মুম্বই : ‘গ্রেফতার করুন। আমাকে জেলের ভয় দেখাবেন না।’ মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ জানালেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বৃহস্পতি নাগপুরে একটি প্রতিবাদ সমাবেশ করেন তিনি। মুম্বইয়ে সংগঠনের ২ অক্টোবরের বিক্ষোভ কর্মসূচির সঙ্গে সম্পর্কিত একটি এফআইআর-এর জেরে মুম্বই পুলিশ যখন তাঁর বিরুদ্ধে একটি ‘লুক আউট সার্কুলার’ (এলওসি) জারি করেছে, ঠিক সেই সময়েই এই র্যালিটি অনুষ্ঠিত হল।
সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, দীপকে বলেন, “আমার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে মুম্বই পুলিশ। এখানে পুলিশের বন্দোবস্ত রয়েছে আর ওরা আমাকে খুঁজছে। অভিজিৎ দীপকে কোথায় ? আমি সংবিধান চকে আছি। আপনারা কী করবেন ? আমাকে গ্রেফতার করবেন ?” সংবিধান দিবসে সংবিধান চকে ‘সেভ ডেমোক্রেসি, সেভ কনস্টিটিউশন’ সমাবেশে দীপকে বলেন, “আমি দু’বার জেলে ছিলাম। আমাকে জেলের ভয় দেখাবেন না।” Constitution Day
বৃহস্পতিবার মুম্বই পুলিশ দীপকে এবং সিজেপি -র সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিরুদ্ধে এলওসি (LOC) বা লুক-আউট সার্কুলার জারি করেছে। এই সার্কুলারগুলি ৩ অক্টোবর শিবাজি পার্ক থানায় দায়ের করা একটি এফআইআর-এর সঙ্গে সম্পর্কিত, যা আগের দিন আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচির প্রেক্ষিতে করা হয়েছিল। এফআইআর-এ আয়োজকদের নাম উল্লেখ করা হয়েছে এবং ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় অংশগ্রহণকারীর কথা বলা হয়েছে। এতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ১৮৯ ও ২২৩ নম্বর ধারা প্রয়োগ করা হয়েছে, যা বেআইনি সমাবেশ এবং সরকারি কর্মচারীর জারি করা আদেশ অমান্য করার অপরাধের সঙ্গে সম্পর্কিত।
নাগপুরের জনসভায় দীপকে বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রের বিরুদ্ধে সংবিধানকে দুর্বল করার অভিযোগ তোলেন এবং দাবি করেন যে, সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে কব্জা করে ফেলা হয়েছে। তিনি বলেন, “সরকার সংবিধানের পরিপন্থী কাজ করছে। এমন একটি প্রতিষ্ঠানও অবশিষ্ট নেই যা কব্জা করা হয়নি।”
দীপকে আরও বলেন, “আপনারা মানুষকে ভয় দেখিয়ে দেশটিকে ধ্বংস করে ফেলেছেন, কিন্তু এটি আর সহ্য করা হবে না। আরও দুই বছর ধরে যতটা পারেন ভয় দেখান। ২০২৯ সাল এগিয়ে আসছে। এটি এখন যন্তর মন্তর-পরবর্তী ভারত।” আশুতোষ রাঙ্কা জানান, বড় বড় শহরে প্রতিবাদ সমাবেশের বাইরেও বড় হবে পার্টি। তাঁর কথায়, “আমরা প্রত্যেক গ্রামে যাব, মানুষের সঙ্গে কথা বলব এবং যুবকদের আওয়াজ দেব।”
PM Modi: সংবিধান দিবসে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর
