আগরতলা: মানুষ চায় না সিপিএম নামক একটা সরকার ত্রিপুরায় আবার প্রতিষ্ঠিত হোক। তাদের প্রত্যাখ্যান করেছে মানুষ। তাদের দীর্ঘ রাজত্ব প্রত্যক্ষ করেছেন এই রাজ্যের মানুষ। অথচ তাদের সাথেই এখন এক হয়েছে কংগ্রেস। ভারতীয় জনতা পার্টির সরকার মানুষের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। আগামী ২ ডিসেম্বর আবারও বিপুল জনাদেশ নিয়ে জয়ী হবেন বিজেপি মনোনীত প্রার্থীরা।

আজ উত্তর জেলার পানিসাগরে আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। আসন্ন পানিসাগর নগর পঞ্চায়েত নির্বাচনে ১৩টি আসনে লড়াই করছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা। এই উপলক্ষে দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, মানুষই ভারতীয় জনতা পার্টির অন্যতম শক্তি। এই জায়গায় মানুষের উপস্থিতি বলে দিচ্ছে যে আগামী ২ ডিসেম্বর কি ফলাফল হতে যাচ্ছে।

২ তারিখ আমরা যে জয়ী হচ্ছি তাতে কোন সন্দেহের অবকাশ নেই। ২০২১ এও নির্বাচন হয়েছে। সেসময় যে পরিমাণ জনসমর্থন দেখেছি এবার আগের চাইতেও অনেক বেশি পরিমাণ জনসমর্থন আমরা দেখতে পাচ্ছি। বিরোধীরা এখন তাদের পাশে লোক পাচ্ছে না। তাই তারা রাজ্যে নাকি গণতন্ত্র নেই – এই বলে নানা ধরনের নাটক করছে। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা এখন নির্বাচন দপ্তরের অফিসে গিয়ে ধর্না দিচ্ছে। দাবি করছে যে আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। অথচ তাদের সময়েও এই নির্বাচন হয়েছিল। যদিও তখন এমন দাবি করা হয়নি।

মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, আমি বারবার বলছি যে এখন কংগ্রেসের পার্টি অফিস থেকে সিপিএমের ফ্ল্যাগ ফেস্টুন বের হয়। আর সিপিএমের অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বের হয়। এটাই এখন রাজ্যের অবস্থা। অথচ এই কংগ্রেস কর্মীদেরকেই আগে বেছে বেছে মারা হয়েছে। তাদের এত কর্মী খুন হওয়ার পরও এখন আবার ওদের সাথেই হাত মিলিয়েছে। শুধু কি কুর্সি দখলের জন্য? ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা দীর্ঘ ৩৫ বছরের কুশাসন দেখেছি রাজ্যে।

২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের পর ত্রিপুরায় কীভাবে কমিউনিস্টদের কাছ থেকে মুক্ত হওয়া যায় সেই উদ্যোগ শুরু হয়। কংগ্রেসের কাছে কিন্তু শাসন ভার নেওয়ার যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু আমরা শুনতাম যে ত্রিপুরায় কংগ্রেসের সঙ্গে সিপিএমের কুস্তি, আর দিল্লিতে দোস্তি। শেষপর্যন্ত ২০১৮ সালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরায় কমিউনিস্টদের শাসনের অবসান করা সম্ভব হয়েছে। মানুষ চায় না আবার সিপিএম নামক একটা সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হোক। সেটা এডিসি হোক, ভিলেজ কমিটি হোক, পঞ্চায়েত হোক, কিংবা পুর বা নগর পঞ্চায়েত হোক। মানুষ চায় না সিপিএম আবার ফিরে আসুক।

বক্তব্যে মুখ্যমন্ত্রী আরো বলেন, দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী। গোটা পৃথিবী এখন বুঝতে পারছে যে প্রধানমন্ত্রী যে কথা বলেন সত্যিকারের অর্থে সেটা বাস্তবায়িত করার চেষ্টা করেন। রাজ্যেও আমাদের লক্ষ্য জাতি, জনজাতি, মণিপুরী, সংখ্যালঘু সকল অংশের মানুষকে সাথে নিয়ে চলার। ডাঃ সাহা বলেন, প্রধানমন্ত্রী মহিলাদের সম্মান প্রদর্শনের জন্য কাজ করছেন। তাঁর নির্দেশিত দিশায় আমরাও সেভাবে মহিলাদের কল্যাণে কাজ করছি। ভারতীয় জনতা পার্টির অন্যতম শক্তি মহিলারা। তাই তাদের ক্ষমতায়নে গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার।

সভায় উপস্থিত ছিলেন বিধায়ক বিনয় ভূষণ দাস, উত্তর জেলার বিজেপি প্রভারী অভিজিত দেব, জেলা সভাপতি কাজল দাস, সাধারণ সম্পাদক ড. তমজিত নাথ, মন্ডল সভাপতি বিবেকানন্দ দাস সহ দলের অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *