লখনউ: একেই বলে পোড়া কপাল! গিয়েছিলেন পরিবারের সদস্যকে ট্রেনে তুলতে। সেখানে গিয়ে নিজেদের পকেট থেকে দিতে হল কড়কড়ে ৩৬ হাজার টাকা জরিমানা। কেন এমন হল? জানলে চোখ কপালে উঠবে সবার।

উত্তর প্রদেশের কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে অদ্ভুত এক ঘটনা ঘটে। বারাণসী-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে করে যাত্রা করছিলেন এক পরিবার। তাদের ট্রেনে ওঠাতে এসেছিলেন পরিবারের সদস্যরা। ১২ জন মিলে ট্রেনে ওঠেন, তবে তাঁরা কেউই ট্রেনের যাত্রী নন। যতক্ষণে আসল যাত্রীকে তাঁর নির্দিষ্ট আসনে পৌঁছে দিচ্ছিলেন, তার আগেই অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়।

এবার কী করবেন? বন্দে ভারত এক্সপ্রেস তো সব স্টেশনে দাঁড়ায় না। পরিবারের বাকি সদস্যরা তখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, তারাও বুঝতে পারছিলেন না যে কী করবেন! এই অবস্থায় আটকে পড়া ১২ জন যাত্রীরা ট্রেনের কর্মীদের অনুরোধ করেন যাতে পরের স্টেশনে দরজা খুলে দেওয়া হয়। তবে তা তো সম্ভব নয়! অনেকজন যাত্রীও আপত্তি তোলেন।

এরপরে বন্দে ভারত এক্সপ্রেসের কর্মীরা তুন্ডলা রেলওয়ে কন্ট্রোল রুমে খবর দেন। কন্ট্রোল রুম থেকে নির্দেশ দেওয়ার পর ইটাহা স্টেশনে তাদের নামিয়ে দেওয়া হয়। সেখানে আগে থেকেই পুলিশ নিয়ে উপস্থিত ছিলেন ইটাহার স্টেশন সুপারিন্টেন্ডেন্ট, আরপিএফ ইন্সপেক্টর ও জিআরপি ইন্সপেক্টর। ট্রেন থেকে ওই ১২ জন নামতেই তাদের আরপিএফ পোস্টে নিয়ে যাওয়া হয়। তাদের প্রশ্ন করা হয়, রেকর্ড করা হয় বয়ান।

রেলওয়ের তরফে ওই ১২ জনকে বিনা অনুমতিতে ট্রেনে ওঠা যাত্রী হিসাবেই চিহ্নিত করা হয়। রেলের নিয়ম ভাঙায় প্রত্য়েককে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। তবে জানা যাচ্ছে, পরে ওই ১২জনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *