেন না। যখনই সুযোগ পাবেন, সম্পত্তি কিনুন।’’
