ধ্রুব রাঠি।Image Credit: PTI
নয়া দিল্লি: ফের বিপাকে ধ্রুব রাঠি (Dhruv Rathee)। জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি হল জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে। আজ, সোমবার দিল্লির একটি আদালত মানহানি মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করল।
জানা গিয়েছে, ২০১৮ সালের একটি মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করা হয়েছে। বিকাশ পাণ্ডে নামক এক জনৈক ব্যক্তি মামলা করেছিলেন ইউটিউবারের বিরুদ্ধে। ২০১৮ সালের মে মাসে ধ্রুব রাঠি একটি ভিডিয়ো করেছিলেন, যেখানে তিনি দাবি করেছিলেন যে বিজেপির তথ্য প্রযুক্তি সেল বিকাশ পাণ্ডেকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল। ওই ভিডিয়ো আবার দিল্লির তৎকালীন মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরীবাল শেয়ার করেছিলেন। এরপরই বিকাশ পাণ্ডে অরবিন্দ কেজরীবাল ও ধ্রুব রাঠির বিরুদ্ধে মানহানির মামলা করেন।
সেই মামলাতেই আজ দিল্লি আদালত আজ ওয়ারেন্ট জারি করেছে। ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনম রইস খান এই অর্ডার পাশ করেন। আগামী ৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
উল্লেখ্য, এর আগে এই মামলাতেই ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করেছিল। গত ১২ অক্টোবর আদলত এই মামলায় আগাম শুনানির আর্জি গ্রহণ করে এবং সমন জারি করে ধ্রুব রাঠির বিরুদ্ধে।
