মুম্বই: সনিয়া গাঁধীর স্মৃতিকথা ঘিরে এবার সরগরম মহারাষ্ট্রের রাজনীতি। সনিয়ার বইটি নিষিদ্ধ করার দাবি তুলল একনাথ শিন্ডের শিবসেনা। সাংবাদিক বৈঠকে সনিয়ার বই নিয়ে হাজির হলেন দলের নেতানেত্রীরা। ক্য়ামেরার সামনেই পর পর বইয়ের পাতা ছেঁড়া হল। কিন্তু তাতে আবার নতুন বিতর্ক মাথাচাড়া দিল। কারণ সনিয়ার বই ছেঁড়ার সঙ্গে সঙ্গে বালাসাহেব ঠাকরের ছবিও ছিঁড়ে ফেলেন শিন্ডে-সেনার নেত্রী শায়না এনসি। আর তাতেই সরগরম হয়ে উঠেছে মরাঠা রাজনীতি। (Sonia Gandhi Biopic)

আসল শিবসেনা কে, তা নিয়ে দীর্ঘসময় ধরে টানাপোড়েন চলছে শিন্ডে-সেনা এবং উদ্ধব ঠাকরের শিবসেনার মধ্যে। বিষয়টি আদালতেই পৌঁছে গিয়েছে। সেই আবহেই শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেবের ছবি ছেঁড়ায় শিন্ডে-সেনাকে একহাত নিয়েছে উদ্ধব-সেনা। কংগ্রেসও তাদের তীব্র নিন্দা করেছে। প্রকৃত শিবসৈনিক হলে বালাসাহেবের ছবি ছেঁড়া হল না বলে দাবি করছে উদ্ধব-সেনা। (Shiv Sena)

বুধবার সাংবাদিক বৈঠক করেন শিন্ডে-সেনার নেত্রী শায়না, দলের নেতা সঞ্জয় নিরুপম, আনন্দ দুবেরা। বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে সনিয়া বইয়ে যা লিখেছেন, তাতে তাঁকে অপমান করা হয়েছে বলে দাবি করেন সঞ্জয় এবং শায়নারা। প্রকাশক সংস্থা HarperCollins-কে বইয়ের ২০১ এবং ৪৪৩ নম্বর পাতাটি বাদ দিতে বলেন তাঁরা। সনিয়ার বইয়ের পাতা ছিঁড়ে প্রতিবাদ জানান সেই মর্মে।

আর সেই সময়ই বালাসাহেবের একটি ছবি ছিঁড়ে ফেলেন শায়না। ওই ছবিতে কংগ্রেসের মণিশঙ্কর আইয়ারের কুশপুতুলে চপ্পল মারতে দেখা যাচ্ছিল বালাসাহেবকে। বিষয়টি চোখে পড়তেই শায়নাকে ইশারা করেন সঞ্জয়। শায়না ছেঁড়া ছবিটি লুকিয়ে ফেলার চেষ্টা করেন পাতার নীচে। কিন্তু তত ক্ষণে বিষয়টি ক্যামেরাবন্দি হয়ে গিয়েছে। শিন্ডে-সেনা দাবি করে, বালাসাহেব নন, তাঁরা আইয়ারের ছবি ছিঁড়ছিলেন। বার্তা দিচ্ছিলেন উদ্ধব-সেনাকে। কারণ তারা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে। 

যদিও উদ্ধব-সেনার সাংসদ সঞ্জয় রাউত তীব্র কটাক্ষ করেছেন শিন্ডে-সেনাকে। তাঁর বক্তব্য, ‘এদের দেখলেই ধোলাই দিন। জবাব দিন শিন্ডে, বালাসাহেবের উত্তরাধিকার ধরে রাখার কথা বলার সময় কি এসব করাই লক্ষ্য ছিল আপনার? অমিত শাহের শিন্ডে-সেনা বালাসাহেবের ছবি ছিঁড়ছে। এরা সব ভাড়াটে লোক। এরা চলে যাওয়ায় ভালই হয়েছে। এদের কোনও আদর্শ, নীতিবোধ নেই, কোনও নির্দিষ্ট নেতা নেই, নেই আনুগত্যের বালাই। শ্রদ্ধেয় বালাসাহেবকে যারা অপমান করে, সর্বসমক্ষে তাদের চাবুক মারা উচিত জনতার। আশা করি মরাঠিরা আমার এই ভাষায় আপত্তি করবেন না’।

গোটা ঘটনায় তেতে ওঠে বৃহন্মুম্বই পুরসভার পরিস্থিতিও। উদ্ধব-সেনার তরফে শায়নার বিরুদ্ধে স্লোগান তোলা হয়। তাঁকে বহিষ্কারের দাবি ওঠে সেখানে. উদ্ধব সেনার নেতা তথা পুরসভার প্রাক্তন মেয়র কিশোরী পেডনেকর জানান, বালাসাহেবের অপমান সহ্য করবেন না তাঁরা। মুম্বই কংগ্রেসের প্রধান বর্ষা গায়কোয়াড় বলে, “এটা শুধুমাত্র ছবিকে অপমান নয়, মরাঠা গর্ব, মরাঠা আবেগের উপর আঘাত।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *