
বক্সনগর এখন গোটা দেশের আলোচনায়! এই আলোচনা যদি ভালো কাজের জন্য তাহলে সাধু; কিন্তু তা কি আসলেই হচ্ছে? বিধায়ক তফাজ্জলের নেতৃত্বে বক্সনগর এখন পাচার বানিজ্যের অন্যতম পিঠস্থান! দিনের আলো থেকে শুরু করে গভীর রাত অবাধে চলে পাচার কাজ, বাংলার অনুব্রতর দ্বিতীয় লাইট ভার্সন হচ্ছেন বিধায়ক তফাজ্জল হোসেন। গরু পাচার থেকে চিনি এবং নেশা পাচারের জন্য এখন উর্বর জমি হচ্ছে বক্সনগর। আর এই বক্সনগরেই বিধায়ক তফাজ্জলের লোকেরা হামলা চালায় দেশের সীমান্ত সুরক্ষার সাথে জড়িয়ে থাকা দেশের গর্ব BSF জওয়ানের উপর। দীর্ঘ সময় কেটে গেলেও তফাজ্জলের নেই সারা। গোটা বক্সনগর এখন দুর্নীতির শীর্ষে। বিধায়ক তফাজ্জল হোসেনের সম্পত্তি এবং প্রতিপত্তি দিনের পর দিন বেড়েই চলেছে। এবার দেখার রাজ্যের মুখ্যমন্ত্রী বিধায়ক তফাজ্জলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়।
ত্রিপুরার সিপাহীজলা জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ জওয়ানদের উপর হামলা এবং সার্ভিস রাইফেল ছিনতাইয়ের ঘটনায় তদন্ত আরও জোরদার করল ত্রিপুরা পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই ঘটনায় শনিবার আরও দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বক্সনগরের আশাবাড়ি-রহিমপুর সীমান্ত এলাকায় চোরাচালানের বিরুদ্ধে বড়সড় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বাজি ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ, কাস্টমস ও ত্রিপুরা পুলিশ। সর্বশেষ দুইজনকে গ্রেফতারের পর ২ নভেম্বরের হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১। ধৃতদের মধ্যে রয়েছেন চারজন মহিলা।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিএসএফের হাতে আটক হন মূল অভিযুক্ত রবিউল হোসেন ও মাহাবুল হোসেন। পরে তাঁদের কালামচৌড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তদন্তকারীদের দাবি, ঘটনার ভিডিও ফুটেজে রবিউলকে বিএসএফ জওয়ানের সার্ভিস রাইফেল ছিনিয়ে নিতে দেখা গেছে। অন্যদিকে, মাহাবুলকে লাঠি দিয়ে বিএসএফ জওয়ানদের উপর হামলা চালাতে দেখা গিয়েছে।
এর আগে এই ঘটনায় রবিউলের মা হাসিনা খাতুনকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, রাইফেল ছিনতাইয়ের সময় তিনি লাঠি দিয়ে এক বিএসএফ জওয়ানের মাথায় আঘাত করেন। এতে ওই জওয়ান গুরুতর আহত হন। শনিবার তাঁকে সোনামুড়া আদালতে তোলা হলে আদালত সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
অন্যদিকে, এই মামলায় প্রথম পর্যায়ে গ্রেফতার হওয়া ১০ জনের মধ্যে সাতজনকে শনিবার সোনামুড়া আদালতে পেশ করা হয়। আদালত সাতজন পুরুষ অভিযুক্তকে আরও সাত দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। আগে গ্রেফতার হওয়া তিন মহিলা অভিযুক্ত বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। আগামী ১৩ নভেম্বর তাঁদের পুনরায় আদালতে পেশ করার কথা রয়েছে। শনিবার গ্রেফতার হওয়া রবিউল ও মাহাবুলকে রবিবার আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে।
সিপাহীজলা জেলা আদালতের সরকারি আইনজীবী গৌতম গিরি জানান, ইতিমধ্যে আদালতে পেশ করা ১৯ জন অভিযুক্তকে আগামী ১৩ নভেম্বর পুনরায় আদালতে হাজির করা হবে। মামলার গুরুত্ব ও সংবেদনশীলতার কথা মাথায় রেখে ত্রিপুরা হাইকোর্টের সরকারি আইনজীবী রাজু দত্তও সোনামুড়া আদালতে উপস্থিত থেকে গৌতম গিরির সঙ্গে মামলার শুনানিতে অংশ নেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে পাঁচজনের নাম বিএসএফের দায়ের করা প্রাথমিক অভিযোগে ছিল না। তবে তদন্ত ও অন্যান্য অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাঁদের চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইন, ১৯৮৫, ভারতীয় ন্যায় সংহিতা বা বিএএনএস, ২০২৩ এবং সরকারি সম্পত্তি নষ্ট প্রতিরোধ আইন, ১৯৮৪-র বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, চলমান তদন্তের পাশাপাশি চোরাচালানের বিরুদ্ধে বড়সড় অভিযান চালায় বিএসএফ, কাস্টমস ও ত্রিপুরা পুলিশের যৌথ বাহিনী। বক্সনগরের আশাবাড়ি সংলগ্ন রহিমপুর বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ শব্দবাজি ও বিস্কুট উদ্ধার করা হয়েছে।
সোনামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের ডেপুটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সূরজ দেববর্মার উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়। দোকান মালিকদের অনুপস্থিতিতে আটটি তালাবন্ধ দোকানের শাটার ভেঙে তল্লাশি চালায় যৌথ বাহিনী। সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ সামগ্রী।
সরকারি সূত্রের দাবি, এই দোকানগুলিকে দীর্ঘদিন ধরে চোরাচালানের সামগ্রী মজুত রাখার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। বাজি, চিনি, নিষিদ্ধ সামগ্রী এবং মাদকদ্রব্য এখানে মজুত করে আশাবাড়ি-রহিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা হতো বলে অভিযোগ। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনভর চলা এই অভিযানের জেরে রহিমপুর বাজারের স্বাভাবিক বাণিজ্যিক কার্যকলাপ কার্যত স্তব্ধ হয়ে পড়ে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সূরজ দেববর্মা জানান, তাঁর উপস্থিতিতেই তালা ভেঙে দোকানগুলি খোলা হয় এবং উদ্ধার হওয়া বাজি আইনি পদক্ষেপের জন্য বিএসএফের একটি বর্ডার আউটপোস্টে নিয়ে যাওয়া হয়েছে। অভিযানে বিএসএফের ৪৯ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এবং সোনামুড়ার কাস্টমস সুপারিনটেনডেন্ট উপস্থিত ছিলেন।
অন্যদিকে, তদন্তের তদারকিতে সারাদিন কালামচৌড়া থানায় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা এবং অতিরিক্ত পুলিশ সুপার ডি. কুডিয়ারাসু। সন্দেহভাজন বাড়িঘর ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত রাখা সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ও বিএসএফ। হামলার ঘটনায় জড়িত কাউকেই রেয়াত করা হবে না বলে জানিয়েছেন আধিকারিকরা।
এদিকে, বাংলাদেশ থেকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা মাইকিং করে আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি বসবাসকারী মানুষদের জিরো লাইনের দিকে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তদন্তের অগ্রগতি নিয়ে উচ্চপদস্থ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।
তদন্তকারীদের মতে, সোনামুড়া মহকুমার আশাবাড়ি-রহিমপুর সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই আন্তঃসীমান্ত চোরাচালানের অন্যতম গুরুত্বপূর্ণ করিডর হিসেবে পরিচিত। সেই কারণে ওই এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। জমির মালিকানা সংক্রান্ত নথিপত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহভাজন গুদাম ও মজুত কেন্দ্রগুলিতে অভিযান চালানো হচ্ছে। সরকারি জমি বেআইনিভাবে দখল করে বসবাসের অভিযোগে কিছু পরিবারের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, গত ২ নভেম্বর ভারত-বাংলাদেশ সীমান্তে গাঁজা পাচারের চেষ্টা রুখতে গিয়ে বিএসএফ জওয়ানদের সঙ্গে পাচারকারীদের সংঘর্ষের সূত্রপাত হয়। অভিযোগ, বিএসএফ জওয়ানরা একদল সন্দেহভাজন পাচারকারীকে আটকানোর চেষ্টা করলে প্রায় ৫০ জন পুরুষ ও মহিলা তাঁদের ঘিরে ধরে হামলা চালায়। এই হামলায় কোম্পানি কমান্ডার-সহ তিন বিএসএফ জওয়ান গুরুতর আহত হন। সেই সময় এক জওয়ানের কাছ থেকে পাম্প-অ্যাকশন বন্দুক ছিনিয়ে নেওয়ার পাশাপাশি বিএসএফের একটি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। দীর্ঘ সীমান্তজুড়ে বেড়া থাকা সত্ত্বেও আন্তঃসীমান্ত চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ এখনও নিরাপত্তা বাহিনীর কাছে বড় চ্যালেঞ্জ। সাম্প্রতিক এই ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান আরও জোরদার করল প্রশাসন।
