মুম্বই: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জিতেছে ভারতীয় যুব দল। কিন্তু এই জয়ের নেপথ্য যে কতটা পরিশ্রম ও অধ্যাবসায় রয়েছে, তা কিন্তু একেবারেই অবহেলা করা যায় না, এমনটাই মনে করেন যুব দলের কোচ ইয়েড়ে গৌড়। মাসের পর মাস ধরে চলা কঠোর পরিশ্রম এবং চাপের মুহূর্ত সামলানোর দক্ষতাকে কৃতিত্ব দিয়েছেন তিনি।
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ী ভারতীয় দলের প্রধান কোচ গৌড় জানিয়েছেন, দলের এই সাফল্যের পেছনে গত চার থেকে পাঁচ মাস ধরে খেলোয়াড়রা ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম করেছেন ও এর আগে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজগুলোতেও নিজেদের সেরাটা দিয়েছেন, সেই অভিজ্ঞতাগুলোই কাজে এসেছে। সংবাদসংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে গৌড় বলেন, ‘আমরা গত চার-পাঁচ মাস ধরে কঠোর পরিশ্রম করছিলাম। এর আগে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলেছি, সেখানেও ছেলেরা খুব ভালো পারফর্ম করেছে। এই টুর্নামেন্টে নামার আগেই আমরা জানতাম যে আমরা ভাল খেলব, ছেলেটা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। যখনই কোনও চাপের পরিস্থিতি তৈরি হয়েছে, তারা সেই চাপ সামলে নিজেদের সেরা পারফরম্যান্স দিয়েছে।’
উল্লেখ্য, গত শনিবারের ফাইনালে ভারতের সামনে বিশাল লক্ষ্যমাত্রা রেখেছিল পাকিস্তান। ৩৩৮ রান তারা বোর্ডে তুলে নিয়েছিল। যে রান তাড়া করতে নেমে শেষ বল পর্যন্ত লড়াই হয়। ১ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারত। ইনিংসের শেষ বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন মোহিত উলভা। তিনি ৪৯ রানে অপরাজিত থাকেন। ভারতের ক্যাপ্টেন রাইচন্দানি ১০১ বলে ৮০ রানের ইনিংস খেলেছিলেন। ওপেনার আর্যবীর সহবাগ ৯টি বাউন্ডারির সাহায্যে ৬১ বলে ৫৮ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন। এই দু’জন ৯৫ রান যোগ করেন। পরবর্তীতে মানাল চৌহানের ৩২ বলে ৪৭ রানের ও উলভার সঙ্গে তার ৫৭ রানের পার্টনারশিপ ভারতের ইনিংসকে শক্ত ভিতের ওপর দাঁড় করায়।
এর আগে ভারতীয় বোলারদের মধ্য়ে কাব্য পটেল ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন ও ভেঙ্কটা নেন ৩টি উইকেট। পুরো টুর্নামেন্টে ৫ ম্যাচে একটি শতরান ও তিনটি অর্ধশতরান সহ মোট ৩৬১ রান করে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন আর্যবীর সহবাগ। টুর্নামেন্টে হট ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিল ভারতীয় দল। আর টুর্নামেন্ট শেষে নবমবারের মত খেতাব ঘরে তুলে নিল তারা।
