নয়াদিল্লি : চলতে থাকা স্পেশাল সামারি রিভিসন বা SSR প্রক্রিয়ার সময় ভোটার তালিকায় থাকা সম্ভাব্য ভুল বা ত্রুটিপূর্ণ তথ্য শনাক্ত করে তা সংশোধন করতে হবে। ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই নির্দেশ দিল ভারতের নির্বাচন কমিশন। এই কাজের জন্য বর্তমান ভোটার তালিকার তথ্যের সঙ্গে SIR চলাকালীন সংগৃহীত তথ্যের তুলনা করতে বলা হয়েছে।

২৫ নভেম্বর মুখ্য নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে পাঠানো একটি চিঠিতে কমিশন জানিয়েছে যে, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটারদের নাম, আত্মীয়ের নাম বা সম্পর্কের ধরন, জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং ছবি- এই ধরনের তথ্যে থাকা অসঙ্গতিগুলি খতিয়ে দেখা হবে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, “যেখানেই কোনও গরমিল ধরা পড়বে, তা যাচাইয়ের জন্য চিহ্নিত করা হবে এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

কমিশন বুথ লেভেল অফিসারদের (BLO) নির্দেশ দিয়েছে যে, চলমান এসএসআর (SSR)-এর সময় যেসব ভোটারের তথ্যে অসংগতি চিহ্নিত হয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করতে হবে, তাঁদের তথ্যের সত্যতা যাচাই করতে হবে এবং প্রয়োজনে যথাযথভাবে পূরণকৃত ও স্বাক্ষরিত ‘ফর্ম-৮’ (Form-8) সংগ্রহ করতে হবে। AERO এবং ERO নির্ধারিত পদ্ধতি অনুযায়ী এই আবেদনগুলি পরীক্ষা করবেন এবং সেগুলির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

চিঠিতে বলা হয়েছে, “শুধুমাত্র স্বয়ংক্রিয় শনাক্তকরণের ভিত্তিতে কোনও পরিবর্তন করা যাবে না।” কমিশন আরও নির্দেশ দিয়েছে যে, এই প্রক্রিয়াটি যেন ECINet-এর সংশ্লিষ্ট বিএলও (BLO), এইআরও (AERO) এবং ইআরও (ERO) মডিউলের মাধ্যমে সম্পন্ন করা হয়। এছাড়া, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও কঠোরভাবে তা মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। 

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, বিহার, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, মণিপুর, পুদুচেরি, পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউ, মিজোরাম, ওড়িশা, সিকিম, কর্ণাটক ও মেঘালয়–এর মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ জারি করা হয়েছে।

এদিকে SIR-এ বাদ যাওয়া নাম অন্তর্ভুক্তির যে আবেদন জমা পড়েছে, তার দ্রুত বিচারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, যেসব এলাকায় নির্বাচন আসন্ন, সে সব এলাকা চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে। বাড়াতে হবে ট্রাইব্যুনালের সংখ্যা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *