নয়াদিল্লি : আর্থিক শৃঙ্খলা ও সঞ্চয়ের উপর জোর দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্ত্রীদের উদ্দেশে তাঁর বার্তা, ভারতের সংস্কৃতির মূলে রয়েছে সঞ্চয়- ‘খাও, পান করো, ফূর্তি করো’-এমন মানসিকতা নয়। তিনি মন্ত্রীদের সতর্ক করে দিয়ে আরও বলেন যে, যদি আর্থিক শৃঙ্খলা বজায় না থাকে, তবে মানুষকে দারিদ্র থেকে বের করে আনার ক্ষেত্রে যে অগ্রগতি অর্জন করা গেছে, তা ভেস্তে যেতে পারে। 

সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী মন্ত্রীদের বলেছেন যে, “ভারতীয় সংস্কৃতি ‘খাও, পান করো আর আনন্দ করো’—এই ধারণায় বিশ্বাসী নয়। তিনি জোর দিয়ে বলেন, যারা দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন, তাঁরা যেন পুনরায় দারিদ্রের কবলে না পড়েন, তা নিশ্চিত করার জন্য সঞ্চয়কে উৎসাহিত করা অত্যন্ত জরুরি।

প্রধানমন্ত্রী মোদি উল্লেখ করেন যে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্রসীমার বাইরে নিয়ে এসেছে। তিনি এই অর্জনকে এমন একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন, যা একটি ‘জাতীয় উদযাপনের’ দাবি রাখে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, মানুষকে দারিদ্র থেকে বের করে আনাটা কেবল চ্যালেঞ্জের একটি অংশ মাত্র , তাঁদের যেন পুনরায় অভাবের গহ্বরে ফিরে যেতে না হয়, তা নিশ্চিত করতে দীর্ঘস্থায়ী প্রচেষ্টার প্রয়োজন।

নয়াদিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় মন্ত্রিসভার সাড়ে তিন ঘণ্টার বৈঠকে মোদি ২০১৪ সালে সংসদের সেন্ট্রাল হলে দেওয়া তাঁর প্রথম ভাষণের কথা স্মরণ করেন। সেই ভাষণে তিনি তাঁর সরকারকে ‘গরিবের প্রতি নিবেদিত’ বলে বর্ণনা করেছিলেন এবং বলেন যে, তখন থেকেই সরকারের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ ভারতের অগ্রগতিকে এগিয়ে নিয়ে গেছে।

বৈঠকে মাদক সমস্যা ও অভ্যন্তরীণ নিরাপত্তার মতো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, দেশের তরুণ প্রজন্মকে মাদকের কবল থেকে রক্ষা করতে হবে।

তিনি মাদক সমস্যাকে সমূলে নির্মূল করার লক্ষ্যে সরকারের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান। তিনি বলেন, দেশ যেভাবে নকশালবাদের মোকাবিলা করেছে, ঠিক সেভাবেই মাদক সমস্যারও সমাধান করতে পারে। পাশাপাশি, তিনি মন্ত্রী ও আধিকারিকদের আত্মতুষ্টিতে না ভোগার বিষয়ে সতর্ক করেন এবং নকশালবাদ যাতে পুনরায় ফিরে আসতে না পারে, তা নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *