নয়াদিল্লি: ১৭ নভেম্বর আইপিএল ফ্র্যাঞ্চাইজ়িদের রিটেনশন তালিকা প্রকাশ করার শেষ দিন। এই বারে রিটেনশন তালিকা প্রকাশের আগে ট্রেড উইন্ডো (IPL Trade) হালফিলের অন্তত ব্যস্ততম ট্রেড উইন্ডো। এই উইন্ডোতে একাধিক তারকা নাম দলবদল করেছে। এখনও বাকি দিন দু’য়েকে আরও একাধিক তারকা দলবদল করতে পারেন বলে খবর। এইসবের মাঝেই কিন্তু একটি ট্রেড কার্যত নিশ্চিত হয়ে গেল।
Cricinfo-র রিপোর্ট অনুযায়ী ট্রেড উইন্ডোতে হর্ষল পটেল (Harshal Patel) সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ছেড়ে গুজরাত টাইটান্সে (Gujarat Titans) যোগ দিতে চলেছেন। দুইবার মরশুমের সর্বোচ্চ উইকেটশিকারি হিসাবে ‘পার্পল ক্যাপ’জয়ী হর্ষলের পরিবর্তে কোনও খেলোয়াড় নয়, বরং সম্পূর্ণ টাকার বিনিময়ে এই ট্রেড করছে টাইটান্সরা। রিপোর্ট অনুযায়ী ২০২৫ সালের মেগা নিলামে হর্ষলকে যে দামে কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ, তার ঠিক অর্ধেক, চার কোটি টাকায় তাঁকে দলে নিচ্ছে গুজরাত টাইটান্স।
ট্রেড সম্পন্ন হলে ২০১২ সালে আইপিএল অভিষেক ঘটানো হর্ষল নিজের পঞ্চম আইপিএল ফ্র্যাঞ্চাইজ়িতে যোগ দেবেন। নিলামের পরের মরশুমে হর্ষল সানরাইজার্সের হয়ে ১৩ ম্য়াচে ১৬টি উইকেট নিয়েছিলেন। তবে গত মরশুমে প্রফুল্ল হিঙ্গে এবং শাকিব হোসেনকে সানরাইজার্স প্রাধান্য দেওয়ায় হর্ষল তেমন সুযোগই পাননি। তিনি মাত্র পাঁচ ম্যাচ খেলে ১০.৬২ ইকোনমিতে রান খরচ করলেও, কোন উইকেট পাননি। এরপরেই ৩৬ বছর বয়সিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স। এর ফলে নিজের হোমটাউন ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে খেলার সুযোগ পাবেন হর্ষল।
আরও পড়ুন:- ফের দলবদল, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন শামি? পরিবর্তে LSG-তে আসবেন কে?
এর আগে দুইবার ২০২৪ এবং ২০২৫ সালে, হর্ষলকে দলে নিতে চেয়ে নিলামে বিড হাঁকিয়েও ব্যর্থ হয়েছিল গুজরাত টাইটান্স। ট্রেডের মাধ্যমে অবশেষে তাঁরা হর্ষলকে দলে নিল। তবে কেরিয়ারের এই পর্যায়ে হর্ষলকে তারা কেন দলে নিল, যেখানে দলে মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা এবং প্রসিদ্ধ কৃ্ষ্ণের পাশাপাশি জেসন হোল্ডারও তাঁদের দলে রয়েছে, তা কিন্তু আলোচনাসাপেক্ষ।
অপরদিকে, সানরাইজার্স ট্রেডের মাধ্যমে আগেই টি নটরাজনের পাশাপাশি সিএসকে থেকে নাথান এলিস এবং খলিল আমেদকে দলে নিয়ে নিয়েছে। এছাড়া দুই তরুণ আনক্যাপড ফাস্ট বোলার তো রয়েইছে। তাই হর্ষলকে তারা কেন ছেড়ে দিয়েছে, সেই বিষয়টা নিয়ে অবশ্য খুব আলোচনার প্রয়োজন হয় না।
