নয়া দিল্লি: হঠাৎ ৭ লোক কল্য়াণ মার্গে ব্যস্ততা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। কী নিয়ে আলোচনা করতে এত রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে এলেন সবাই?

সূত্রের খবর, আসন পুনর্বিন্যাস বিল নিয়ে আলোচনা করতে এই বৈঠক‌ বসেছে। উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সভাপতি নীতিন নবীন। আগামী সপ্তাহে ডাকা হতে পারে সংসদের বিশেষ অধিবেশন। সেই অধিবেশনেই ফের একবার আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পেশ করা হবে, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।

এর আগেও একবার, গত এপ্রিল মাসে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়েও সংবিধান সংশোধনী বিল পেশ করা হয়েছিল। কিন্তু দুই তৃতীয়াংশ সমর্থন জোগাড় করতে না পারায়, লোকসভাতেই দুই বিল অর্থাৎ আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল আটকে যায়।

এবার ছবিটা আলাদা। গত অধিবেশন থেকে আসন্ন অধিবেশনের মধ্যে একাধিক দল ভেঙেছে। সদস্য সংখ্যা বেড়েছে বিজেপি ও শরিক দলগুলির। তৃণমূল কংগ্রেস, শিবসেনায় ভাঙন এবং ডিএমকে-কে পাশে নিয়ে বিজেপি আত্মবিশ্বাসী যে এই দুই বিল পাশ করাতে দুই তৃতীয়াংশের সমর্থন পাওয়া যাবে।

আবার শোনা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও বড় রদবদল হতে পারে। দীর্ঘদিন ধরে যে জল্পনা শোনা যাচ্ছে, তা সত্যি করে মন্ত্রিসভায় বেশ কিছু মুখ বদল হতে পারে। বাদ পড়তে পারে কিছু পুরনো মুখ, আবার মন্ত্রীদের মধ্যেও দায়িত্বে রদবদল হতে পারে। তবে এখনও বৈঠকের আলোচ্যবস্তু নিয়ে সিলমোহর পড়েনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *