আগরতলা।। রাজধানী আগরতলার বেনুবন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হলো ৪৯তম মহা কঠিন চীবর দানোৎসব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র এই উৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণে সমবেত হন বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য পুণ্যার্থী।

কঠিন চীবর দান—বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে শ্রেষ্ঠ ও পবিত্র দানের অন্যতম। এই উৎসবের বিশেষ আকর্ষণ হলো ধর্মীয় রীতি মেনে বৌদ্ধ ভিক্ষুদের জন্য চীবর বা পরিধেয় বস্ত্র তৈরি করা। উৎসবের প্রথম দিন মহিলারা সারারাত ধরে বস্ত্র বুননের কাজে অংশ নেন। পরদিন সেই চীবর ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভান্তেদের হাতে তুলে দেওয়া হয়।সোমবার পঞ্চশীল গ্রহণ ও দানীয় সামগ্রী উৎসর্গের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।

সন্ধ্যায় বৌদ্ধ ধর্মগুরু নন্দপাল মহাস্থবির ধর্মদেশনা প্রদান করেন। এরপর উদ্বোধন করা হয় বেইন ঘর। চরকায় সুতা কাটা থেকে শুরু করে বেইন টানা ও চীবর বুননের বিভিন্ন ধর্মীয় প্রক্রিয়ায় মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।

ধর্মীয় ঐতিহ্য, সম্প্রীতি ও আধ্যাত্মিকতার অনন্য মেলবন্ধনে বেনুবন বিহারে পালিত হয় এই পবিত্র উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *