ক্রাইস্টচার্চ: বিদেশের মাটিতে তাঁর দুরন্ত রেকর্ড। ৩২ বছর বয়সি পেসার গত বছর ইংল্যান্ড সফরে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। পাঁচটি টেস্টে তাঁর ঝুলিতে ছিল ২৩টি উইকেট। চলতি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বৃত্তেও ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি। এখনও পর্যন্ত ১১টি ম্যাচে ৪৩টি উইকেট নিয়েছেন তিনি। অথচ ভারতীয় দলে খেলানো হচ্ছে না মহম্মদ সিরাজ়কে। তাঁর পরিবর্তে খেলানো হচ্ছে অংশুল কম্বোজ-গুরনূর ব্রারদের। কম্বোজ আগের ম্যাচে একেবারেই নজর কাড়তে পারেননি। তারপরেও সিরাজ়কে ফেরানো হল না দ্বিতীয় টেস্টের দলে।
উপেক্ষার যন্ত্রণায় কি এবার মাঠেি কেঁদে ফেললেন হায়দরাবাদের পেসার?
ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় সেরকমই ছবি ধরা পড়েছে। যে চ্যানেলে এই সিরিজের জন্য ধারাভাষ্যকার হিসাবে যুক্ত প্রাক্তন ক্রিকেটার অজিঙ্ক রাহানে ও মুরলী কার্তিক। সেখানেই সিরাজ়ের ছবি দেখে রাহানে বলে ওঠেন, ‘এই ছবি দেখো।’ কার্তিক প্রশ্ন করেন, ‘ও কি কাঁদছে?’ রাহানে বলেন, ‘সেটাই আমি জিজ্ঞেস করছি। মানুষ তো। আবেগ থাকা স্বাভাবিক।’
Murali Kartik Said 🗣️: “Mohammed Siraj Is Crying” 😭💔 Ajinkya Rahane Said 🗣️: “Looking at the visuals, it certainly seems that way.” – Wait and watch Mohammed Siraj. 😭😭 https://t.co/S20cui6kOH
— lndian Sports Network (@IS_Netwrk29) November 27, 2026
এরপরই ক্ষোভে ফেটে পড়েন প্রাক্তন স্পিনার কার্তিক। বলেন, ‘আমরা এমন প্লেয়ারদের সঙ্গে খেলেছি যাদের অনেকে বাদ পড়লেও মেনে নেয়। যেন কিছুই হয়নি। তবে কিছু লোক খেলতে চায়। তাদের পায়ে ব্যথা, কী মাথায় ব্যথা, শরীরে ব্যথা – যাই হোক না কেন তফাত হয় না। মাঠে জীবন দিতে প্রস্তুত থাকে। সিরাজও সেরকমই বোলার। ও হয়তো মনের ভেতরের যন্ত্রণা লুকোতে চাইছে। ওয়ান ডে থেকেও ওকে বাদ দেওয়া হয়েছিল। ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে যে সিরিজ হয়েছিল, সেখানেও শেষ ম্যাচে যখন কাউকে না খেলানোর সিদ্ধান্ত হয়েছিল, তখন ওকে সুযোগ দেওয়া হয়।এটা ক্রিকেটারকে আঘাত দেয়। ওর রেকর্ড দেখুন। আমি তো অবাক হয়েছি। যদি মনে হয় ওর ফর্ম ঠিক নেই, তা হলে দলে রেখোই না। নেটে বল ভাল করছে না, বা ওকে নিয়ে যা মতামতই থাকুক না কেন, ওকে দলে রেখো না। ওকে নিয়ে যাওয়ারই দরকার নেই। কী লাভ দলে রেখে তা হলে?’
আরও পড়ুন: বাংলা ক্রিকেটের অন্ধকার দিন, সৈয়দ মুস্তাক আলির গ্রুপ থেকেই বিদায়, কৌশল নিয়ে উঠছে প্রশ্ন
