সন্দীপ সরকার, কলকাতা: এমন তিক্ত অভিজ্ঞতা বিশ্ব ক্রিকেটে আর কারও হয়েছে কি?
দেশকে টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন করার কয়েক মাসের মধ্যে নেতৃত্বের মুকুট কেড়ে নেওয়া হয়েছে সূর্যকুমার যাদবের। বাদ পড়েছেন দল থেকেও। কাছাকাছি উদাহরণ হতে পারে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করার পরেও শাহরুখ খানের দলের শ্রেয়স আইয়ারের চুক্তি নবীকরণ না করা। যদিও আইপিএল আর আন্তর্জাতিক ক্রিকেটের তুলনাই হতে পারে না। যে কারণে সূর্যর ক্ষতও অনেক বেশি দগদগে।
আর সেই যন্ত্রণা ভোলার জন্য ক্রিকেটের বাইশ গজকেই বেছে নিয়েছেন সূর্যকুমার। শনিবার সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে হায়দরাবাদের বিরুদ্ধে সল্ট লেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে ১৫ বলে হাফসেঞ্চুরি করলেন স্কাই। ২১ বলে ৬০ রানের প্রলয়লীলা দেখে মুগ্ধ সকলে। ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩.১ ওভারে মোক্ষলাভ মুম্বইয়ের!
বিধ্বংসী ইনিংস খেলে উঠে সূর্যকুমার খোশমেজাজে। মাঠের বাইরেও চালিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন যেন। প্রত্যাবর্তনের অভিযান কি শুরু হল এই ম্যাচ দিয়েই? কী পরিকল্পনা নিয়ে নেমেছিলেন? এবিপি লাইভ বাংলার প্রশ্নে সূর্যকুমার বললেন, ‘পরিকল্পনা একেবারেই সাধারণ ছিল। কামব্যাক করতে হবে। সেই ইচ্ছা এবং মানসিকতা থাকলে ব্যাটের ফ্লো আপনা হতেই চলে আসে। কঠোর পরিশ্রম করেছি। মানসিকতা থেকে শুরু করে ব্যাটিংয়ের দক্ষতা – সব কিছু নিয়েই কাজ করেছি।’
ভারতীয় দলের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে। মুম্বই তাঁকে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে নেতৃত্বের দায়িত্ব সঁপে দিয়েছে। সূর্যকুমার বলছেন, ‘মুম্বইয়ের হয়ে খেলতে নামার জন্য আলাদা করে কোনও অনুপ্রেরণার প্রয়োজন হয় না। এখান থেকেই আমার ক্রিকেটের শুরু। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাকে বয়সভিত্তিক ক্রিকেট থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে উঠে আসতে প্রচুর সাহায্য করেছে। এখন আমার সময় এসেছে অ্যাসোসিয়েশনকে কিছু ফিরিয়ে দেওয়ার। তাই যখনই খেলতে নামি, একই আবেগ ও প্যাশন নিয়ে মাঠে নামি।’
যোগ করলেন, ‘মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অজিঙ্ক নায়েককে ধন্যবাদ জানাতে চাই। উনি আমাকে যে সম্মান দিয়েছেন, সেটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ জয়ের পর আমি দল থেকে বাদ পড়ি। প্রায় দুই-তিন মাস সেভাবে ক্রিকেট খেলিনি। যদিও নিয়মিত ট্রেনিং ও অনুশীলন চালিয়ে গিয়েছি। সেই সময়েও উনি আমাকে উৎসাহ ও সমর্থন দিয়েছেন। চাইলে অন্য কাউকেও অধিনায়ক করা যেত। কিন্তু আমাকে এই দায়িত্ব দেওয়ায় আমি কৃতজ্ঞ। আমার উপর এবং দলের উপর যে আস্থা রাখা হয়েছে, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই।’
বিশ্বকাপ জেতার পর দল থেকেই বাদ পড়ে যাওয়া কতটা যন্ত্রণার? সূর্যকুমার বললেন, ‘বিশ্বকাপ জেতার পর স্বাভাবিকভাবেই ভেবেছিলাম, ভারতের পরবর্তী সিরিজে খেলব। কারণ, একটা বড় প্রতিযোগিতা জিতেছি। বিশ্বের আর কোনও দল নিজের দেশে টি-২০ বিশ্বকাপ জেতেনি। এর আগে কেউ যা করতে পারেনি, আমরা সেটা করেছি। তাই দল থেকে বাদ পড়ে নিঃসন্দেহে কষ্ট পেয়েছিলাম। তবে নির্বাচকেরা নিশ্চয়ই কিছু ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আমার মনে হয়, কষ্ট না পেলে সেই অনুভূতিকে আবেগে রূপান্তরিত করা যায় না। ভারতের হয়ে খেলার যে খিদে আগে ছিল, সেটাই আবার ফিরে এসেছে। আগে যেমন রাজ্য ক্রিকেটে রান করে ভারতীয় দলে জায়গা পাওয়ার চেষ্টা করতাম, এখন আবার সেই একই মানসিকতা নিয়ে এগোচ্ছি। ভারতের হয়ে খেলতে হলে দরজা ভেঙে ঢুকতে হবে।’
সল্ট লেকে যাদবপুর মাঠে খেলা দেখতে এসেছিলেন জাতীয় নির্বাচক শিবসুন্দর দাস। তাঁর সামনে ব্য়াট হাতে তাণ্ডব। নির্বাচকদের বার্তা দিলেন? এক্ষেত্রে সূর্যকুমারের প্রেরণা কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনি। বললেন, ‘বার্তা দেওয়ার কোনও ব্যাপার নেই। আমার শুধু লক্ষ্য ধারাবাহিকভাবে রান করা এবং দলকে ম্যাচ জেতানো। ধোনির বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে একটা দৃশ্য ছিল। সেখানে ধোনির বন্ধু বলেছিলেন, নির্বাচক যেখানে বসে আছেন, ঠিক সেখানেই মারতে হবে। আজ আমার পরিকল্পনাটাও অনেকটা সেরকম ছিল।’
ব্যাট করার সময় চারটি বল হারিয়েছেন। সূর্যকুমার হাসতে হাসতে বললেন, ‘যদিও নির্বাচক যেখান দিয়ে ছক্কা উড়ে গেল, সেই ওপরে বসে ছিলেন না!’ আরও বললেন, ‘আমি নিজের ব্যাটিং উপভোগ করতে চাই। গত চার-পাঁচ বছর ধরে যেভাবে খেলছি, সেভাবেই খেলতে চাই। টি-টোয়েন্টি বিনোদনের ফরম্যাট। তাই মাঠে নেমে মন খুলে খেলতে ভালোবাসি।’
আরও পড়ুন: ব্যাট হাতে অপমানের জবাব, কলকাতায় ভয়ঙ্কর ইনিংস সূর্যকুমারের, ১৫ বলে হাফসেঞ্চুরি!
