টেক্সাস: মহাকাশ গবেষণার ইতিহাসে এবার নতুন নজির ইলন মাস্কের সংস্থা SpaceX-এর। প্রথমবার সফলভাবে পৃথিবীতে ফিরে আসা Starship মহাকাশযানকে ক্যাচ লুফে নিল ইলন মাস্কের সংস্থা। সংস্থা চাইছে এমন রকেট তৈরি করতে যা বারে বারে ব্যবহার করা যায়। আর সেই লক্ষ্য পূরণে এই সাফল্যকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন মহাকাশ বিশেষজ্ঞরা। এর ফলে ভবিষ্যতে মহাকাশ অভিযানের খরচ কমানো এবং আরও অনেক বেশি রকেট উৎক্ষেপণের সম্ভাবনা তৈরি হতে পারে।
আরও পড়ুন: বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে
এদিন যখন এই মহাকাশযান মহাকাশ থেকে নেমে আসছিল, সেই সময় তা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। আর সেই সময় থেকেই প্রচণ্ড তাপ সহ্য করতে থাকে Starship। এরপর ধীরে ধীরে টেক্সাসের Starbase উৎক্ষেপণ কেন্দ্রের দিকে নেমে আসে সেটি। অবশেষে লঞ্চ প্যাডের উপরে থাকা দুটি বিশাল যান্ত্রিক বাহুর মাঝখানে নিখুঁতভাবে ঢুকে পড়ে মহাকাশযানটি। SpaceX-এর এই বিশেষ যান্ত্রিক বাহু দুটিকে ‘চপস্টিক আর্মস’ বলা হয়। মহাকাশযানটিকে মাটিতে অবতরণ না করিয়ে সরাসরি বাতাস থেকে ধরে ফেলার এই প্রযুক্তিগত সাফল্যকে মহাকাশ শিল্পের দীর্ঘদিনের লক্ষ্যের দিকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Mechazilla catches Starship! Congratulations to the entire SpaceX team on this incredible achievement! https://t.co/YJzmGUZb2B
— SpaceX (@SpaceX) November 14, 2026
বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে শক্তিশালী রকেট সংস্থার ১৫তম বারের পরীক্ষামূলক উড়ান ছিল এটি। এই অভিযানে Starship মহাকাশযানটি পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে। প্রায় ২২ ঘণ্টার যাত্রাপথে ইলন মাস্কের Starlink ইন্টারনেট পরিষেবার জন্য ২৬টি উপগ্রহও মহাকাশে স্থাপন করে সেটি।
এর আগে SpaceX তিনবার ফিরে আসা রকেটের বুস্টারকে যান্ত্রিক বাহুর সাহায্যে ধরতে সক্ষম হয়েছিল। কিন্তু Starship-কে ধরে ফেলা ছিল অনেক বেশি কঠিন। কারণ, বুস্টারের তুলনায় মহাকাশযানটি অনেক বেশি উচ্চতা থেকে এবং অনেক বেশি গতিতে পৃথিবীতে ফিরে আসে।
SpaceX-এর মুখপাত্র ড্যান হুয়ট এই সাফল্যকে মহাকাশ অভিযানের অন্যতম কঠিন লক্ষ্য পূরণ বলে উল্লেখ করেছেন। সংস্থার প্রধান ইলন মাস্কও SpaceX-এর দলকে অভিনন্দন জানিয়েছেন। মহাকাশযানটি যান্ত্রিক বাহুর মাঝে ঝুলে থাকার ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছেন, Starship-কে দেখতে দারুণ লাগছে।
মহাকাশ বিশেষজ্ঞ ক্লেটন সোয়োপের মতে, এটি একটি বড় প্রযুক্তিগত সাফল্য। এর ফলে একই মহাকাশযান বারে বারে ব্যবহার করার প্রযুক্তি নিয়ে বাস্তবে কাজ করা যেতে পারে। তবে বিশেষজ্ঞ ক্যাথলিন কার্লির মতে, এই সাফল্য ধরে রাখতে হলে বারবার একইভাবে সফলভাবে মহাকাশযান ফিরিয়ে আনার সক্ষমতা প্রমাণ করতে হবে।
SpaceX-এর পরিকল্পনা অনুযায়ী, Starship-এর বিভিন্ন সংস্করণ ব্যবহার করে মহাকাশে ইন্টারনেট উপগ্রহ এবং ডেটা সেন্টার পাঠানো হবে। পাশাপাশি, ভবিষ্যতে মানুষকে চাঁদ ও মঙ্গলে নিয়ে যাওয়ার জন্যও এই মহাকাশযান ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA-ও তাদের Artemis অভিযানে চাঁদে অবতরণের জন্য Starship-কে লুনার ল্যান্ডার হিসেবে ব্যবহারের পরিকল্পনা করেছে। NASA প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান এই মহাকাশযানকে নিরাপদে ফিরিয়ে আনার ঘটনাকে প্রায় জাদুর মতো বলে বর্ণনা করেছেন।
ইলন মাস্কের লক্ষ্য, Starship-কে এমন একটি রকেট ব্যবস্থায় পরিণত করা, যা দ্রুত পুনর্ব্যবহার করে প্রয়োজনে প্রতি ঘণ্টায় উৎক্ষেপণ করা সম্ভব হবে। তবে সেই লক্ষ্যে পৌঁছতে এখনও বেশ কিছু প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে।
চাঁদ বা মঙ্গলে যাওয়ার অভিযানের জন্য মহাকাশে থাকা অবস্থায় এক মহাকাশযান থেকে অন্য মহাকাশযানে জ্বালানি স্থানান্তর করতে হবে। সেই প্রযুক্তিগত সমস্যার সমাধান এখনও করতে পারেনি SpaceX। পাশাপাশি, Super Heavy বুস্টারের অবতরণের প্রক্রিয়াও আরও উন্নত করতে হবে। শুক্রবার অবতরণের সময় প্রযুক্তিগত সমস্যার কারণে বুস্টারটিকে নির্ধারিত পরিকল্পনা থেকে সরিয়ে মেক্সিকো উপসাগরের দিকে নিয়ে যেতে হয়েছিল।
এদিকে, জুন মাসে শেয়ার বাজারে সংস্থার লিস্টিং হওয়ার পর উৎপাদন ও উৎক্ষেপণ পরিকাঠামোয় বিপুল বিনিয়োগ করছে SpaceX। সংস্থার আধিকারিকদের দাবি, বর্তমানে তাদের কারখানায় প্রতি দুই সপ্তাহে একটি Starship এবং প্রতি চার সপ্তাহে একটি বুস্টার তৈরির সক্ষমতা রয়েছে।
Rahul Gandhi News | ফের ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুল গান্ধীর | ABP ANANDA LIVE
