নয়াদিল্লি: ব্যতিক্রমী ঘটনা দেশের সুপ্রিম কোর্টে। বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লা নেতৃত্বাধীন বেঞ্চের কাছ থেকে মামলা সরিয়ে নিলেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। অন্তত পক্ষে দু’টি মামলা সরিয়ে নেওয়া হয়েছে বিচারপতি আমানুল্লা নেতৃত্বাধীন বেঞ্চের কাছ থেকে। প্রবীণ বিচারপতিদের সঙ্গে শলা-পরামর্শ করেই এমন সিদ্ধান্ত হলে জানানো হয়েছে। ওয়াকিবহাল মহলের দাবি, ব্যক্তিগত বিরোধ সংক্রান্ত বিষয়গুলিকে দেশব্য়াপী জনস্বার্থ মামলায় রূপান্তরিত করতে উদ্য়োগী হয়েছিল ওই বেঞ্চ। সেই কারণেই মামলা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন CJI সূর্যকান্ত। (CJI Surya Kant)

সুপ্রিম কোর্টের কোন বিচারপতি কোন ধরনের মামলার শুনানি করবেন, তার নির্দিষ্ট তালিকা রস্টার থাকে। নিয়ম অনুযায়ী, CJI-ই ‘মাস্টার অফ দ্য রস্টার’। কোন বিচারপতি ফৌজদারি মামলার শুনানি করবেন, কে দেওয়ানি মামলার শুনানি করবেন, কার হাতে জনস্বার্থ মামলা উঠবে, সব ঠিক করার অধিকার শুধুমাত্র তাঁরই। সাধারণত কোনও বেঞ্চে মামলা শুরু হলে, সেখান থেকে মামলা সরিয়ে নেওয়া হয় না। এক্ষেত্রে তারই ব্যতিক্রম ঘটল। বিচারপতি আমানুল্লার যদি মনে হতো মামলা দু’টিকে বৃহত্তর জনস্বার্থ হিসেবে দেখা উচিত, সেক্ষেত্রে তিনি CJI-কে ফেরত পাঠাতে পারতেন। এক্ষেত্রে প্রশাসনিক ক্ষমতার জোরে মামলা দু’টি বিচারপতি আমানুল্লার বেঞ্চ থেকে সরিয়ে নিলেন CJI. (Supreme Court)

এর আগে, গত মাসে পূর্ণাঙ্গ বেঞ্চের বৈঠকে CJI সূর্যকান্ত জানিয়েছিলেন, এক্তিয়ারের বাইরে গিয়ে নিজে থেকে কোনও বিষয়ে উদ্যোগী হয়ে বিচার করতে পারবেন না বিচারপতিরা। আর তার পরই এই সিদ্ধান্ত। 

বিচারপতি আমানুল্লার বেঞ্চ থেকে যে দু’টি মামলা সরিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি পরিচালনায় যে ধরনের গাফিলতি বা নিয়মলঙ্ঘন হচ্ছে, তার তদন্ত, এবং অন্যটি দেশের বিভিন্ন প্রান্তে বেআইনি নির্মাণ এবং বাড়ি ও ফ্ল্যাটকে অন্যায় ভাবে বাণিজ্যিক কাজে ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ব্যক্তিগত অভিযোগকে ঘিরেই ওই দু’টি মামলা বিচারপতি আমানুল্লার বেঞ্চের কাছে জমা পড়ে। কিন্তু অভিযোগ, বিচারপতি আমানুল্লার রস্টারে জনস্বার্থ মামলা ছিল না। তা সত্ত্বেও এক্তিয়ারের বাইরে গিয়ে ব্যক্তিগত বিবাদ সংক্রান্ত ওই মামলা দু’টিকে বড় আকার দিয়ে দেশব্য়াপী ত্রুটি সংশোধনে উদ্যোগী হন তিনি।

জানা গিয়েছে, বিষয়টি নিয়ে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি বিভি নাগরত্ন, বিচারপতি এমএম সুন্দরেশ, বিচারপতি পিএস নরসিংহের সঙ্গে শলা-পরামর্শ করেন CJI সূর্যকান্ত। এর পরই মামলা পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেন, যাতে বার্তা দেওয়া যায় যে, যতই জরুরি বিষয় হোক না কেন, কোনও বেঞ্চই নির্ধারিত রস্টারের বাইরে যেতে পারে না। গত মাসেই পূর্ণাঙ্গ বেঞ্চের বৈঠকে তিনি জানিয়েছিলেন, রস্টার অনুযায়ী কাজ করতে হবে সকলকে। বিচারবিভাগীয় শৃঙ্খলা এবং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা অটুট রাখতে মামলার সুষ্ঠু বণ্টন অপরিহার্য বলে মন্তব্য করেছিলেন তিনি।

যে দু’টি মামলা বিচারপরিত আমানুল্লার বেঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে প্রথমটি ছিল আয়েশা জৈন বনাম Amity University নয়ডা। আইনি প্রক্রিয়া মেনে নাম পরিবর্তন করেন ওই ছাত্রী। অভিযোগ, এর পর বিশ্ববিদ্যালয়ে হয়রানির শিকার হতে হয় আয়েশাকে। মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ে তাঁর। একটি বছর নষ্ট হয়ে যায়। ওই মামলার শুনানি করতে গিয়ে বিচারপতি আমানুল্লা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়া সিদ্ধান্ত নেন যে, দেশের সর্বত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির প্রতিষ্ঠা, অর্থায়ন এবং পরিচালনা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখা হবে। সেই নিয়ে কেন্দ্র, রাজ্য এবং নিয়ন্ত্রক সংস্থাকগুলিকে নির্দেশও দেওয়া হয়। ওই মামলা তাঁদের কাছ থেকে সরিয়ে নিয়ে বিচারপতি এটি নাথ নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে বিচারপতি আর মহাদেবন এবং বিচারপতি অপরেশ কুমার সিংহও রয়েছেন। ১৯ নভেম্বর ওই মামলার পরবর্তী শুনানি হবে।

দ্বিতীয় মামলাটি ছিল লোগানাথন বনাম তামিলনাড়ু সরকার। অনুমোদিত নির্মাণকার্য এবং আবাসিক সম্পত্তিকে বাণিজ্যিক কাজে ব্যবহার নিয়ে মামলা দায়ের হয়েছিল। অভিযোগ, অনুমোদিত নকশা ছাড়াই চেন্নাইয়ে দেড়তলা ভবন নির্মাণের বিষয়টি সামনে আসে। গত বছর ২৫ মার্চ মামলার শুনানি শুরু হয়। পরবর্তীতে মামলাটি দিল্লি এবং রাজধানী সংলগ্ন অঞ্চল-সহ বিভিন্ন রাজ্য এবং শহরের পৌরসভার কাছ থেকেও জবাব তলব করা হয়। আগামী ২৩ নভেম্বর বিচারপিত নাগরত্ন নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হবে মামলার। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *