নয়াদিল্লি : অগাস্ট মাসে ঘোষণার পর থেকেই সংবাদ শিরোনামে জায়গা করে নেওয়া কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging’ বইয়ের দোকানে আসার পরপরই দারুণ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। হার্পারকলিন্স ইন্ডিয়া-র সিইও অনন্ত পদ্মনাভন জানিয়েছেন, এক সপ্তাহেরও কম সময়ে বইটির দুই লক্ষেরও বেশি কপি বিক্রি হয়েছে। এটি প্রকাশনার জগতে একাধিক রেকর্ড ভেঙে স্বাধীন ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃতিকথা হিসেবে উঠে এসেছে। সোমবার আইটিসি মৌর্য হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love) বইটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে কংগ্রেস ও বিরোধী জোটের শীর্ষস্থানীয় নেতারা, সাহিত্য জগতের ব্যক্তিত্ব এবং বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী, যাদের মধ্যে তামিলনাড়ুর সি. জোসেফ বিজয়, কর্ণাটকের ডি. কে. শিবকুমার এবং হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখু উপস্থিত ছিলেন।
বইটির অভূতপূর্ব বিক্রির সাফল্য উদযাপন করতে গিয়ে অনন্ত পদ্মনাভন জানান, গত মঙ্গলবার সকাল ১০টায় বিক্রির জন্য সামনে আনার পর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুই লক্ষেরও বেশি কপি বিক্রি হয়েছে, যা প্রকাশনার জগতে একাধিক নতুন রেকর্ড গড়েছে। এক সপ্তাহেরও কম সময়ে দুই লক্ষরও বেশি কপি বিক্রি হওয়ায় বইটি ইতিমধ্যেই অনেক রেকর্ড ভেঙে ফেলেছে। যেমন দ্রুততম সময়ে বিক্রিত বই, দ্রুততম সময়ে বিক্রিত প্রথম বই (ডেবিউ), দ্রুততম সময়ে বিক্রিত নন-ফিকশন বা তথ্যমূলক বই এবং দ্রুততম সময়ে বিক্রিত স্মৃতিকথা- এমনটাই জানিয়েছেন তিনি। তিনি যোগ করেন, প্রকাশের দিন ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে ১৫ হাজারেরও বেশি কপি পৌঁছে দেওয়া হয়েছে, যা দেশের প্রকাশনার ইতিহাসে দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া বইয়ের রেকর্ড গড়েছে।
ইন্ডাস্ট্রি ইনসাইডারদের মতে, কোনও বইকে ‘বেস্টসেলার’ বা সর্বাধিক বিক্রিত বই হিসেবে গণ্য করার মানদণ্ড লেখক, বিষয়বস্তু এবং প্রকাশকের ওপর ভিত্তি করে ভিন্ন হতে পারে; তবে ভারতে সাধারণত কোনও বই ১০,০০০ কপির বেশি বিক্রি হলেই তাকে বেস্টসেলার হিসেবে বিবেচনা করা হয়। এক্ষেত্রে বইটির প্রতি অভূতপূর্ব সাড়া স্বয়ং নতুন লেখককেও অবাক করে দিয়েছে। সোনিয়া গান্ধী নিজেই স্বীকার করেছেন যে, পাঠকদের কাছ থেকে পাওয়া ভালবাসা ও স্নেহ দেখে তিনি অভিভূত।
তিনি বলেন, “আমি ভেবেছিলাম কয়েক সপ্তাহের মধ্যে হয়তো পাঠকরা বইটির প্রতি আগ্রহী হবেন, কিন্তু যে সাড়া পেয়েছি তা অভাবনীয় এবং অভিভূত করার মতো।” পাঠকদের মন্তব্য, বই কেনা, এমনকী তাঁদের গঠনমূলক সমালোচনার মাধ্যমে তাঁরা যে ভালবাসা ও স্নেহ প্রকাশ করেছেন, তাতে তিনি গভীরভাবে আপ্লুত।
Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
