পুরী : ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ (Akvan)। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ ভক্তদের আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা মেনে ভ্রমণ পরিকল্পনা করার আহ্বান জানিয়েছেন। পুরীর শ্রী গুণ্ডিচা মন্দির ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। তবে দ্বাদশ শতাব্দীর জগন্নাথ মন্দির খোলা থাকবে এবং সেখানে নিত্যপুজো ও আচার-অনুষ্ঠান যথারীতি পালিত হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। 

শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের (SJTA) প্রধান প্রশাসক অরবিন্দ পাধি ভক্তদের ভ্রমণ পরিকল্পনা করার সময় আবহাওয়ার পরিস্থিতির কথা বিবেচনায় রাখার অনুরোধ জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, “আমরা সকল ভক্তের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, তীব্র ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে সৃষ্ট আবহাওয়া পরিস্থিতি এবং সরকারি সতর্কবার্তাগুলি মাথায় রেখে আপনারা শ্রী মন্দিরে দর্শনের পরিকল্পনা করুন। মহাপ্রভু শ্রী জগন্নাথ আমাদের সকলকে রক্ষা করুন এবং আশীর্বাদ করুন!”

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) পূর্বাভাস দিয়েছে যে, ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের নারসাপুর এবং ওড়িশার পুরীর মধ্যবর্তী উপকূল অতিক্রম করবে। আইজিপি (সেন্ট্রাল রেঞ্জ) সত্যজিৎ নায়েক জানিয়েছেন, পুরীতে ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ের আশঙ্কা এবং শুক্রবার দুপুরের দিকে এটি উপকূল অতিক্রম করার সময় ০.৫ থেকে ১ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে, ১৮ নভেম্বর থেকে পুরী সমুদ্র সৈকতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া কোনারকের চন্দ্রভাগা সমুদ্র সৈকত, চিলিকা হ্রদ, অস্তরঙ্গা সমুদ্র সৈকত এবং জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এদিকে, কর্মকর্তারা জানিয়েছেন যে, ভুবনেশ্বরের নন্দনকানন জুলোজিক্যাল পার্ক এবং সংলগ্ন স্টেট বোটানিক্যাল গার্ডেন ১৯ ও ২০ নভেম্বর দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কেন্দ্রপাড়া জেলার ভিতরকণিকা জাতীয় উদ্যানটিও ২১ নভেম্বর পর্যন্ত তিন দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতেও সতর্কতা জারি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া এবং সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

‘আকভান’-এর প্রভাবে রাজ্যেও শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। আগামীকাল থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। শনিবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *