হায়দরাবাদ: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলছে বিজেপি। হায়দরাবাদে আয়োজিত ‘ভারত সম্মেলনে’ দেশ-বিদেশের প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন। সেখানে ইতালির প্রতিনিধিরা যে স্লোগান তোলেন, সেই নিয়েই আক্রমণে নেমে পড়েছে বিজেপি। তাদের অভিযোগ, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বহির্শক্তির হস্তক্ষেপে মদত জোগাচ্ছেন রাহুল। (Rahul Gandhi)
তেলঙ্গানার কংগ্রেস সরকার আয়োজিত ‘ভারত সম্মেলনে’ একাধিক দেশের প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন। নীতি-নৈতিকতা, গণতন্ত্রের বর্তমান অবস্থা, ক্ষমতার কেন্দ্রীয়করণ-সহ একাধিক বিষয়ে আলোচনা হয় সেখানে। সেই সঙ্গে SIR-এ ভূরি ভূরি অনিয়ম থেকে ভোটচুরির অভিযোগের প্রসঙ্গও উঠে আসে। শনিবার সেই মঞ্চে বক্তৃতা করতে ওঠেন ইতালির রাজনীতিক তথা পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্টসের সাধারণ সম্পাদক জিয়াকোমো ফিলিবাক। (Bharat Summit)
মঞ্চে বক্তৃতা করার সময় ভারতের বিজেপি বিরোধী I.N.D.I.A শিবিরের প্রশংসা করেন জিয়াকোমো। SIR নিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীরা যেভাবে আন্দোলনকে সংগঠিত করেছেন, তার ভূয়সী প্রশংসা করেন তিনি। এমনকি বিরোধী শিবিরের ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগানও শোনা যায় তাঁর মুখে। সেই সময় হাততালি শোনা যায়। হাসতে দেখা যায় রাহুলকে।
“VOTE Chor.. GADDI Chhod. VOTE Thief.. LEAVE your seat ” – Party of European Socialists Secretary General, Giacomo Filibeck at Bharat Summit. https://t.co/iyCbvmYPGk
— Ritu Choudhary (@RituChoudhryINC) November 15, 2026
সেই নিয়েই রাহুলকে তীব্র আক্রমণ করেছেন সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘বিদেশিরা ভারতকে আক্রমণ করলে কাউকে কখনও হাসতে দেখেছেন? বিদেশে গিয়ে ভারতকে অপমান করা কোনও ভারতীয়র কথা বলছি না আমি’।
মহারাষ্ট্রের জনসভা থেকে বিষয়টি নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তাঁকে বলতে শোনা যায়, “দেশ-বিদেশ থেকে বামপন্থী মতাদর্শের প্রচারকদের আমন্ত্রণ জানিয়েছিল (কংগ্রেস)। কংগ্রেসের যুবরাজও উপস্থিত ছিলেন সেখানে। নাম রেখেছিল ‘ভারত সম্মেলন’। অথচ ওই আন্তর্জাতিক সম্মেলনে রাহুল গাঁধী ভারবিরোধী মন্তব্য করেছেন, গোটা বিশ্বের সামনে ভারতকে হেয় করার কাজ করেছেন।”
বিদেশের আন্তর্জাতিক মঞ্চেও রাহুল ভারতকে অপমান করেছেন বলে অভিযোগ তুলেছেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বি সঞ্জয় কুমার আবার ‘ভারত সম্মেলন’কে ‘ভারত বিরোধী সম্মেলন’ বলে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, “কংগ্রেস একদা ইতালির নাগরিককে ভারতের প্রধানমন্ত্রী করার চেষ্টা করেছিল। এখন আবার ভারত বিরোধী সম্মেলনে ইতালির রাজনীতিক ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করছেন। রেবন্ত রেড্ডির সরকার বিদেশি রাজনীতিকদের মঞ্চ করে দিয়েছেন আমাদের দেশীয় রাজনীতিতে নাক গলানোর এবং রাহুল গাঁধী নির্লজ্জের মতো হাসছিলেনও।”
তেলঙ্গানার বিজেপি সভাপতি এন রামচন্দ্র রাও আবার রাহুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেছেন। তাঁর বক্তব্য, “আমাদেক গণতন্ত্রকে বিদ্রুপ করছেন বিদেশি নেতারা। আর আমাদের নেতারা হাততালি দিচ্ছেন। এটা কি রাষ্ট্রদ্রোহিতা নয়?”
তবে বিজেপি-র অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন, “যারা লুঠ, দুর্নীতির সিংহাসনে বসে রয়েছে, বিশেষ করে মোদি সরকার এবং বিজেপি, তাদের এসব বলার অধিকারই নেই। বিদেশ থেকে এসে যদি কেউ ওই মন্তব্য করে থাকেন, তাহলে আত্মসমীক্ষা প্রয়োজন।”
কংগ্রেসের মুখপাত্র গিরিজা এস লেখেন, ‘অব কি বার ট্রাম্প সরকার কি অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো নয়’? প্রেসিডেন্ট নির্বাচনের আগে আগে, ২০১৯ সালে আমরিকার হিউস্টনে ডোনাল্ড ট্রাম্পের জন্য মোদির স্লোগান স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউতও বিজেপি-কে আক্রমণ করেছেন। তাঁর কথায়, “মোদি যদি ইতালির প্রধানমন্ত্রীকে মেলোডি চকোলেট দিতে পারেন, তাহলে ইতালির রাজনীতিক এখানকার ব্যাপারে কথা বলতে পারেন।”
Bangladesh: ‘হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া সম্পন্ন’,জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী
