নয়াদিল্লি: সোনার কারবারে এবার বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠল। চিনা ধাতু মিশিয়ে সোনার ওজন বেশি দেখানো হচ্ছে বলে অভিযোগ। ভারতের একাধিক রাজ্যে চিন থেকে ওই ধাতুর গুঁড়ো সরবরাহ হচ্ছে বলে জানা গিয়েছে। এত কৌশলে গোটা কার্য সম্পন্ন হচ্ছে যে, সোনার শুদ্ধতা পরীক্ষাতেও ভোজাল ধরা পড়ছে না বলে অভিযোগ। (Adulterated Gold)

‘দৈনিক ভাস্কর’-এর তদন্তমূলক রিপোর্টে বিষয়টি সামনে এসেছে। তাদের ‘Adulteration in Gold Exposed; Purity Test Passed’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ক্য়ারাটের ৭.৮৩০ গ্রাম সোনায় এক গ্রাম রিনিয়াম পাওডার মেশানো থাকতে দেখা গিয়েছে। অথচ শুদ্ধতা পরীক্ষায় ভেজাল ধরাই পড়েনি। ২৪ ক্যারাটের খাঁটি সোনা বলে ছাড়পত্র পেয়ে গিয়েছে ওই ভেজাল শোনা।

প্রতিদিন ভারতে ২০০০ থেকে ২২০০ কেজি সোনা বিক্রি হয়। ফলে প্রচুর মানুষ খাঁটি সোনা ভেবে ভেজাল সোনা ঘরে নিয়ে গিয়েছেন বলে আশঙ্কা বাড়ছে। তদন্ত করতে গিয়ে চিনের শেংঝেনের এক এজেন্টের সঙ্গেও যোগাযোগ করে ‘দৈনিক ভাস্কর’। চিনে রিনিয়াম কারখানা চালান তিনি। ওই এজেন্ট জানান, সোনার গয়নায় ২৫ শতাংশ রিনিয়াম মেশানো হলেও তা শুদ্ধতা পরীক্ষায় ধরা পড়ে না। 

ভারতের একাধিক রাজ্যে রিনিয়াম সরবরাহ করেন বলেও জানিয়েছেন ওই চিনা এজেন্ট। তিনি জানিয়েছেন, প্রতি ১০০ গ্রাম রিনিয়ামের দাম ঘোরাফেরা করে ৩০০০-৩৪০০ ডলারের মধ্যে। মুম্বই, আমদাবাদ-সহ ভারতের একাধিক রাজ্যে রিনিয়াম সরবরাহ করেন তিনি। 

‘দৈনিক ভাস্কর’ জানিয়েছে, বিষয়টি নিয়ে নিশ্চিত হতে মুম্বইয়ের এক এজেন্টের কাছ থেকে ৫০০০ টাকার বিনিময়ে এক গ্রাম রিনিয়াম কেনা হয়। ক্যুরিয়ারের খরচ হিসেবে দিতে হয় আরও ৩০০ টাকা। জোধপুরে এর পর সেটি পরীক্ষা করে দেখা হয়। এক স্বর্ণকারকে দিয়ে সেটি ২৪ ক্যারাটের ৭.৮৩০ গ্রাম সোনায় মেশানো হয়। সবমিলিয়ে ওজন দাঁড়ায় ৮.৮৩০ গ্রাম।  এর পর বিশুদ্ধতা পরীক্ষা করালে ওই ভেজাল সোনাকে খাঁটি সোনা বলেই চিহ্নিত করে যাচাইকারী যন্ত্র। রিনিয়াম আর সোনাকে আলাদা করতে পারেনি সেটি।  এর পর, ২২ ক্যারাটের সোনাতেও ০.৭৫ গ্রাম ওজনের অন্য ধাতুর গুঁড়ো মেশানো হয়। আরও একাধিক জায়গায় শুদ্ধতা যাচাই করতে দেওয়া হয়। কিন্তু কোথাওই ভেজাল ধরা পড়েনি।

তবে শুধু রিনিয়ামই নয়, ইন্দৌরে সোনায় রুথেনিয়ান, ইরিডিয়াম, অসমিয়ামের মতো ভারী ধাতু মেশানো হচ্ছে বলে দাবি করা হয়েছে ‘মিন্ট’-এর রিপোর্টেও। গয়নার ওজন বেশি দেখাতেই অন্য ধাতুর গুঁড়ো মেশানোর কথা জানতে পেরেছে তারা। 

এর পাশাপাশি, ইন্দোরের গয়না ব্যবসায়ীদের মধ্যে সোনাতে রুথেনিয়াম, ইরিডিয়াম ও অসমিয়ামের মতো ভারী ধাতু ব্যবহারের বিষয়ে উদ্বেগের খবর জানিয়েছে ‘মিন্ট’। শহরের সরাফা বাজারের ব্যবসায়ীদের মতে, সোনার ওজন বাড়ানোর উদ্দেশ্যে এর সঙ্গে এই ধাতুগুলো মেশানো হয়েছে। ওই সব ধাতু সোনার চেয়ে ভারী। তাই কষ্টিপাথর বা অ্যাসিড দিয়ে পরীক্ষায় ভেজাল ধরা পড়ছে না বলে মত বিশেষজ্ঞদে। পাশাপাশি, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের বাজারে সোনার গুঁড়ো বা গোল্ড পাওডার নামের আর একটি উপাদান প্রবেশ করেছে বলেও জানা গিয়েছে। তবে রিনিয়াম চিন থেকে গুঁড়ো অবস্থায় আসছে, না দেশের মধ্যে গুঁড়ো করা হচ্ছে, তার সপক্ষে নির্দিষ্ট প্রমাণ মেলেনি এখনও পর্যন্ত।
উল্লেখযোগ্য বিষয় হল, সম্প্রতি CAG রিপোর্টেও ভুয়ো হলমার্কের বিষয়টি উঠে এসেছে। কেন্দ্রকে পাঠানো খসড়া রিপোর্টে তারা জানিয়েছে, সোনার দোকানে, শোরুমে আগে যেভাবে হানা দিত BIS, যেভাবে সোনার শুদ্ধতা পরীক্ষা হতো, তাতে খামতি থেকে যাচ্ছে। বিশেষ করে গত পাঁচ বছরে ভুয়ো হলমার্ক বসানো সোনার রমরমা বেড়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *