তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: দীর্ঘ শ্যুটিং, বাধা এসেছে বারে বারে। কখনও প্রাকৃতিক দুর্যোগে সেট ভেঙে পড়েছে তো কখনও লোকেশন না পাওয়ায় বাতিল করতে হয়েছে শ্যুটিং। দীর্ঘ ২ বছরের সফর পেরিয়ে, অবশেষে বড়পর্দায় ‘সাধক বামাক্ষ্যাপা’। রূপটানের থেকে, তিনি ভরসা রাখেন চরিত্র হয়ে ওঠায়। পর্দায় বামদেব হতে গিয়ে তিনি ওজন বাড়িয়েছিলেন, বদল এনেছিলেন লুকে। তবে শুধু অভিনয় নয়, ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির চিত্রনাট্য লেখা থেকে শুরু করে, সৃজনশীল পরিচালনা.. এই সবকিছুর সঙ্গেই যুক্ত ছিলেন তিনি। কেমন ছিল সেই অভিজ্ঞতা? এবিপি লাইভ বাংলাকে সেই গল্প শোনালেন, সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)।
শুধু অভিনয় নয়, একাধিক গুরুদায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
একদিকে বামদেবের মতো গভীর চরিত্রে অভিনয়, অন্যদিকে ছবি তৈরিরও একাধিক বিষয় মাথায় রাখা। সবটা কীভাবে সামলেছিলেন সব্যসাচী? অভিনেতা বলছেন, ‘গুরুদায়িত্ব তো বটেই, কিন্তু সেটা মনিটর করার জন্যও মানুষ ছিলেন। সৌম্যদা, রোহিত এবং আমি.. আমাদের ৩ জনেরর ওপর সৃজনশীল ভাবনার মূল দায়িত্বটা ছিল। আমরা বারে বারে আলোচনায় বসেছি। এই ছবির সংলাপ থেকে শুরু করে আমার লেখা হলেও, বার বার আলোচনা হয়েছে। আর শেষ কথা অবশ্যই বলেছেন শ্রীকান্ত মোহতা। যেখানে যেখানে পরিবর্তনের দরকার মনে হয়েছে, বলেছেন। তবে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল, কোন ঘটনাকে তুলে ধরব আর কোনটাকে বাদ দেব.. সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া। বামদেবের জীবনে এত ঘটনা যে একটা কেন, একাধিক ছবি হতে পারে। সেখান থেকে ঘটনা বেছে নিয়ে, ছবির দর্শনটা বজায় রেখে মানুষের কাছে সামগ্রিক বিষয়টা তুলে ধরাই সবচেয়ে চ্যালেঞ্জিং। তবে যখন শট দিয়েছি, মনপ্রাণ দিয়ে শুধু অভিনয়টাই করেছি। বাকিটা দেখে নিয়েছিল সায়ন্তন। ও খুব বিচক্ষণ, ‘লার্জার দ্যান লাইফ’ চরিত্র তৈরি করা ওর খুব প্রিয়। এর আগে ও একাধিক ছবি করেছে। সেই অভিজ্ঞতাও ওর কাজে লেগেছে। তবে আমি ছবির প্রতিটা শটে উপস্থিত ছিলাম। কারও অভিনয় দেখে কিছু পরামর্শ দেওয়ার হলে বা অন্য কোনও দরকার হলে.. সবসময় উপস্থিত থেকেছি। কিন্তু অ্যাকশন আর কাটের মাঝখানে, আমি শুধু অভিনয়টাই করেছি। বাকিটা দেখে নিয়েছে সায়ন্তন আর ওর টিম।’
প্রত্যাশা কী বাড়তি চাপ তৈরি করেছে সব্যসাচীর ওপর?
‘সাধক বামাক্ষ্যাপা’-র ছবি নিয়ে দর্শকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। সব্যসাচীর ওপর এটা কী বাড়তি চাপ? অভিনেতা বলছেন, ‘তেমন না। এটা কিছুটা প্রত্যাশিত ছিল। মানুষ তো এটার জন্যই খাটবে, ভালবেসে কাজ করবে। সেটা তৈরি হওয়াই স্বাভাবিক। তবে খারাপ-ভাল একটা খুব আপেক্ষিক বিষয়। আমি সেই বিষয়ে ঢুকতে চাই না। আমার মনে হয়েছে, ‘সাধক বামাক্ষ্যাপা’ বামদেবের জীবনকে মানুষের সামনে তুলে ধরতে চেয়েছে। তারাপীঠের মাহাত্ম্যকে পর্দায় আনতে চেয়েছে। কারও যদি কোনও অন্য মতামত থাকে, সেটাকে আমি বদলাতে পারব না, চাই ও না। কিন্তু দর্শক ছবিটা নিয়ে আগ্রহী এটুকুই ভাললাগা আর সেটাই কাম্য বলে আমার মনে হয়েছে।’
