ফাইল চিত্র।Image Credit: Pexels
মুম্বই: সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যেতে পারে বাজি ফাটানো। কেউই আর আতশবাজি ফাটাতে পারবে না। এমনই নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। বৃহস্পতিবার সেই ইঙ্গিতই দিল বম্বে হাইকোর্ট। মুম্বইয়ে ক্রমাগত বায়ু ও শব্দ দূষণে রাশ টানতে এই সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা করছে আদালত।
দিপাবলীতে ক্রমাগত সতর্ক করার পরও নাগরিকরা আতশবাজি ফাটানোর সময়সীমা ও নিয়ম লঙ্ঘন করার ঘটনা নজরে রেখেই এই পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের। আদালত বলে যে শহরের বাসিন্দাদের বৃহত্তর স্বার্থের কথা ভেবে বড় কোনও পদক্ষেপের প্রয়োজন।
বিচারপতি জিএস কুলকার্নি ও বিচারপতি ডঃ নীলা গোখলের বেঞ্চে মুম্বইয়ের বায়ুদূষণ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলছিল। আদালত পর্যবেক্ষণে বলে যে দিপাবলীর সময় যখন বাতাসের গুণমান দ্রুত খারাপ ও বিষাক্ত হচ্ছিল, সেই সময় পুলিশ ও পুরসভা বিধিনিষেধ কঠোরভাবে জারি করতে পারেনি। এর আগে এই মামলার পর্যবেক্ষণেই হাইকোর্ট বলেছিল, শহর ধীরে ধীরে গ্যাস চেম্বারে পরিণত হচ্ছে। সেই সময় রাস্তায় বাজি ফাটানো নিষিদ্ধ করা হয়েছিল।
বিচারপতিরা আরও উল্লেখ করেন যে দীপাবলির সময় আকাশে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)। সাধারণ মানুষের সম্পত্তি সুরক্ষার ক্ষেত্রে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করে আদালত। বিচারপতি কুলকার্নি বলেন, “শহরে ৩৩২টি অগ্নিকাণ্ড ঘটেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত এই সংখ্যাটি যদি সঠিক হয়, তাহলে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।”
দীপাবলির সময় দূষণের কারণে স্বাস্থ্যের উপর যে মারাত্মক প্রভাব পড়ে, তা নিয়ে সাধারণ মানুষের সচেতনতার অভাবেও উদ্বেগ প্রকাশ করে আদালত। বিচারপতিরা বলেন, দীপাবলি উৎসবের সময় মুম্বইয়ের বায়ুর গুণমান সূচক ( Air Quality Index) এক পর্যায়ে সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছিল।
আদালতের মন্তব্য, “দূষণ কতটা বিপজ্জনক এবং এর ফলে মানুষের স্বাস্থ্যের কী ক্ষতি হতে পারে, সে বিষয়ে মানুষের মধ্যে কোনও সংবেদনশীলতা নেই। দীপাবলির সময় একটি নির্দিষ্ট পর্যায়ে একিউআই (AQI) সর্বোচ্চ হয়েছিল। আমরা এটা আটকাতে চাই।”
পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে এবার কঠোর পদক্ষেপের কথা ভাবছে আদালত। বিচারপতিরা বলেন, “নাগরিকদের বারবার অনুরোধ করেও আচরণে বিশেষ পরিবর্তন আসেনি। তাই বৃহত্তর জনস্বার্থে এবার কঠোর নির্দেশ দেওয়ার প্রয়োজন হতে পারে। এখন আমাদের কিছু কঠোর নির্দেশ দিতে হবে, শহরের লক্ষ লক্ষ মানুষের বৃহত্তর স্বার্থে। আমরা যদি এভাবে সক্রিয়ভাবে পদক্ষেপ না করি, তাহলে পরিস্থিতির কোনও উন্নতি হবে না।”
বিচারপতিরা আরও জানান, নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও মুম্বইয়ের বিভিন্ন জায়গায় আতশবাজি পোড়ানো হয়েছে। কোথাও কোথাও রাত ৩টে পর্যন্ত শব্দবাজি চলেছে। এর ফলে ব্যাপক শব্দদূষণও হয়েছে।
আদালতের পর্যবেক্ষণ, “পুলিশ এবং পুরসভা—দুই প্রশাসনিক ব্যবস্থাই কার্যত অসহায় হয়ে পড়েছিল। তারা যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।”
এই পরিস্থিতি শুরুতেই বন্ধ করতে হবে বলে মন্তব্য করে আদালত। বিচারপতিরা বলেন, “এর একটি সম্ভাব্য সমাধান হতে পারে মুম্বইয়ে ব্যক্তিগতভাবে আতশবাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা।”
এর পরিবর্তে নির্দিষ্ট অনুমোদিত জায়গায় প্রশাসনের অনুমতি নিয়ে সম্মিলিত বা কমিউনিটি ফায়ারওয়ার্কস আয়োজনের প্রস্তাব দিয়েছে আদালত। বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে নির্দিষ্ট জায়গায় জনসাধারণের জন্য আতশবাজির প্রদর্শনী আয়োজন করা হয়, মুম্বইতেও তেমন ব্যবস্থা করা যেতে পারে বলে মত বিচারপতিদের।
আদালতের বক্তব্য, “ব্যক্তিগতভাবে আতশবাজি না পোড়িয়ে শুধু নির্দিষ্ট অনুমোদিত জায়গায় কমিউনিটি ফায়ারওয়ার্কসের ব্যবস্থা করা হলে শহরের দূষণ ও বিষাক্ত পদার্থের সংস্পর্শ অনেকটাই কমানো সম্ভব।”
মুম্বইয়ের সামাজিক ঐক্যের কথাও উল্লেখ করেন বিচারপতিরা। তাদের পর্যবেক্ষণ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের একসঙ্গে থাকার মধ্যেই শহরের আসল শক্তি। কিন্তু বর্তমান দূষণ পরিস্থিতি মুম্বইবাসীর জীবনযাত্রার মানের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।
