সন্দীপ সরকার, কলকাতা: সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠ অনেকটা ইংল্যান্ডের কাউন্টির মতো। ড্রেসিংরুম থেকে বেরলেই সবুজ গালিচার মতো মাঠ। ক্যান্টিন। চারপাশে গাছে ঘেরা। শহরের বুকে যেন এক অচেনা পরিবেশ। আধুনিকতার একমাত্র ছোঁয়া বলতে, পাশ দিয়ে চলে যাওয়া মেট্রো রেলের নবনির্মিত অরেঞ্জ লাইন।

সেই মাঠে সোমবার বেলায় দেখা গেল শ’দুয়েক মানুষের ভিড়। চড়া রোদে ঠায় দাঁড়িয়ে। আর সকলের একটাই প্রশ্ন, সূর্যকুমার যাদব কখন ব্যাট করতে নামবেন? মুম্বই কি শুরুতে ব্যাটিং করছে নাকি ফিল্ডিং?

হায়দরাবাদের বিরুদ্ধে আগের ম্যাচে এই মাঠে ব্যাট হাতে এমন তাণ্ডব চালিয়েছেন স্কাই যে, খবরের শিরোনামে উঠে এসেছেন। সেই সঙ্গে জাতীয় দল থেকে বাদ যাওয়া নিয়ে গনগনে বিবৃতি। জাতীয় নির্বাচককে লক্ষ্য করে চার-ছক্কা বর্ষণ। স্কাইকে নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে শহর কলকাতায়।

সূর্যকুমারকে অবশ্য সোমবার কঠিন পরীক্ষা দিতে হবে। কারণ, টস হেরে প্রথমে ব্যাট করে গুজরাত তুলল ১৯৭ রান। ২০ ওভার ব্যাট করে এই রানে অল আউট হল গুজরাত। ম্যাচ জিততে হলে ১৯৮ রান তুলতে হবে মুম্বইকে।

যদিও গুজরাত ইনিংস যে এভাবে ঘুরে দাঁড়াবে, অনেকের ধারণার বাইরে ছিল। বরং শুরু থেকে যেভাবে নিয়মিত ব্যবধানে উইকেট পড়ল, তাতে অনেকে টি-২০ ক্রিকেটের আমেজই পাচ্ছিলেন না। ৮.২ ওভারে ৮৭ রানে ৬ উইকেট হারিয়ে গুজরাত তখন কোণঠাসা। ম্যাচ দেখতে আসা ক্রিকেটপ্রেমীদের মনে উদ্বেগ। সূর্যকুমারের ব্যাট করতে নামার মতো স্কোর তুলবে তো গুজরাত? আগের ম্যাচে চার নম্বরে নেমেছিলেন সূর্য। গুজরাত একশো রানে অল আউট হয়ে গেলে সৌর-ঝড় দেখা যাবে তো?

তবে অন্যরকম কিছু ভেবেছিলেন আশুতোষ শর্মা ও বিশাল জয়সওয়াল। আশুতোষ আইপিএলে খেলেন দিল্লি ক্যাপিটালসে। দিন কয়েক আগেই কলকাতায় এসে এই মাঠেই দিল্লি ক্যাপিটালসের হেড কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে প্র্যাক্টিস করে গিয়েছেন। ৯ নম্বরে ব্যাট করতে নেমে ২২ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। ২১ বল ৩৮ রান করে তাঁকে সঙ্গ দিলেন বিশাল। সপ্তম উইকেটে ৩১ বলে ৫০ রানের পার্টনারশিপ ম্যাচে ফিরিয়েছে গুজরাতকে। এই মাঠে সূর্যকুমার, অঙ্গকৃষ রঘুবংশী বা ছক্কার রাজা শিবম দুবের ব্যাট চলতে শুরু করলে এই রানও কম পড়তে পারে। তবে সূর্যকুমারদের লড়াই খুব সহজ হবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *