কলকাতা: বিগ বস বাংলার ঘরে (Big Boss Bangla) জিতু কমল (Jeetu Kamal) আর সৃজলা গুহর (Srijla Guha) সম্পর্কের ইতি? শুক্রবার বিগ বসের সম্প্রচার হওয়ার এপিসোডে সৃজলা আর জিতুর যে সমীকরণ ক্যামেরায় ধরা পড়ল, সেখানে যেন রইল সেই প্রশ্নই। সৃজলা আর জিতু সমস্ত সময়েই টাস্কে একে অপরকে সমর্থন করেন, এই বিষয়টা বাড়ির সমস্ত সদস্য থেকে শুরু করে দর্শক, প্রত্যেকেই জানেন। কিন্তু এখানেই শেষ নয়, জিতু একাধিকবার ক্যামেরার সামনে সৃজলাকে ভালবাসার কথা, নিজের অনুভূতির কথাও জানিয়েছেন। সৃজলা অবশ্য কখনোই সরাসরি ভালবাসার কথা জানাননি জিতু, সবসময় এড়িয়ে গিয়েছেন প্রসঙ্গ। তবে এই কথা সৃজলা বারে বারেই স্বীকার করেছেন যে, এই বাড়িতে একমাত্র জিতুই তাঁকে সমর্থন করেন এবং পাশে থাকেন। তবে শুক্রবার ভোরে বিগ বস বাংলার ঘরে, ভোর সাড়ে পাঁচটার সময়ের ফুটেজে সৃজলা আর জিতুর মধ্যে দেখা গেল একেবারে অন্য সমীকরণ।
সৃজলার থেকে সরে আসতে চান জিতু? ভোর রাতে এ কি কথোপকথন তাঁদের মধ্যে?
রাত সাড়ে ৩টের একটি ফুটেজে দেখা যায়, পাউডার রুমের সোফায় বসে একা একাই কথা বলছেন সৃজলা। তাঁকে বলতে শোনা যায়, ‘এইরকম হয়? এইরকম হয়? এইভাবে ভালবাসা.. এতটা ভালবাসা..’! এরপরে বাথরুম থেকে বেরিয়ে আসতে দেখা যায় জিতুকে। এরপরে ভোর পাঁচটার একটি ফুটেজে দেখানো হয়, গার্ডেন এরিয়াতে আসছেন জিতু আর সৃজলা। জিতু সৃজলার হাতে টাস্কের জন্য সৃজলার কেটে ফেলা চুলের অংশ দিয়ে বলছেন, ‘এই নাও তোমার জিনিস। এটা নিয়ে আমাদের মধ্যে কোনোদিন কোনও কথা হয়নি, হবেও না। চিন্তা কোরো না। অভিশাপ হয়ে যাবে.. জীবন শেষ হয়ে যাবে। সবকিছু ভাল কিন্তু একটা জুটি ভাল আছে, তাদেরকে ভাঙা.. কক্ষনো না.. কখনও না। সব নিজের কাছে রেখে দাও।’
এরপরে জিতু ফের বলেন… ‘যাও শুয়ে পড়ো। আর ১৬ দিন বাকি, আমি সামলে নেব। আমি ফিল্মি মানুষ, অন্যভাবে অন্য পৃথিবী ভাবি। কিন্তু এটা হবে না। সবটা হয় এমন তো নয়!’ সৃজলা অবশ্য জিতুর এতগুলো কথার উত্তরে কোনও কথা বলেননি। এর আগেও জিতুকে বলতে শোনা গিয়েছিল সে এই ঘরের বাইরে সৃজলার সম্পর্ক রয়েছে। তিনি সেটা নষ্ট করতে চান না। তবে কি এবার জিতু আর সৃজলার মধ্যে দূরত্ব বাড়বে? আগামী এপিসোডে নজর থাকবে সেদিকেও।
