তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: এই ছবি কাজ চলেছে গত ২ বছর ধরে। যেখানে বাংলা ছবির শ্যুটিং এখন ১৪-১৫ দিনে শেষ হয়ে যাওয়াই দস্তুর, সেখানে এই সিনেমার শ্যুটিংই চলেছে সাড়ে পাঁচ ধরে। কালীপুজোর সময়ে এই সিনেমা মুক্তি পাওয়ার কথা হলেও, পরবর্তীতে ‘রামায়ণ’ (Ramayana) ছবিটির জন্য মুক্তি পিছিয়ে দেওয়া হয়। প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF)-এর তরফ থেকে জানানো হয়েছিল, ‘রামায়ণ’ এবং ‘সাধক বামাক্ষ্যাপা’ (Sadhak Bamakhyapa) যেহেতু একই ধারার ছবি তাই মানুষকে এই দুটি সিনেমার মধ্যে থেকে যে কোনও একটি সিনেমা বেছে নিতে হবে, এই পরিস্থিতি তাঁরা তৈরি করতে চান না। সেই কারণেই কালীপুজোর দিন থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়, ২০ নভেম্বরে। মাত্র ৩ দিনই ছবিটি যথেষ্ট প্রশংসিত হয়েছে। সায়ন্তন ঘোষালের পরিচালনা থেকে মুখ্যভূমিকায় সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Chowdhury) অভিনয়.. প্রশংসা হয়েছিল এই সমস্ত কিছুই। তবে মাত্র ৩ দিনেই ছন্দপতন? সমস্ত বড়পর্দা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, ‘সাধক বামাক্ষ্যাপা’! কিন্তু কেন?
জানা যাচ্ছে, আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে, ‘ইয়ে প্রেম মোল লিয়া’ (Ye Prem Mol Liya) ছবিটি। মুখ্যভূমিকায় রয়েছেন, আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। দীর্ঘদিন পরে নতুন ছবি পরিচালনায় ফিরছেন, সুরজ বরজাতিয়া (Sooraj Barjatya)। ছবিটির প্রযোজনা করছে রাজশ্রী প্রযোজনা সংস্থা (Rajshri Productions)-এবং ডিস্ট্রিবিউশনের দায়িত্বে যশরাজ ফিল্মস (YRF)। আর এই ছবির কারণেই নাকি শো কমে যাচ্ছে, ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটির। ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে পিভিআর এবং আইনক্স। অভিযোগ যে, এই দুয়ের তরফ থেকেই জানানো হয় যে, ‘ইয়ে প্রেম মোল লিয়া’-কে বেশি শো দিতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’-র থেকে। এর তীব্র প্রতিবাদ করে বড় সিদ্ধান্ত নিতে চলেছে SVF, এমনটাই সূত্রের খবর।
‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রযোজনা সংস্থার তরফ থেকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সমস্ত বড়পর্দা থেকে তুলে নেওয়া হবে এই সিনেমা। যে ছবি মাত্র ৩ দিনে যথেষ্ট প্রশংসিত হয়েছে, হল ভরিয়ে ছবিটি দেখেছেন মানুষ.. সেই জায়গা থেকে একটি হিন্দি ছবির জন্য বাংলা ছবির শো কমিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত মেনে নিতে পারেনি SVF। তাঁদের দাবি, ‘সাধক বামাক্ষ্যাপা’ এবং ‘ইয়ে প্রেম মোল লিয়া’ এই দুটি ছবিকেই সমান শো দেওয়া হোক। প্রথম সপ্তাহ অন্তত যাচাই করে দেখা হোক, কোন ছবি কেমন ফল করছে। তার ওপর ভিত্তি করে পরের সপ্তাহে শোয়ের সংখ্যা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক। তবে শোনা যাচ্ছে, যদি পিভিআর এবং আইনক্সের তরফ থেকে সমান শোয়ের শর্তে রাজি হওয়া হয়, তাহলে আগের মতোই প্রেক্ষাগৃহে থাকবে, ‘সাধক বামাক্ষ্যাপা’।
হিন্দি ছবির দৌরাত্ম্যে বাংলা ছবির শোয়ের সংখ্যা কমেছে, এই নজির প্রথম নয়। পুজো থেকে শুরু করে দীপাবলি.. একাধিক সময়েই এই ঘটনা ঘটেছে। সেই তালিকায় এবার কী থাকবে ‘সাধক বামাক্ষ্যাপা’-র নামও? যে ছবি মানুষ হল ভরিয়ে দেখছেন, সেই ছবি যদি এই শুক্রবারই সমস্ত প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে ব্যবসার বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিংহভাগ দর্শক বড়পর্দায় এই ছবির ম্যাজিক দেখার সুযোগ হারাবেন। ‘সাধক বামাক্ষ্যাপা’ -র ভবিষ্যৎ এখন ধোঁয়াশায়।
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
