মুম্বই: অধিনায়ক হিসাবে তাঁর দখলে রয়েছে পাঁচ পাঁচটি আইপিএল ট্রফি। তিনিই আইপিএলের সফলতম অধিনায়ক। তবে বেশ খানিকটা বিতর্কিতভাবে রোহিত শর্মাকে (Rohit Sharma) অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক করা হয়েছিল হার্দিক পাণ্ড্যকে। তার পরের তিন মরশুমে কাঙ্খিত সাফল্য আসেনি। হার্দিকও ট্রেডের মাধ্যমে দল বদলেছেন। তারপর থেকেই জল্পনা শোনা যাচ্ছিল ‘হিটম্যান’ পুনরায় অধিনায়ক নির্বাচিত হতে পারেন। সেই জল্পনায় সিলমোহর পড়ল। 

শুক্রবার, ২৭ নভেম্বর মুম্বই ইন্ডিয়ান্সের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল, পাঁচ বারের খেতাবজয়ী অধিনায়ক রোহিত শর্মাকেই তারা পুনরায় দলের নেতৃত্বের দায়ভার তুলে দিচ্ছেন। আইপিএল ২০২৭-এ ফের একবার রোহিত মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করবেন।   

আগামী মরশুমে আইপিএলের ২০তম মরশুম। সেই মরশুমে রোহিতকে পুনরায় অধিনায়ক করতে পেরে খুশি মুম্বই ইন্ডিয়ান্সের মালিকপক্ষ। পল্টনদের অন্যতম কর্ণধার নীতা আম্বানি এক বিজ্ঞপ্তিতে জানান, ‘মুম্বই ইন্ডিয়ান্সের ২০তম মরশুম উদযাপন করতে চলেছি আমরা এবং এই মরশুমে রোহিতকে পুনরায় দলের অধিনায়কত্ব করতে দেখাটা এক বিশেষ অনুভূতির। বছরের পর বছর ও আমাদের প্রচুর স্মরণীয় দিন উপহার দিয়েছে এবং ও পল্টনদের জন্য কী, সেটা আমরা সকলেই জানি। আমি আশা করছি এই নতুন অধ্যায়েও ও অনেক গৌরবময় অধ্যায় লিখবে এবং আমাদের ও মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের অনেক বিশেষ মুহূর্ত উপহার দেবে। রোহিত আমরা সকলেই তোমার হয়ে গলা ফাটাব।’

আরও পড়ুন:- গত বার বাদ পড়ায় অভিমান! আইপিএলের নিলামে নামই লেখালেন না মুস্তাফিজুর রহমান 

রোহিত নিজেও মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেওয়াটা গৌরবের বলেই মনে করেন। আসন্ন মরশুমের জন্য নীতা আম্বানি এবং আকাশ আম্বানির সঙ্গে তাঁর ইতিবাচক কথাবার্তাও হয়েছে বলে জানান ‘হিটম্যান’। তাঁর মতে, ‘মুম্বই ইন্ডিয়ান্স আমার জীবনের একটা অত্যন্ত বড় অঙ্গ এবং এই দলকে নেতৃত্ব দেওয়াটা আমার কাছে সবসময়ই গৌরবের। আসন্ন মরশুমের আগে নীতা বৌদি এবং আকাশের সঙ্গে বেশ ভাল আলোচনা হয়েছে এবং আমরা ভাল পারফর্ম করব বলে আমি আশাবাদী।’

নিজস্ব ঘরানার ক্রিকেট খেলে দলকে সাফল্য এনে দিতে এবং আগত সমস্ত চ্যালেঞ্জের জন্য তিনি যে প্রস্তুত, সে কথাও স্পষ্ট করে দেন রোহিত। ‘বিশতম মরশুম এবং তার সঙ্গে আসা চ্যালেঞ্জের জন্য ও পল্টনদের উদযাপন করার জন্য বহু মুহূর্ত উপহার দিতে আমি প্রস্তুত। আমাদের নিজস্বতা বজায় রেখে একসঙ্গে  প্রতিদ্বন্দ্বিতা করা এবং পাশাপাশি খেলাটা উপভোগ করার দিকেই আমাদের নজর থাকবে’, জানান রোহিত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *