কলকাতা: অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। সেই রাহানে, যিনি গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন। তাঁকে কেকেআরের জার্সিতে পরের আইপিএলে দেখা যাবে না।

কলকাতা নাইট রাইডার্সের হালহকিকত জানেন, এমন সকলেই নিশ্চিত যে, কেকেআরের প্রথম লক্ষ্য হবে অধিনায়ক ঠিক করা। একটা সময় শোনা যাচ্ছিল, হার্দিক পাণ্ড্যকে ট্রেডিং মারফত নিতে পারে কেকেআর। কিন্তু হার্দিক সম্ভবত পঞ্জাব কিংসে যাচ্ছেন।  সেক্ষেত্রে হার্দিককে কেকেআরের অধিনায়ক হিসাবে দেখা যাওয়ার সম্ভাবনা আর নেই বললেই চলে।

কে হবেন কেকেআরের নতুন অধিনায়ক?

অনেকের মনে হচ্ছে, কেকেআরের হাতে দুটো বিকল্পই থাকছে। এক, বিদেশি কাউকে অধিনায়ক করা। সেক্ষেত্রে শাই হোপকে দেখা যেতে পারে। সুনীল নারাইনকেও অনেকে হিসেবের বাইরে রাখছেন না। আর একটা মত হল, কেকেআরের অধিনায়ক হিসাবে দেখা যেতে পারে রিঙ্কু সিংহকে। গত আইপিএলে যিনি দলের সহ অধিনায়ক ছিলেন। এমন কাউকে অধিনায়ক করা হতে পারে, যাঁকে অন্তত আগামী ৩-৪ মরশুমে দায়িত্বে রাখা যাবে। সেক্ষেত্রে দলে অটোমেটিক চয়েস রিঙ্কুর সম্ভাবনা প্রবল।

ডিসেম্বরে আইপিএলের মিনি নিলাম। তার আগে ১৭ নভেম্বরের মধ্যে দশ দলকে জানিয়ে দিতে হবে, কোন কোন ক্রিকেটারকে ধরে রাখবে তারা, আর ছেড়ে দেবে কাদের। রিটেনশন তালিকা প্রকাশের চূড়ান্ত দিন যত এগিয়ে আসছে, তত বাড়ছে জল্পনা। শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হবে কোন ক্রিকেটারদের?

ডিসেম্বরে আইপিএলের পূর্ণাঙ্গ নিলাম হবে না। মিনি নিলামে কি এমন কেউ থাকবেন যাঁকে অধিনায়ক হিসাবে বেছে নেওয়া যাবে? এখনও পর্যন্ত যা খবর, সম্ভবত ট্রেডিং মারফত ক্রিকেটার বিনিময় করবে না কেকেআর। রিটেন করা হতে পারে ফিন অ্যালেন, টিম সেইফার্ট, অঙ্গকৃষ রঘুবংশী, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, রিঙ্কু সিংহ, রোভম্যান পাওয়েল, কার্তিক ত্যাগী, অনুকূল রায়, বৈভব অরোরাকে।

অজিঙ্ক রাহানেকে তো ছেড়ে দেবেই। পাশাপাশি ছেড়ে দেওয়া হতে পারে রাচিন রবীন্দ্র, মাথিশা পাথিরানা, রামনদীপ সিংহ, উমরন মালিককে।

ক্যামেরন গ্রিনকে নিয়ে কী করবে কেকেআর? অনেকের মনে হচ্ছে, সর্বোচ্চ দামের বিদেশি ক্রিকেটারকে ছেড়ে দিয়ে নিলাম থেকে ফের কিনতে পারে কেকেআর। সেক্ষেত্রে অনেক কম দামে পাওয়া যেতে পারে তাঁকে। এমনিতেও ওয়ান ডে বিশ্বকাপ, অ্যাসেজ সিরিজ, বর্ডার-গাওস্কর ট্রফি রয়েছে বলে আইপিএলে তাঁকে কতটা পাওয়া যাবে, তা নিয়ে ধন্দ থাকছে। পাশাপাশি গ্রিনের বোলিং করা নিয়েও থাকছে প্রশ্নচিহ্ন।

আরও পড়ুন: দীপাবলির দিন বড় ধাক্কা! অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে চেপে ধরেও পাকিস্তানের কাছে হেরে গেল ভারত

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *