আগরতলা।। পুর ও নগর নির্বাচন ঘিরে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় তীব্র উষ্মা ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। নির্বাচন শেষ হওয়ার আগে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার সম্ভাবনা ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। শুক্রবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই সমস্ত বিষয়গুলি উথ্যাপন করা হয়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহার দাবি, জনগণের ভোটাধিকার সুরক্ষিত রাখতে এবং ভয়মুক্ত পরিবেশে নির্বাচন নিশ্চিত করতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা জরুরি।

কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেন তিনি। পুর ও নগর নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি । তাঁর অভিযোগ, ২০১৮ সালের পর থেকে রাজ্যে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে বাধা, হামলা ও সন্ত্রাসের ঘটনা ঘটেছে। এবারও মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে প্রার্থী প্রত্যাহার পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে বিরোধী প্রার্থীদের বাধার মুখে পড়তে হয়েছে।

একাধিক পুর পরিষদ ও নগর পঞ্চায়েতে মনোনয়ন জমা দেওয়া সম্ভব হয়নি বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার সাংবাদিক সম্মেলনে আশিস কুমার সাহা বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, নির্বাচনী আচরণবিধির যথাযথ প্রয়োগ এবং বিরোধী রাজনৈতিক দলগুলিকে সমান সুযোগ দেওয়ার দাবি জানানো হচ্ছে। এই দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছে কংগ্রেস।

তাঁর অভিযোগ, গত ১২ অক্টোবর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানানো হলেও বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠাতে অযথা বিলম্ব করা হয়েছে। ১৬ নভেম্বর রাজ্য নির্বাচন কমিশনার ও ডিএমের সঙ্গে সাক্ষাতের সময় প্রথমে জানানো হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে পদক্ষেপ নিতে আরও ৭২ ঘণ্টা সময় প্রয়োজন। সেই আশ্বাসে কংগ্রেসের ধরনা প্রত্যাহার করা হলেও পরবর্তী সর্বদলীয় বৈঠকে বিষয়টি নিয়ে স্পষ্ট কোনও আশ্বাস পাওয়া যায়নি।

আশিস কুমার সাহার আরও অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রশ্নে নির্বাচন কমিশন নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তাঁর দাবি, নির্বাচন শেষ হওয়ার আগে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার সম্ভাবনা ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে।

রাজ্য নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কংগ্রেসের এই সমস্ত অভিযোগের ভিত্তিতে রাজ্য নির্বাচন কমিশন আদৌ কোনো সিদ্ধান্ত নেয় কিনা এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *