নয়াদিল্লি: আমেরিকায় ফিরল হাম। খাতায়কলমেই হামের প্রকোপ সেখানে। ফলে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল আমেরিকা। রাষ্ট্রপুঞ্জের আঞ্চলিক বিভাগ, Pan American Health Organisation (PAHO) বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে রিপোর্ট দিয়েছে। হামমুক্ত দেশ হিসেবে প্রাপ্ত আমেরিকার স্বীকৃতি কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। আর তাতেই ব্রিটেন, কানাডার পাশাপাশি, আমেরিকাও এখন হাম প্রকোপিত দেশের তালিকায় উঠে এসেছে। আমেরিকার পাশাপাশি, অন্য দেশগুলিতেও হাম বাড়ছে লাগাতার। (Measles Outbreak)

‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ বিষয়টি সামনে এনেছে। অথচ ২০০০ সালেই হামমুক্ত দেশের স্বীকৃতি পায় আমেরিকা। সার্বিক টিকাকরণ, সচেতনতা বৃদ্ধিই ওই স্বীকৃতি পেতে সাহায্য় করেছিল তাদের। একেবারেই যে কারও হাম হতো না তা নয়, বরং বাইরে থেকে সংক্রমণ ঢোকার খবর সামনে এসেছে একাধিক বার। তবে কখনওই তা সার্বিক আকার ধারণ করেনি গত ২৫-২৬ বছরে। তবে ২০২৫-’২৬ সাল থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। বহু মানুষের টিকা হয়নি বলে অভিযোগ ওঠে। আর তাতেই আড়াই দশকের বেশি সময় পর সেই জায়গা আর ধরে রাখতে পারল না তারা। সংক্রমণ বৃদ্ধি, টিকাকরণে ঘাটতি, স্বাস্থ্যপরিষেবার খামতি নিয়ে গত কয়েক বছর ধরেই উদ্বেগ বাড়ছিল। (US Measles Elimination Status)

আরও পড়ুন: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?

হাম পুরোপুরি নির্মূল হয়েছে কি না, তা নির্ধারণ করে ওই আন্তর্জাতিক সংস্থার বিশেষ কমিটি। কোনও সংক্রমণ যদি Endemic বা নিয়মিত ঘটতে থাকা সংক্রমণ হিসেবে চিহ্নিত হয়, এক বছরের মধ্যে কোনও ভাইরাসের একটি প্রজাতি যদি লাগাতার একজনের থেকে অন্যজনের শরীরে ছড়ায়, সেক্ষেত্রে পরিস্থিতি বিপজ্জনক বলেই ধরা হয়। রোগীদের নমুনা সংগ্রহ করে ভাইরাসের জিনের কোড পরীক্ষা করে সিদ্ধান্তে উপনীত হন বিশেষজ্ঞরা।

কোনও ভাইরাস যখন চরিত্রবদল করে, তার জেনেটিক কোডেও পরিবর্তন ঘটে। জিনোম পরীক্ষা করে বোঝা যায়, সংক্রমণের নেপথ্যে পারস্পরিক সংযোগ রয়েছে কি না, একই প্রজাতি থেকে সংক্রমণ ছড়াচ্ছে কি না। অগাস্ট মাসে উটার পাবলিক হেলথ ল্যাবরেটরি যে গবেষণাপত্র প্রকাশ করে, তাতে দেখা যায়, এক বছরেরও বেশি সময় ধরে আমেরিকায় হামের একটি প্রজাতি থেকেই সংক্রমণ ছড়াচ্ছে। ৯৫ শতাংশ সংক্রমণের সঙ্গে যোগ পাওয়া যায় ওই প্রজাতির। দক্ষিণ-পশ্চিম থেকে উটার মধ্যভাগে ছড়ায় সংক্রমণ। ২০২৫ সালের জুন মাস থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত সেখানে ৬০০ জন সংক্রমিত হন। পাশাপাশি, সাউথ ক্যারোলাইনা, পেনসিলভ্যানিয়া, উইসকনসিন, নিউইয়র্ক এবং অন্য শহর থেকেও লাগাতার সংক্রমণের খবর আসতে থাকে।

আরও পড়ুন: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ

গত দু’বছর ধরে আমেরিকায় লাগাতার হামের সংক্রমণ, রোগীদের হাসপাতালে ভর্তি হওয়া এমনকি মৃত্যুর খবরও সামনে আসছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প সরকারের একাধিক অফিসারও হামে আক্রান্ত হন। টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন খোদ ট্রাম্প। চলতি বছরেই আমেরিকায় ৫৪০০-র বেশি হাম সংক্রমণের খবর সামনে এসেছে, ১৯৯১ সালের পর যা সর্বোচ্চ। সংক্রমিতদের অধিকাংশেরই টিকাকরণ হয়নি। প্রতি ন’জন রোগীর মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে এখনও পর্যন্ত। 

এই মুহূর্তে সাধারণ মানুষকে বিশেষ ভাবে সতর্ক করছেন সেখানকার চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, হাম শুধুমাত্র শরীরকে দুর্বলই করে দেয় না। শরীর রোগ প্রতিরোধের স্মৃতিই প্রায় ভুলতে বসে।। এর ফলে নিউমোনিয়া, ডায়রিয়ার ঝুঁকিও বেড়ে যায়। অন্তঃসত্ত্বা অবস্থায় হাম হলে শিশুরও বিপদের সম্ভাবনা রয়েছে। কিছু ক্ষেত্রে হাম থেকে স্নায়ুতেও জটিলতা সৃষ্টি হয়। হাম অন্যতম সংক্রামক একটি রোগ। একজনের হলে, তাঁর থেকে আরও ১২-১৮ জনের মধ্যে ছড়াতে পারে। অসুস্থ রোগী বেরিয়ে যাওয়ার পরও ঘরের বাতাসে বেশ কয়েক ঘণ্টা বেঁচে থাকে ভাইরাস। ২০৩০ সালের মধ্যে যে যে রোগের হাত থেকে পৃথিবীকে মুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে PAHO, সেই ৩০টি রোগের মধ্যে অন্যতম হাম।

তবে শুধুমাত্র আমেরিকাই নয়, ভারতের পড়শি দেশ বাংলাদেশেও হামের প্রকোপ বাড়ছে। সেখানে যে হাম বা সেই রকম ভাইরাসের সংক্রমণে ১২০৯ জন মারা গিয়েছেন বলেসন্দেহ, তার মধ্যে ১০৫ জন হামে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন বলে ধরা পড়েছে পরীক্ষায়। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১৪১৪ জন। সবমিলিয়ে সেখানে এই মুহূর্তে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২ লক্ষ ৪৮ হাজার ৬০।  গত ১৫ মার্চ থেকে সেখানে ২ লক্ষ ২১ হাজার ৫৩৯ জন হামে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ১২ হাজার ৪০২ জন।

চলতি বছরের জুলাই মাসে WHO যে তথ্য তুলে ধরে, তাতে বলা হয়, ভারতে ২৬ হাজার ৬০৭  জন হামে আক্রান্ত। ২০২৫ সালে ওই সংখ্যা ছিল ১৮ হাজার ৭৯৪। আফ্রিকার ২৫টি দেশে হাম থাবা বসিয়েছে। ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইয়েমেনেও পরিস্থিতি উদ্বেগজনক। মেক্সিকো, গুয়াতেমালা, কানাডা, বলিভিয়া, জর্ডন, সিরিয়া, মধ্য এবং পূর্ব ইউরোপেও সংক্রমণ বাড়ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *