আগরতলা।। ভারতের জনগণনা ২০২৭-এর কাজে নিযুক্ত কর্মীদের জন্য আজ আখাউড়া চেকপোস্টস্থিত ভারতের স্থল বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে দু’দিনব্যাপী পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।
পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এটি হল ভারতের জনগণনার দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শিবির। আজ ও আগামীকাল এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন জনগণনা পরিচালন অধিদপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস।
প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করে তিনি বলেন, জনগণনা ২০২৭-এর দ্বিতীয় পর্যায়ের কাজ নির্ভুল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এখানে দু’দিনব্যাপী পশ্চিম জেলার জনগণনার কাজে নিযুক্ত প্রত্যেক আধিকারিকের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, দ্বিতীয় পর্যায়ের জনগণনা আগামী ২৫ জানুয়ারি ২০২৭ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে, অর্থাৎ ৩৫ দিন ধরে জনগণনার কাজ চলবে। এই কাজ প্রতি বাড়িতে করা হবে। এর পূর্বে ১০ জানুয়ারি ২০২৭ থেকে ২৪ জানুয়ারি ২০২৭ পর্যন্ত স্ব-গণনা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এবারের জনগণনায় যারা ঘরছাড়া অর্থাৎ যারা ফুটপাতে, স্টেশনে, চত্বরে বসবাস করেন তাদেরও জনগণনার আওতায় আনা হবে। তিনি এই দু’দিনের প্রশিক্ষণ কর্মসূচির সফলতা কামনা করেন। দ্বিতীয় পর্যায়ের এই প্রশিক্ষণ কর্মসূচির বিষয়ে আলোচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা অসিত কুমার দাস। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যান্ডপোর্ট অথরিটি অব ইন্ডিয়া, (ত্রিপুরা)-র আঞ্চলিক প্রশাসক দেবাশীষ নন্দী এবং রিজিওনাল কো-অর্ডিনেটর রাকেশ কুমার।

প্রশিক্ষক হিসাবে রয়েছেন, সেনসাস প্রশিক্ষক শুভজিৎ দেবরায়, অভয় শুক্লা ও রাহুল সোনা। জনগণনার সাথে যুক্ত বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *