সন্দীপ সরকার, কলকাতা: তিনি মুম্বই ইন্ডিয়ান্স দলের স্তম্ভ। হার্দিক পাণ্ড্যর প্রস্থানের পর পরের আইপিএলে দলের অধিনায়কও হতে পারেন। মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বের দৌড়ে রয়েছেন। অথচ তাঁকে দেখে কি না বাড়িয়ে দেওয়া হল চেন্নাই সুপার কিংসের জার্সি! আর তিনিও হাসিমুখে হাতে তুলে নিলেন সেই জার্সি। তাহলে কি রিটেনশন তালিকা প্রকাশের আগে বড়সড় চমকের ইঙ্গিত দিলেন সূর্যকুমার যাদব?
ঘটনাস্থল সল্ট লেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠ। যেখানে শনিবার সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল মুম্বই। হায়দরাবাদকে ৭ উইকেটে উড়িয়ে অভিযান শুরু করেছে মুম্বই। আর সেই ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালান স্কাই। ১৫ বলে হাফসেঞ্চুরি। ২১ বলে ৬০ রান করে অপরাজিত রইলেন সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে মুম্বইয়ের অধিনায়ক নির্বাচিত হওয়া সূর্যকুমার। ম্যাচের সেরাও হন তিনি।
ম্যাচের শেষে তাঁকে ঘিরে ধরেন ভক্তরা। সূর্য-ঝড়ের খবর ততক্ষণে চতুর্দিকে চাউর হয়ে গিয়েছে। ভয়ঙ্কর ইনিংসে চারবার বল হারান স্কাই। একটি ছক্কা গিয়ে আছড়ে পড়ে পাশের গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের নীচে। মাঠের সীমানাপ্রাচীরের বাইরে শুধু সূর্যকে দেখার জন্য ভিড় জমে যায়। ম্যাচ শেষ হতেই তাঁদের চিৎকারে সাড়া দিয়ে এগিয়ে যান সূর্যকুমার। ধৈর্য্যের সঙ্গে সকলের অটোগ্রাফ, সেলফির আব্দার মেটান সূর্য।
খোশমেজাজে ছিলেন তিনি। তাঁকে ঘিরে উন্মাদনা দেখলে কে বলবে যে, এ বছরের গোড়ায় অধিনায়ক হিসাবে দেশকে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন করার পর জাতীয় দল থেকেই বাদ পড়ে গিয়েছেন! সূর্য এক ভক্তের বাড়িয়ে দেওয়া রুমালে সই দিতে দিতে মজা করে বলেন, ‘নাক মুছে দিয়ে দাওনি তো?’ আর এক ভক্তের টি শার্টে অটোগ্রাফ দেওয়ার সময় মস্করা, ‘কেচে আনোনি নিশ্চয়ই টি-শার্ট।’
সেই সময়ই এক ভক্ত তাঁর দিকে একটি হলুদ জার্সি বাড়িয়ে দিয়ে অটোগ্রাফের আবদার করেন। চেন্নাই সুপার কিংসের জার্সি। পিছনে জ্বলজ্বল করছে বিখ্যাত নাম আর সংখ্যা। ধোনি, ৭।
কিন্তু আর এক ক্রিকেটপ্রেমী সূর্যকে সতর্ক করে দেন। বলেন, ‘সূর্য ভাই সই দেবে না। ওটা তো চেন্নাই সুপার কিংসের জার্সি।’ সেই আপত্তি ধোপে টিকল না। সূর্য জার্সি টেনে নিয়ে বলেন, ‘আরে কী বলছো, কার জার্সি দেখতে হবে তো! সই করতেই হবে।’ ধোনিকে নিয়ে তিনি যে কতটা শ্রদ্ধাশীল, সেটাই যেন বুঝিয়ে দিলেন স্কাই। দলবদলের ইঙ্গিত কতটা ছিল, সেই ছবি ১৭ নভেম্বর পরিষ্কার হয়ে যাবে। যেদিন রিটেনশন তালিকা প্রকাশ করার শেষ দিন। তার আগে সূর্যকুমার মন জিতে নিলেন ক্রিকেটপ্রেমীদের।
