Last Updated:
অনন্ত সিংয়ের মেয়ের বিয়ের একাধিক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এরই মধ্যে মকামার বিধায়কের গাড়ির সানরুফ দিয়ে গামছা ওড়ানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে নিজের চালককে পা দিয়ে ধাক্কা মারতে দেখা যাচ্ছে। যদিও ভাইরাল এই ভিডিওর সত্যতা News18 যাচাই করেনি।
পটনা: বিহারের বাহুবলী বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়ে নিয়ে ব্যাপক চর্চা হয়েছে। পটনার বাঢ় থেকে শুরু করে তাঁর পৈতৃক গ্রাম নাদওয়া পর্যন্ত বিয়েতে যোগ দিতে মানুষের ভিড় উপচে পড়ে। এই সময় একাধিক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার আরও একটি ভিডিও নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই ভিডিওতে অনন্ত সিংকে তাঁর ল্যান্ড ক্রুজার গাড়ির সানরুফ দিয়ে বাইরে বেরিয়ে লোকজনকে অভিবাদন জানাতে দেখা যাচ্ছে। একই ভিডিওতে গাড়ির চালককে লাথি মারতেও দেখা যায় তাঁকে। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা অবশ্য News18 Bangla যাচাই করেনি।
সানরুফ দিয়ে বাইরে বেরিয়ে চালককে মারলেন লাথি
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে অনন্ত সিংকে ল্যান্ড ক্রুজারের সানরুফ দিয়ে বাইরে বেরিয়ে থাকতে দেখা যাচ্ছে। তাঁর হাতে একটি গামছা রয়েছে এবং সেটি নাড়িয়ে তিনি লোকজনকে অভিবাদন জানাচ্ছেন। গাড়ির চারপাশেও প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে। এই সময় ভিডিওতে এমন একটি দৃশ্য সামনে আসে, যা নেটিজেনদের নজর কেড়েছে। অনন্ত সিংকে হঠাৎ চালকের দিকে তাকিয়ে কিছু বলতে দেখা যায়। এরপর পা দিয়ে চালককে ধাক্কা মারতে দেখা যায় তাঁকে। ভিডিওতে এমন ঘটনা দু-তিনবার ঘটতে দেখা গিয়েছে। এই দৃশ্য ঘিরেই সোশাল মিডিয়ায় নানা প্রশ্ন উঠছে।
চালকের উপর কেন ক্ষুব্ধ হলেন অনন্ত সিং?
ভিডিওতে অনন্ত সিংকে চালকের উপর ক্ষোভ প্রকাশ করতে দেখা গেলেও, ঠিক কী কারণে তিনি রেগে গিয়েছিলেন, তা স্পষ্ট নয়। তিনি চালককে কী নির্দেশ দিয়েছিলেন এবং চালকের কী ভুল হয়েছিল, সে সম্পর্কেও কোনও তথ্য সামনে আসেনি। ফলে শুধু ভিডিওর ভিত্তিতে তাঁর ক্ষোভের কারণ বলা সম্ভব নয়।
गाड़ी चलाते वक्त अनंत सिंह ने ड्राइवर को मारी लात, आखिर ड्राइवर से ऐसी क्या गलती हो गई? देखिए वीडियो। https://t.co/uvJb6tQWBg
— Sadan Singh (@SadanJee) November 27, 2026
বিশ্বজুড়ে চর্চায় উঠে এসেছে এই বিয়ে:
অনন্ত সিংয়ের পৈতৃক গ্রাম নাদওয়ায় আয়োজিত রাজকীয় বিয়ে নিয়ে বিবিসি এবং দ্য গার্ডিয়ান-সহ একাধিক বিদেশি সংবাদমাধ্যমেও আলোচনা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং সোশাল মিডিয়ায় এই জমকালো আয়োজন নিয়ে বিস্তর চর্চা হয়েছে। অন্যদিকে, বিহারের দারিদ্র্য এবং ধনী-দরিদ্রের মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য নিয়েও বিতর্ক শুরু হয়েছে।

