ক্রাইস্টচার্চ: ওয়েলিংটনে খেলানো হয়নি। তা নিয়ে বিতর্কও কম হয়নি। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের দলেও উপেক্ষিতই রইলেন মহম্মদ  সিরাজ়। যা নিয়ে বিতর্কে তোলপাড় হচ্ছে ক্রিকেটের বাইশ গজ।

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও মহম্মদ সিরাজ় ও রবীন্দ্র জাডেজাকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যে সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শুক্রবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। পাশাপাশি প্রশ্ন উঠছে, ধর্মের জন্যই কি বাদ পড়তে হচ্ছে সিরাজ়কে? যে প্রশ্ন তুলে শোরগোল ফেলেছিলেন কংগ্রেসের সাংসদ ইমরান মাসুদ।

ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে নিউজ়িল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে অল আউট করতে ব্যর্থ হয়েছিল ভারত। ম্যাচের পঞ্চম তথা শেষ দিন সারাদিন ব্যাট করে ড্র নিশ্চিত করেছিল নিউজ়িল্যান্ড। এরপর অভিজ্ঞ দুই ক্রিকেটার সিরাজ় ও জাডেজাকে দলে ফেরানোর দাবি উঠেছিল। তবে অধিনায়ক শুভমন গিল এবং কোচ গৌতম গম্ভীরের টিম ম্যানেজমেন্ট নিজেদের সিদ্ধান্তে অনড় থেকেছেন। প্রথম একাদশে মাত্র একটি পরিবর্তন করা হয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণের পরিবর্তে সুযোগ পেয়েছেন গুরনূর ব্রার। গুরনূরের টেস্ট অভিষেক হল।

প্রথম টেস্টের দলে সিরাজ়কে না দেখে কংগ্রেসের সাংসদ ইমরান মাসুদ বোমা ফাটিয়েছিলেন। অভিযোগ করেছিলেন, মুসলিম হওয়ার কারণেই গৌতম গম্ভীরের প্রশিক্ষণাধীন দলে একাদশে রাখা হয়নি হায়দরাবাদের পেসারকে। টিম ইন্ডিয়ায় যিনি মিয়াঁভাই নামে জনপ্রিয়। ইমরান বলেছিলেন, ‘উনি পারফর্ম করছেন। তারপরেও কেন সুযোগ পাচ্ছে না। কারণ ওঁর নাম মহম্মদ সিরাজ়। এর বাইরে আর কোনও কারণ থাকতে পারে কি?’

 

সিরাজ়ের দলে না থাকা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রিকেটপ্রেমীরাও।। বিদেশের মাটিতে তাঁর দুর্দান্ত রেকর্ডের কথা মাথায় রেখেই এই প্রশ্ন আরও জোরাল হচ্ছে। ৩২ বছর বয়সি এই পেসার গত বছর ইংল্যান্ড সফরে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। পাঁচটি টেস্টে তাঁর ঝুলিতে ছিল ২৩টি উইকেট। চলতি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বৃত্তেও ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি সিরাজ়। এখনও পর্যন্ত ১১টি ম্যাচে ৪৩টি উইকেট নিয়েছেন তিনি। তবু তাঁর কথা ভাবা হচ্ছে না। খেলানো হচ্ছে অংশুল কম্বোজ-ব্রারদের। কম্বোজ আগের ম্যাচে একেবারেই নজর কাড়তে পারেননি। তারপরেও সিরাজ়কে ফেরানো হল না দ্বিতীয় টেস্টের দলে। 

আরও পড়ুন: বাংলা ক্রিকেটের অন্ধকার দিন, সৈয়দ মুস্তাক আলির গ্রুপ থেকেই বিদায়, কৌশল নিয়ে উঠছে প্রশ্ন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *