আগরতলা।। সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ, পণ্য পরিবহনের নথিতে অসংগতি এবং রেলের ওয়াগনের সিল খোলা নিয়ে একাধিক প্রশ্ন। সব মিলিয়ে ৪১ ওয়াগন বোল্ডারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সাব্রুম রেল স্টেশনে।

অভিযোগ, আসামের ডিমা হাসাও থেকে করণ দাস নামে এক ব্যক্তির বুকিং করা ৪১ ওয়াগন পাথর সাব্রুম রেল ইয়ার্ডে এসে পৌঁছেছে। স্থানীয় একটি সড়ক নির্মাণের কাজে ব্যবহারের জন্য এই পাথর আনা হলেও বুকিং সংক্রান্ত নথিতে পণ্যের বিবরণ হিসেবে উল্লেখ রয়েছে ‘মেটালস্’। অথচ বাস্তবে আনা হয়েছে বড় আকারের বোল্ডার। আর এই পণ্য বিবরণের গরমিল ঘিরেই উঠছে রাজস্ব ফাঁকির অভিযোগ।নিয়ম অনুযায়ী, পণ্যের প্রকৃত বিবরণ এবং ট্রানজিট পাস বা টিপির মধ্যে অসংগতি থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পণ্য খালাসের সুযোগ নেই বলে দাবি সংশ্লিষ্ট মহলের।

এমনকি বৈধ নথি না থাকলে বনদপ্তরের পক্ষ থেকেও রি-টিপি ইস্যু করার কথা নয়। অতীতে চুরাইবাড়িসহ রাজ্যের বিভিন্ন রেল ইয়ার্ডে নথির অসংগতির কারণে পণ্য খালাস আটকে যাওয়ার নজির রয়েছে। সাব্রুম বনদপ্তরও অতীতে এ ধরনের ঘটনায় বিপুল পরিমাণ পাথর বাজেয়াপ্ত করেছিল বলে জানা গেছে। তাহলে একই ধরনের পরিস্থিতিতে এবার ৪১ ওয়াগন বোল্ডারের ক্ষেত্রে কীভাবে ছাড় মিলল, তা নিয়েই উঠছে প্রশ্ন।সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে রেলের ওয়াগনের সিল খোলা নিয়ে।

অভিযোগ, মালিকপক্ষের কাছে বৈধ ট্রানজিট পাস এবং ইলেকট্রনিক ট্রান্সমিটেড রেলওয়ে রিসিপ্ট বা eT-RR না থাকলে ওয়াগনের সিল খোলার নিয়ম নেই। অথচ সাংবাদিকদের সঙ্গে ফোনালাপে সাব্রুম রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সিটিসি মিঠুন বিশ্বাস সকাল ৯টা নাগাদ জানান, তখনও eT-RR এসে পৌঁছায়নি। দুপুর ২টা নাগাদ পুনরায় যোগাযোগ করা হলেও তিনি ওই নথি দেখাতে পারেননি বলে অভিযোগ।

কিন্তু এরই মধ্যে কীভাবে ওয়াগনের সিল খুলে শ্রমিকদের দিয়ে বোল্ডার খালাস করা হলো, তা নিয়ে তৈরি হয়েছে গভীর রহস্য।এদিকে, সূত্রের দাবি, ট্রানজিট পাস এবং রেলওয়ে রিসিপ্টে মালিকের নামের অসামঞ্জস্যও এই ঘটনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আরও গুরুতর অভিযোগ, সংশ্লিষ্ট রেল আধিকারিকের বিরুদ্ধে আর্থিক লেনদেনের বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে পণ্য খালাসের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্যও সামনে আসা প্রয়োজন।এখন স্বাভাবিকভাবেই কয়েকটি প্রশ্ন সামনে আসছে—বৈধ নথি ছাড়া কীভাবে ৪১ ওয়াগন বোল্ডারের সিল খোলা হলো?

পণ্যের বিবরণে গরমিল থাকা সত্ত্বেও কার নির্দেশে খালাসের অনুমতি দেওয়া হলো? বনদপ্তরের ভূমিকা কী ছিল? আর সরকারি রাজস্বের ক্ষতি হয়ে থাকলে তার দায় নেবে কে?

৪১ ওয়াগন বোল্ডার শুধু পাথরের চালান নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সরকারি নিয়ম, রাজস্বের স্বচ্ছতা এবং প্রশাসনিক জবাবদিহির প্রশ্ন। তাই গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে নথির অসংগতি এবং খালাসের অনুমতির প্রকৃত কারণ জনসমক্ষে আনার দাবি উঠছে বিভিন্ন মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *