সন্দীপ সরকার, কলকাতা: এক সময় ছিলেন তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা-বিধায়ক। সুজয় হাজরা মেদিনীপুরের প্রতিনিধি হিসাবে সিএবি-তে এসেছিলেন। তাঁকে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান করেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট প্রশাসন। সেই সুজয় হাজরা জমি কেলেঙ্কারি ও দুর্নীতির দায়ে এখন জেলবন্দি। অথচ শনিবার দুপুর পর্যন্ত তাঁর নামই সিএবির ওয়েবসাইটে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান হিসাবে জ্বলজ্বল করছিল। যা নিয়ে প্রতিবাদ করেন বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। যিনি মনোহরপুকুর মিলন সমিতির প্রতিনিধি হিসাবে বঙ্গ ক্রিকেট প্রশাসনে প্রবেশ করেছেন। এবং সিএবি-র নবগঠিত গ্রাউন্ডস কমিটির সদস্য হয়েছেন। যে খবর লিখেছিল এবিপি লাইভ বাংলা।

সৌরভ শিকদারের প্রতিবাদ আর এবিপি লাইভ বাংলায় সেই প্রতিবেদনের পরই নড়েচড়ে বসে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা। ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয় গত বছরের সেই তালিকা। পরিবর্তে লিখে দেওয়া হয়, নতুন বছরের তালিকা শীঘ্রই আপলোড করা হবে। সোশ্যাল মিডিয়ায় সেই খবর দিয়ে বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতারক্ষার দাবি জানালেন সৌরভ শিকদার।

দমদম উত্তরের বিধায়ক ফেসবুকে লিখেছেন, ‘আমার প্রতিবাদের পর অবশেষে CAB-এর সরকারি ওয়েবসাইট থেকে পুরনো কমিটির তালিকা সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি ছোট মনে হলেও, এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন। আমি বরাবরই মনে করি, CAB-এর মতো গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিষ্ঠানে সঠিক তথ্য ও স্বচ্ছ প্রশাসন বজায় রাখা অত্যন্ত জরুরি। এটি কোনও ব্যক্তিগত লড়াই নয়, বাংলার ক্রিকেটের স্বার্থে একটি ন্যায্য প্রতিবাদ। আমার লক্ষ্য একটাই – কলকাতার পাশাপাশি জেলার প্রতিভাবান ক্রিকেটাররাও যেন সমান সুযোগ ও স্বীকৃতি পান।প্রতিবাদ যখন যুক্তিসঙ্গত হয়, তখন তার প্রভাবও দেখা যায়।’

 

সিএবি-র ওয়েবসাইটে সুজয় হাজরার নাম ছিল দেখে ক্ষুব্ধ সৌরভ শিকদার শনিবার এবিপি লাইভ বাংলাকে বলেছিলেন, ‘একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, যিনি জেলবন্দি, তাঁর নাম এখনও সিএবি-র ওয়েবসাইটে থাকে কীভাবে! এতে সংস্থার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বাংলার ক্রিকেটপ্রেমী মানুষের আবেগের কথা ভাবা উচিত। কাকে খুশি করতে এগুলো করা হচ্ছে? আমি সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে এ নিয়ে বলব। অবিলম্বে পদক্ষেপ করা উচিত।’ সিএবি-র ভাইস প্রেসিডেন্ট নীতিশরঞ্জন দত্ত (অনু) এবিপি লাইভ বাংলাকে বলেছিলেন, ‘আপনার কাছেই এই বিষয়টা জানতে পারলাম। সৌরভ শিকদার ক্ষুণ্ণ হয়েছেন শুনলাম। হয়তো সিএবি-র ওয়েবসাইট আপডেট করা হয়নি। না হয়ে থাকলে সেটা ভুল। অবিলম্বে খোঁজ নিয়ে সেটা বদলানোর কথা বলব।’

তারপরই সরানো হল জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *